রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

সাহিত্য

চরু হকের ৩টি কবিতা

চরু হক ২৫ সেপ্টেম্বর , ২০২৬, ১৭:০১:১৯

481
  • চরু হকের ৩টি কবিতা

যাত্রা

আকাশ থেকে দেবতারা ফুল ছিটোচ্ছে

সেগুলো মাটিতে পড়েই হয়ে যাচ্ছে কাগজের নৌকো নৌকোগুলো পৃথিবীর জলের বুকের উপর দিয়ে দুলে দুলে চলে যায়

নানাঘাটে ঘুরে ঘুরে তারা হাসি কান্না দুঃখ দুর্দশা আর অভিমান ফেরি করে

দিনশেষে সন্ধ্যাবেলায় সেগুলো আবার হয়ে যাচ্ছে  কাগজের পাখি

পাখিগুলো নীরবতা বিদীর্ণ করে রাস্তা করে নেয়

উড়াল দেবার।

 

নীল পাহাড় সবুজ বন

নীল পাহাড় সবুজ বন

কে তুমি যাও এ পথ বেয়ে

সঙ্গী করে  সবুজ মন

নীল পাহাড় সবুজ বন?

রাঙা পথে রাঙা ধুলো

বাজছে নূপুর অনুক্ষণ

নীল পাহাড় সবুজ বন।

মেঘের ছায়া কাজলমায়া

কবরীতে কোরকদল

নীল পাহাড় সবুজ বন।

হঠাৎ এসে ভীষণ বেশে

ঝরলো আগুন পুড়লো বন

পুড়লো গোয়াল পুড়লো বাড়ি

পুড়লো মেদির শখের হাড়ি

আসলো নেমে দু:শাসন ।

মুঠোয় নাচায় ঐ করণ

নীল পাহাড় সবুজ বন?

 

পাখির ডাক  করুণ হাঁক

নম্র ধীর যুধিষ্ঠির

হায় একি ধরলে পণ

দু:শাসন দুঃশাসন?

নীল পাহাড় সবুজ বন

কোথায় সে কেবল ছাই

এত মানুষ তবু ফাঁকা

হৃদয় ভারী অনুক্ষণ।

খসলো জামা উমেচিং

বুটের নীচে উমেচিং

হরিণ মাংসে ভোজ হবে আজ,

উমের সাদা ফ্রক রঙিন।

 

নীল পাহাড় সবুজ বন

নীল পাহাড় সবুজ বন 

লুকাও মুখ লুকাও মন

খসে যাচ্ছে  মিষ্টি বেণী

পুড়ে যাচ্ছে যাজ্ঞসেনী

 বিকর্ণ আজ সে কোন জন?

পুড়ুক নদী পুড়ুক বন

সবুজ পাহাড় পুড়ছে পুড়ুক

সভ্য সমাজ নিদমগন।

 

রোদ ও উড়ালপাখির গল্প

এখানে কোন গোলাপবাগান  নেই

আছে কেবল কিছু পোকামাকড় আর আমগাছের ছায়া

আমবাগানে শুয়ে ঘুমিয়ে পড়েছি

আর ভাবছি তোমাকে।

এসো, আজ উড়বো তোমার সঙ্গে

দুটি দেবশিশুর মত আজ ডানা মেলবো আকাশে

আর উড়তে উড়তে এক সময় চুম্বনরত দুটি আত্মা নেমে আসবে পাটগাছের ছায়ায়,মেঠোপথের গভীর নির্জনতায়।

 

এখানে এয়ারকন্ডিশন নেই

প্রখর রোদে কেবল তোমার হাতের স্পর্শ এখানে মিষ্টি সুবাতাস ছড়ায়।

আমি

দূর থেকে ভেসে আসা বাতাসের শব্দে কান পেতে

খুঁজবো আমার গতজন্মের মুখ।

নেমে এসো এই আম্রছায়ায়,,দুটি  সাদা লেবুফুল  আর লেবুগন্ধী  বিকেল তোমার জন্য অপেক্ষা করছে

মা আমার কুলায় করে ধান ওড়াচ্ছে

তোমার জন্য বানানো হবে সাসনি আর নানান রঙের  পিঠা

গীতের করুন সুরে রাত কেঁপে কেঁপে ওঠে।

 

আমাদের ডানাগুলো উচ্চে আরও উচ্চে ভেসে গিয়ে

স্পর্শ করলো নভোমন্ডল।

চন্দ্রকন্যা নিয়েকিয়া মায়ের কোলে মুখ লুকালে

আমরা তাকে অনুসরণ করবো

আর তুমি তোমার কন্ঠটা যথাসম্ভব বাজখাঁই করে

তিরস্কার করবে  সূর্যপুত্রকে।

 

আজ

সুউচ্চ থেকে চেয়ে দেখছো কি তোমার চেনা পৃথিবী?

পাটক্ষেতে ফড়িং আর প্রজাপতি উড়ছে

মাঠের উপর ছড়িয়ে আছে কিছু ধানের গুচ্ছ এবং

দূর থেকে ভেসে আসছে মাছবিক্রেতাদের হাঁকাহাঁকির শব্দ।

কখন আসবে তুমি?

আমবাগানের শীতলপাটির গায়ে বিন্দু বিন্দু কুয়াশাগুলো যেনো কিছু ফুল।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers