শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

সাহিত্য

নোবেল জয়ী কারসনের কয়েকটি গদ্য কবিতা

অ্যানা কারসন ১৬ অক্টোবর , ২০২৬, ১৫:২০:৫০

312
  • নোবেল জয়ী কারসনের কয়েকটি গদ্য কবিতা

এবার সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদি সাহিত্যের প্রখ্যাত পণ্ডিত অ্যান কারসন। অ্যান কারসন একাধারে ধ্রুপদি সাহিত্যের অধ্যাপক এবং প্রাচীন ভাষা, সাহিত্য, নৃবিজ্ঞান ও ইতিহাসের পণ্ডিত।

সুইডিশ একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে সমকালীন সাহিত্যের নতুন রূপ তৈরি করা তাঁর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য’।

 

প্রাপ্তবয়স্কের শনিবার রাত

 

আমরা সত্যিই চাই, ওরা আমাদের পছন্দ করুক। চাই, সবকিছু ভালোয় ভালোয় মিটে যাক। আমরা একটু বেশিই সেজেগুঁজে থাকি। ওরা সরু গড়নের মানুষ (শিল্পী ঘরানার), নির্লিপ্ত, পরনে লিনেনের পোশাক। গ্রীষ্মের শুরুর দিক, প্রথম তপ্ত সপ্তাহান্ত। রাস্তায় আমাদের দেখা হয়, চুমুতে মিশে যাই আর আমরা কি দেরি করে ফেলেছি? ওরা দেরি করেছিল, আমরা প্রায় চলেই যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, যাকগে। রাস্তার ওপাশের ওই জায়গাটা, মনে হয় একবার আমরা ওখানে গিয়েছিলাম, দেখতে বন্ধই মনে হচ্ছে, লেখা আছে খোলা, বেশ। লোকজন বেরিয়ে আসছে। বেশ। ভেতরটা অন্ধকার, শীতল, ওক কাঠের সাজসজ্জায় ভরা। দেখা গেল, ওরা মালিককে চেনে। মালিক হাসিমুখে এগিয়ে আসেন,আমাদের সাদরে ভেতরে নিয়ে যান, আমরা বসি। আর সঙ্গে সঙ্গেই বুঝতে পারি, দুটো ব্যাপার, প্রথমত, আওয়াজটা অসহ্য, দ্বিতীয়ত, আমরা কেউই অপরজনকে এতটা ভালো চিনি না যে বলে ফেলতে পারি, বাদ দাও, চলে যাই। আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। আঙুল দিয়ে দেখিয়ে খাবার অর্ডার করি এবং টেবিলের দুই পাশে বসে আমরা দুজন দুটো চিৎকাররত দলে পরিণত হই। ওদের দুজনকেই ক্লান্ত দেখায়, আমার ধারণা, সারাদিন শিল্পচর্চা, তারপর নতুন শিশুর দেখভালের জন্যই। আমরা এমন মন দিয়ে খেতে থাকি, যেন খাওয়াটাই কথোপকথন। আমরা বারবার একে অপরের দিকে পাউরুটি এগিয়ে দিই। আমার মাছটা কাঁটা ছাড়ানো অবস্থায় আসে, আমি কেঁদে ফেলি। অ্যালার্জি হয়েছে বলে ভান করি। শেষে কেউ একজন বিল মেটায়। আমরা পালিয়ে রাস্তায় বেরিয়ে আসি। কোনো কারণে বাইরে বেরিয়ে তুষারপাত দেখব বলে আশা করছিলাম। কিন্তু কোথাও তুষার নেই। আমরা সিদ্ধান্ত নিই আইসক্রিম খেতে আর যাব না এবং হঠাৎ করেই আলাদা হয়ে যাই, আরও একটু ভাঙাচোরা হয়ে।

 

প্রাপ্তবয়স্কের শনিবার রাত, তাহলে, ব্যাপারটা এই-ই। আমরা ভেবেছিলাম, আমরা হব নিক আর নোরা, তাদের সেই ঝাপসা, ভারী ওভারকোট পরা বন্ধুদের মতো নয়। আমরা আমাদের আত্মার গভীরে আমাদের কান ঢেকে রাখি। কিন্তু এভাবে তো এসব থামিয়ে রাখা যায় না।

 

সমগ্রতা সম্পর্কে কী বলা যায়

 

সমগ্রতা সম্পর্কে কী বলা যায়? সমগ্রতাকে ক্ষুদ্রতর হতে হবে। এতটাই ক্ষুদ্র, যাতে সে সম্পর্কে কিছু বলা যায়। মানুষ? তুমি যে লোকটিকে বৃদ্ধাঙ্গুলে ঝুলিয়ে রেখেছ, তার বুকের ভেতরেই যদি আগে থেকে ব্যথানারসের এক ক্ষুরমারি ঘুরে বেড়ায়, তাহলে? তুমি কি সেটাকে তার নিজের দোষ বলে গণ্য করো? সত্যিই কি এটিকে নিকৃষ্টতর করে তোলার দরকার আছে তোমার? তুমি কি নিজেকে একটা প্রস্রবণ বলে ভাবো? অবশ্যই, এগুলো স্বতন্ত্র প্রশ্ন। মৃত স্যামন মাছ ও তাম্রখনির বর্জ্যের মতো আলাদা। তাহলে এ পৃথক্‌করণ, অবেদন—এসব আমাদের একটু তলিয়ে দেখা উচিত। মানুষ। তুমি কি নিয়ন্ত্রণ করতে পারো? ভুলভাল প্রশ্ন। সময়ের বাস্তবতা না হারিয়েই তুমি কি সবকিছুকে জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করতে পারো—সেই সময়কে, যা হাস্যাশ্রুর অবিরাম ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে? কোথা থেকে শুরু করবে? মাঝখান থেকে শুরু করো (কেন, সেটাও ভাবো), যাতে শেষ পর্যন্ত আবার সেখানেই গিয়ে থাকতে না হয়—যেখানে, উদাহরণস্বরূপ, এত বছরের পরিশ্রমের পর নির্যাতন বিষয়ক প্রতিবেদনটি গিয়ে ঠেকেছিল। তুমি কী চাও তা জানতে হবে; কী ভাবো তা জানতে হবে; কোথায় যেতে হবে তা জানতে হবে। আসলে নিউ ইয়র্ক শহর। আমরা এখানে এসে গেছি। পাশ দিয়ে ট্রাকগুলো ধাক্কা খেতে খেতে ছুটে যায়। বৃষ্টির মধ্যে ট্রাকের শব্দ আরও জোরালো, নাকি ওটা ছিল দেবতাদের দড়াম করে বন্ধ করা আরেক সারি দরজার শব্দ? দেবতারা ভিজে একাকার; নিজেদের সিংহাসনে বসে তাঁরা পায়ের আঙুলগুলো গুটিয়ে তুলেছেন, যেন তারা জানেনই না কেন এসব ঘটছে। আহা, বেচারা বুড়ো ফুলবাবুরা।

 

সামান্য কোলাহলেরা

 

রবিবার সন্ধ্যা, ধূসরের ওপর ধূসর। সারাটা দিন ঝড় ওঠেনি ঠিক। মেঘেরা ঘনীভূত হলো, গোমড়া মুখে থাকল ও থুতু ফেলল। আমরা সাঁতার স্থগিত রাখলাম। চেয়ারগুলো তুলে রাখলাম। অবশেষে (প্রায় সাতটার দিকে) আকাশের অনেক ওপর থেকে ভেসে এলো গুরুগুরু গর্জন। এক ঝাপটা হাওয়া গাছগুলোকে ঝাঁকিয়ে গেল, প্রতিটি গাছকে একবার করে দুলিয়ে, নিচের দিকে নামিয়ে দিল শীতল বাতাসের ছোটো ধারা এবং এ হাওয়া, হাওয়ার বুকেই ভেঙে টুকরো টুকরো হয়ে, টুকরোগুলো দুলতে দুলতে, নেমে আসতে আসতে, উঠোনের এদিক-ওদিক ধাক্কা খেতে খেতে কিছুক্ষণ ঘুরে বেড়াল। তখনও ঠিক বৃষ্টি নয়—যতক্ষণ না হঠাৎ একটি মাত্র ঝংকার ছাদের ওপর দিয়ে, বারান্দার ওপর দিয়ে, ভিজিয়ে দিয়ে ছুটে গেল, তারপর থেমে গেল। আমরা শ্বাস নিলাম। হয়তো এ পর্যন্তই। হয়তো সব শেষ, আজকাল আবহাওয়ার পূর্বাভাসদাতা প্রায়ই ভুল বলেন। আমরা এখনও সাঁতার কাটতে যেতে পারি (এক ঝলক রোদ কি দেখা গেল?)। ঠিক তখনই হঠাৎ জলকপাট খুলে গেল, জমাট বাঁধা একটা গিঁট ছিঁড়ে গেল, আর আকাশটা দুমড়ে-মুচড়ে চুরমার হয়ে পড়ল; আর তা পড়তেই থাকল, এখনও পড়ছে, যখন অন্ধকার নেমে আসছে এবং কিংবদন্তির সেই রাত্রি তার কেশর সামলাতে ব্যস্ত এবং পাখিদের সামান্য কোলাহল থেকে আমি শুনতে পাচ্ছি, পাখিরা পবিত্র উন্মাদের মতো ওপর-নিচে জ্বলে পুড়ছে এর ভেতরে কোথাও, দূরে গভীর অন্তঃস্থলে, যেখানে তারা শিকারটিকে ধরে রাখে—প্রলিপ্ত, দুর্গন্ধময়; তাই এ আড়ম্বরপূর্ণ আয়োজন, তাই এ

 কর্কশ চিৎকার, বারবার বোলো না যে তুমিও তা শুনতে পাচ্ছ না।

 

কবিতাগুলো অনুবাদ করেছেন গৌরাঙ্গ মোহান্ত। কবিতা ও প্রবন্ধ লেখেন। তিনি রবার্ট ফ্রস্টের কবিতা নিয়ে গবেষণা করেছেন। বর্তমানে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ান।"

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers