রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ , ২৭ জুমাদিউল আউয়াল ১৪৪৮

সাহিত্য

মুসা ভাই জন্মদিনে গান-স্যালুট

শোয়েব নাঈম ২৭ সেপ্টেম্বর , ২০২৬, ১৬:৩৪:০২

662
  • ছবি : সংগৃহীত

কবি আবু মুসা চৌধুরী হচ্ছেন নাগরিক আড্ডার চন্দ্রালোকে ভিজে ওঠা নাভিকেন্দ্র, আড্ডার অস্তিত্বের এক অনিবার্য চিহ্ন। কবিরাই আনতে পারে একঘেয়ে জীবনের ভেতর উদ্দাম ও অনিয়ন্ত্রিত পরিবর্তনের যাবতীয় উন্মাদনা। প্রসারিত বেদনাবোধ, আবেগ বিস্তৃত মনোভূমি, বহিমিয়ান ভাষ্যে জীবনবৃত্তান্ত, যা-ইচ্ছে-তাই-করা, সৃষ্টির ভেতর ক্রমশ একা.... এগুলিই হচ্ছে কবিজীবনে উন্মাদনার সরণিফলক। কিন্তু যেখানে প্ররোচিত হওয়ার ইচ্ছা নাই, পানপাত্রে শরাব নাই, কবিতার কোনো স্রোতস্বিনী নাই— সেখানে কবি আবু মুসা চৌধুরী নাই। কবি আবু মুসা চৌধুরীর কাছে সৃষ্টির বেদনা হলো তাঁর শরীরের পিয়নের মতো, চিঠির আদান প্রদান ঠিকমত না হলে, বুকে ব্যথা হয়, মাথার শিরাগুলো দপদপ করে। তখন নাজুক স্বভাবকে তরল করার জন্য শরাব পান করতে হয়। এভাবে তাঁর শরীরের ভাষা ঠিক হলে, তারপর কবিতার ভাষা শুরু হয়। কবিতা তাঁর কাছে প্রেমিকার মতো, কবিতাকে আদর করতে, ঠিকঠাক যত্ন নিতে আরও বেশি বহিমিয়ান হতে হয়। কবিতার প্রযত্নে আরও আহ্লাদি হয়ে সৃজন স্পন্দনে তিনি মিলিত হোন চট্টগ্রাম নগরের বিভিন্ন সাহিত্য আড্ডায়। শিল্প-সাহিত্যের উন্মত্ত সমর্থনে, আলোচনার তীব্রতায়, উচ্ছ্বাসের শিখায় চট্টগ্রাম নগরের বিভিন্ন সাহিত্য আড্ডা, কবি আবু মুসা চৌধুরীর কাছে এক ধরনের Renaissance বা পুনর্জাগরণ কেন্দ্র। এসব আড্ডায় কবি আবু মুসা চৌধুরী হচ্ছেন এক সজীব মূর্তিমান উপস্থিতি, আড্ডার জীবন্ত প্রতিনিধি। তাঁকে কতবার যে দেখা গেছে আড্ডার আশপাশের দোকান থেকে সিগারেট ধরাতে, কিংবা আকস্মিক অস্থিরতায় আড্ডা ছেড়ে অন্যদিকে চলে যেতে! আবার কখনো কবিতার ভাঁজপত্রে নিজের কবিতা ছাপিয়ে হাতে নিয়ে তিনি পরিচিতদের কাছে হাজির হন।

বাস্তবতাকে সচেতনভাবে এড়িয়ে চলা 'সৌখিন দুঃখী' রাজপুত্র আবু মুসা চৌধুরী হচ্ছেন এই নগরে কবিতাবিভোর এক পদাতিক। তাঁর সমকালীন কবি এবং সাহিত্যকদের মধ্যে যে বহেমিয়ান জীবনধারা ছিল, সেই বোহেমিয়ানকে মহিমান্বিত করার ক্ষেত্রে, হয়তো কোনো এক দৈবনির্দেশে কবি আবু মুসা চৌধুরী এখনও 'ফার্স্ট বয়'। যাঁর কবিতার ওপর দিয়ে হয়তো অন্য এক মেদুরতার মনঃসামাজিক রোগ ঘুরে বেড়ায়। কবি ও কাব্যবিশ্বাসের কবি আবু মুসা চৌধুরি এখনও রূপকথার মতন নিজস্ব ধারায় জীবনকে নেতৃত্ব দেওয়া একজন বোহেমিয়ান 'অ্যাকটিভিস্ট'। তাঁকে সামনে দেখলে অনেকেই বহেমিয়ান তত্ত্বে বিশ্বাসী হয়ে পড়েন, দেখলে মনে হয় সমাজকে পরিবর্তন করার একদা পরিকল্পনা করেছিলেন, মনে হয় তাঁর জীবনবৃত্তান্তে লেখা আছে— তিনি স্বাধীন থাকার জন্যই ২৭ সেপটেম্বর পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এভাবে নিজেকে আত্মক্ষরণ করে করে তিনি জীবনের মধুপান করেন। তাই হৃদয় থেকে নিজের জীবনকে ভালোবেসে কবিতার মতো উদ্দামে নিজের পরিচয় দিয়েছেন—

"কে দিয়েছে এই থিওরি

দিয়েছে আবু মুসা চৌধুরী।"

কবি আবু মুসা চৌধুরী'র এমন ক্রমাগত পুনরাবৃত্তির যাপিত জীবনের এমন ভঙ্গি থেকেই উঠে আসে নির্ভার অদৃশ্য অনেক কবিতা, সৃজন করছেন অক্ষরে অক্ষরে ঝনঝন শব্দ থেকে বিপ্লব অথবা ভালোবাসা। গত শতকের আশির দশকের প্রথম দিকে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ— 'মুরালি বেজে ওঠো'। মুসা চৌধুরীর কবিতা প্রকাশিত হওয়া মানে ঝড়ের পূর্বাভাস। ঝড় যে হবেই তার মানে নেই— তবে হতেও পারে। এই ঝড় হচ্ছে আরও পাগলা হাওয়া, আরও পাগলের মতো কবিতা সৃজন করা। মানুষের নিকটতম প্রতিবেশী হওয়ার জন্য তিনি শুধুই কবিতা রটান। দৈনিক পত্রিকার সাহিত্যপাতায় নিয়মিত তিনি লিখে যাচ্ছেন , কিন্তু সেই নিয়মিত লেখাগুলো কোথাও জনপ্রিয়তার 'ইডিয়ম'গুলোর সাথে সমঝোতা করে নয়। মাইক্রোফোনের সামনে স্বকন্ঠে যেসব স্বরচিত পাঠ করেন, তাঁর সেসব কবিতাগুলি মানুষের ভাঙাচোরা জীবনকে নিঃসীম ভালোবাসায় জড়িয়ে ধরতে শেখায়। নিঃসীম উপেক্ষার বিরুদ্ধে আজীবন 'কবিতার ভাঁজপত্র' প্রকাশ করে যাওয়া, তাঁকে যেন করে তুলেছে লড়াকু এক কমরেড। কবিতার জীবাশ্ম বয়ে চলেছে তাঁর রক্তস্রোতে, সাহিত্যের প্রতি প্রবল আসক্তিতে তিনি শুধু খুঁজেন অনাদায়ি কিছু সরলতা—  যে সরলতায় তিনি বুকে তুলে রাখেন মানুষের ভালোবাসা আর কবিতাবীজ।

আজন্ম লেখালেখির প্রতি অলৌকিক ক্ষুধার্ত এক প্রেমিকের মতো কবি আবু মুসা চৌধুরীর যে ভ্রাম্যমাণ জীবন ছিল—আড্ডা থেকে আড্ডায়, কবিতা থেকে কবিতায়, উন্মাদনা থেকে সৃষ্টির গভীরতর উন্মাদনায়। ২০২৩-এর পর থেকে এরই যেন আকস্মিক অবসান ঘটেছে। চট্টগ্রাম নগরের সাহিত্য আড্ডার চেনা কোলাহল, অনিয়ন্ত্রিত পদচারণা, কবিতার ভাঁজপত্র আর আকস্মিক অন্তর্ধানের সেই চিরপরিচিত দৃশ্যপট থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। এখন তিনি গৃহবাসী, যেন নিজেরই নির্মিত কোনো নিভৃত উপাখ্যানের অন্তরালে গুটিয়ে আছেন। এখন মনে হয়, কবি তাঁর দীর্ঘ বহির্মুখী জীবনের সমস্ত আলো, অন্ধকার, উন্মাদনা ও আত্মক্ষরণকে নিজের ভেতরে টেনে নিয়ে এক গভীর নৈঃশব্দ্যের দিকে যাত্রা করেছেন। কালের নিয়মে নানা যুগে এমন কিছু কবি আসেন, যাঁরা রেখে যান, তাঁদের দায় থাকে ঐ অস্তমিত সূর্যের যাবতীয় ঔজ্জ্বল্য আত্মস্থ করার, সংরক্ষণ করার, সম্প্রসারণ করার। অনাগত কালই বিচার করবেন কবি মুসা চৌধুরীর, তাঁর অনায়াস সাহসে কতটা বিস্তৃত করতে পেরেছে তাঁর সৃজনের ঔজ্জ্বল্য এবং এর গুরুত্ব সংরক্ষিত করার। আজ কবি আবু মুসা চৌধুরীর জন্মদিনে এভাবে মূল্যায়ন অনেকের গায়ে ছ্যাঁকা লাগাবে। চট্টগ্রামের এলিটরাও এখনো নির্ধারণ করতে পারেননি, কবি মুসা চৌধুরীকে ভাল বলবেন নাকি খারাপ বলবেন। কোনো ম্যানুয়াল তো তৈরি করা সম্ভব নয় তাঁকে নিয়ে! কী করে ডানা মেলে উড়ে আবার বসে পড়ল, তা এখন উপলব্ধি করতে পারি। এলিটদের একজোট অবস্থানের কারণে কবি আবু মুসা চৌধুরীর বোহেমিয়ান জীবন হয়তো পরাস্ত হয়েছে। আজ পর্যন্ত এলিটদের প্রতিষ্ঠান থেকে নাম ঘোষিত হয়নি তাঁকে পরিষ্কৃত করার জন্য। পুরা চট্টগ্রাম ভুলে গেল— কবি মুসা চৌধুরীকে পুরস্কৃত করার জন্য!! সময়ের বিপন্ন প্রাণে কবি মুসা চৌধুরী এখন 'একা'। কিন্তু আজ কবি আবু মুসা চৌধুরীর যে জন্মদিন, এর অনুভূতিটা কাব্যের মতই, আর তাঁর বোহেমিয়ান জীবনটা ছিল শিল্পীর অন্তর্গত। আবু মুসা চৌধুরী যেন শিল্প-সাহিত্যের সেই 'দেবদাস', যিনি তাঁর সকল চেতনাকে প্রায়শ্চিত্ত করেছিলেন কোনো এক না-পাওয়ার বেদনা দিয়ে।

"মুসা ভাই, যে জীবন আপনি কবিতার মতো উদ্দাম করে বয়ে নিয়ে গেছেন, জন্মদিনে সেই জীবনকে জানাই আমার সর্বোচ্চ গান-স্যালুট।"

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers