শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

সাহিত্য

‘শক্তি’ বাড়ি গেছে ঘুমোতে

মাঈনুদ্দীন দুলাল ২৬ নভেম্বর , ২০২৫, ১৭:৫৮:২৮

482
  • ‘শক্তি’ বাড়ি গেছে ঘুমোতে

"জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার শ্রেষ্ঠতম কবি শক্তি চট্টোপাধ্যায়। গত ২৫ নভেম্বর ছিল তার জন্মদিন। কবির জন্যে অতল শ্রদ্ধা ও ভালোবাসা।"

নব্বইয়ের দশকে তখন দেশে আবৃত্তির ভরা জোয়ার। বাজারে গোলাম মোস্তফা, কাজী আরিফ, প্রজ্ঞা লাবনী, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিমুল মোস্তফাদের ক্যাসেটে সয়লাব। কোলকাতার পার্থ ঘোষ-গৌরী দম্পতি, সৌমিত্র চট্টোপাধ্যায়, শম্ভু মিত্র এদের ক্যাসেট আমাদের ঘরে ঘরে।

দেশের শীর্ষ প্রকাশনা সংস্থা ' জি সিরিজ ' একের পর আবৃত্তি শিল্পীদের ক্যাসেট বাজারে আনছে। একক বা মিশ্র দুই ফর্মে।

সেই সময় মঞ্চে নিয়মিত আবৃত্তি করছি। আমাদের পরিবেশনায় অন্যান্য কবির পাশাপাশি শক্তির কবিতা " অবনী বাড়ি আছ?, 'আনন্দ ভেরবী', 'যেতে পারি কেন যাব?' থাকবেই। কি একক কি বৃন্দে। ঐ সময় আমাদের আগ্রহ তৈরী হতে শুরু করে শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে। গিলতে শুরু করি শক্তি। খুব গভীরে যেতে সময় লাগছে। তবে বুঁদ হয়ে যাই। বাংলা কবিতার আলোচকরা স্বীকৃতি দেন জীবনানন্দ উত্তর বাংলা কবিতার সবচেয়ে শক্তিশালী কবি শক্তি।

১৯৬১ সালের নভেম্বরে ইশতাহার প্রকাশের মাধ্যমে যে চারজন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হয় তাদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় অন্যতম । অন্য তিনজন হলেন সমীর রায়চৌধুরী, দেবী রায় এবং মলয় রায়চৌধুরী। শেষ তিনজনের সঙ্গে  তিনি হাংরি আন্দোলন ছেড়ে কৃত্তিবাস গোষ্ঠীতে যোগ দেন । তিনি প্রায় ৫০টি হাংরি বুলেটিন প্রকাশ করেছিলেন। কৃত্তিবাসের কবি সুনীল গঙ্গোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের নাম সাহিত্যিক মহলে এক সাথে  উচ্চারিত হতো।

তার বিখ্যাত কবিতা 'অবনী বাড়ি আছ? ' এক বাল্য বন্ধুকে উদ্দেশ্য করেই। বন্ধুর বাড়িতে যখন তখন প্রবেশাধিকার ছিল শক্তির। ভর দুপুরে বা মধ্য রাতে উঞ্চ জল উদরে নিয়ে টলতে টলতে অবনী'র বাড়ি যেতেন শক্তি। বাড়িতে শক্তির জন্যে আলাদা কক্ষ বরাদ্দ। কাগজ কলম তৈরি। যখন ইচ্ছে হয় ঝাঁপিয়ে পড়তেন কবিতার সরোবরে। ঐ বাড়িরই ছেলে বিখ্যাত অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য তার এক কথোপকথনে বলেছেন, শক্তি তাকে একদিন জিজ্ঞেস করলেন কার কবিতা ভালো লাগে? সুনীলের না শক্তির। অম্বরীশ জবাব দিলেন, সুনীল তার পছন্দের।  শক্তি তাকে বল্লেন, বড় হলে বুঝবি কে শক্তিশালী।  আমাকেই তোর ভালো লাগবে। অম্বরীশ ভট্টাচার্য ঐ কথোপকথনে বলেছেন, বড় হয়ে বুঝলেন,শক্তি কতটা শক্তিশালী।

শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় ছাপ পাওয়া যায় তাঁর স্বেচ্ছাচারী  ও স্বাধীনচেতা জীবনযাপনের। বোহেমিয়ান জীবন ছিল তার যাপন। তবে কবিতাকে আঁকড়ে ছিলেন। তেমনি কবিতাও তাকে ভালোবেসে লেপ্টে ছিল। নিজস্বতা ও স্বাধীন-স্বেচ্ছাচারিতা  বাংলা কবিতার নিজস্ব ধারায় তাকে পরিচিতি দিয়েছে। তিনি ছোট কাগজ কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং হাংরি আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। এর ফলে তাঁর কবিতায় গতানুগতিক ধারা ও প্রথাগত ভাবনার বাইরে গিয়ে নতুনত্বের সন্ধান পাওয়া যায়।

দ্বৈত সত্তার পীড়নে যে সংঘাত তা বারবার আসে তার কবিতায়। স্থান কালের অবস্থান জীবন ও মৃত্যুর  দ্বন্দ্ব এসেছে ঘুরেফিরে।

 তাঁর অনেক লেখায় গভীর আবেগ ও অনুভূতির প্রকাশ ঘটেছে, যা পাঠককে ব্যক্তি ও বিশ্বকে নতুনভাবে অনুভব করতে উদ্বুদ্ধ করে। তবে শেষ পর্যন্ত যা কিছু ভাবনা তা মানুষের জন্যে। মানুষের বাহ্যিক,অন্তর্গত বেদনা শক্তিকে তাড়িয়ে বেড়িয়েছে। তিনি মানুষের শুশ্রূষা হতে চেয়ছেন। মানুষের কাছে শুশ্রূষা চেয়ছেন। তাই বেদাশ্রিত জলদ গম্ভীর উচ্চারণ করেন,

"মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।

মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।"

শক্তি চট্টোপাধ্যায় ২৫ নভেম্বর ১৯৩৩ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জয়নগরে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা কমলা দেবী এবং বাবা রামনারায়ণ চট্টোপাধ্যায়। চার বছর বয়সে শক্তির বাবা মারা যায় এবং পিতামহ তার দেখাশোনা শুরু করেন। নানান পেশায় ছিলেন। তবে লম্বা সময় কাটিয়েছেন আনন্দ বাজার পত্রিকায়।

তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ

'হে প্রেম হে নৈঃশব্দ্য'

'ধর্মে আছ জিরাফেও আছ'।

'সোনার মাছি খুন করেছি'।

'পাড়ের কাঁথা মাটির বাড়ি'।

'যেতে পারি কিন্তু কেন যাবো'

১৯৯৫ সালের ২৩ মার্চ তিনি মারা যান।

শক্তিকে নিয়ে এ পর্যন্ত যত লেখা পড়ার সুযোগ হয়েছে তার মধ্যে পূর্ণেন্দু পত্রী' র একটি কবিতা ভীষণ দাগ কাটে। প্রিয় বন্ধুর জন্যে, একজন কবির জন্যে, সতীর্থের জন্যে পূর্ণেন্দুর আবেগ, ভালোবাসা, স্মৃতি-চারণ পাহাড়ের গা বেয়ে মৃদু ঝর্ণার মত বেয়ে বেয়ে পড়ে।

"ঝমাঝঝম মাদল হয়ে বাজবি বলে তোকে দিয়েছি চাইবাসার প্রত্যেকটা ফ্লুরোসেন্ট রাত। যথেচ্ছারের সুখে মাতাল হাতির মতো ঘুরবি বলে তুলে দিয়েছি জলদাপাড়ার জঙ্গল। দেদার ঘুমের জন্যে গোটা জলপাইগুড়ি জেলাটাকেই বানিয়ে দিয়েছি তোর মাথার বালিশ। মুখে যাতে মাছি না-বসে, ভুবনেশ্বরের দুপুরগুলো চামর দুলিয়ে গেছে সারাক্ষণ। শুধু তোর জন্যই হাওড়া স্টেশনে জিরোতে দিইনি দূরপাল্লার কোনও ট্রেনকে। স্টিমারে স্টিমারে ভোঁ বাজিয়ে জাহাজ, যুদ্ধজাহাজ, সাবমেরিনদের বলেছি, সরে যাও, শক্তি এখন সাঁতার কাটবে সমুদ্রে। ভূমিকম্পের আগে সতর্কতা জানাতে কলকাতার সমস্ত সাইরেন উপুড় করে দিয়েছি তোর মুঠোয়। ভারতবর্ষের যে-কোনও ডাকবাংলোর কনকনে কালো রাতগুলোকে বলা ছিল, ও কখন আসবে ঠিক নেই, কিন্তু আসবেই, কেয়ারটেকার যেন লণ্ঠনটা জ্বালিয়ে রাখে।

তোকে আমরা কী দিইনি, শক্তি?

মঞ্চে সবার আগে চেয়ার পেতে দিয়েছি তোকে। মাইকে সবার আগে তোর নাম। লিটল ম্যাগাজিনে সবার আগে তোর পদ্য। আড্ডায় সবার আগে তোর গান। যখন পা টলমল, জড়িয়েছি বুকে। যখন চোখ হারিয়েছে ঘরে ফেরার ঠিকানা, পৌঁছে দিয়ে এসেছি সদরঘরের দরজায়। যখন উদ্ধত, বলেছি — শান্ত হ। যখন শান্ত, বলেছি — শোনা তোর শঙ্খস্বর। যখন স্বেচ্ছাচারী, বলেছি — তুই কিন্তু গৃহী। যখন গৃহস্থ, এগিয়ে দিয়েছি ট্যুরিজমের ম্যাপ।

তোকে আমরা কী দিইনি, শক্তি?

তুই নিখোঁজ। আমরা পাহাড়ে-মেঘে-জলস্তম্ভে বাজিয়ে দিয়েছি কাড়া-নাকাড়া। তুই বিপন্ন। আমরা প্রতিপক্ষের দিকে ঘুরিয়ে দিয়েছি কামান-বন্দুকের মুখ। তুই পুরস্কৃত, আমরা ঝনঝনিয়ে উঠেছি রাগে। আমরা স্মৃতি-অ্যালবামে সাজিয়ে রেখেছি তোর একশো রকমের ছবি। আমাদের দৈনন্দিন হাসি-ঠাট্টা ভরাট হয়ে থাকত তোর দুশো রকমের দস্যিপনার গপ্পে। তুই কবিতা পড়বি। আকাশ ঝেঁটিয়ে জড়ো করেছি সমস্ত রঙের মেঘ। তুই নাচবি। সমস্ত আসবাব সরিয়ে বিছিয়ে দিয়েছি মোলায়েম মখমল।

তোকে আমরা কী দিইনি, শক্তি?

বাংলা আকাদেমির প্রাঙ্গণে সেদিন তোর কী বরবেশ! কপালে চন্দনের রাজটীকা। মনে হচ্ছিল, চশমা খুলে উঠে বসার আগে একটু গা-এলানো বিশ্রাম বুঝি। খানিক পরেই পড়বি শান্তিনিকেতনে লেখা নতুন কবিতা। তখনও ভাবছি চুল্লি ভয় পাবে আগুনকে। আগুন পড়ে নেবে শোকযাত্রীদের মুখরেখা। শেষ বিউগল কিছুতেই বাজাতে পারবে না কলকাতার কান্না। তখনও ভাবছি, দৈববাণীর মতো বলে উঠবি — যেতে পারি, কিন্তু কেন যাব?"।

 

 

 

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers