বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

সাহিত্য

আধুনিক কবিতার জনক শার্ল বোদলেয়ার

নিউজজি ডেস্ক ৩১ আগস্ট , ২০২৫, ১৩:২৫:০২

161
  • আধুনিক কবিতার জনক শার্ল বোদলেয়ার

ঢাকা: শার্ল বোদলেয়ার ফরাসি সাহিত্যের অন্যতম কবি ও অনুবাদক। প্রাবন্ধিক ও শিল্প-সমালোচক হিসেবে তার কাজও উল্লেখের দাবি রাখে। ফরাসিতে এডগার অ্যালান পোর অন্যতম প্রথম অনুবাদক ছিলেন তিনি। তার অন্যতম বিখ্যাত কবিতা ক্লেদাক্ত কুসুম (Les Fleurs du mal) অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু।

ফরাসি সাহিত্য অঙ্গনে বোদলেয়ার একটি উজ্জ্বল নাম। ফ্রান্সের সমাজে উনিশ শতকের শুরুর দিকে যেরকম কবিতা লেখা হত শার্ল বোদলেয়ার ওগুলো থেকেই কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন। একজন মানুষের মধ্যে আসা রোমান্টিকতাকে কিভাবে আরো ব্যাপ্তিময় এবং সৌন্দর্যমণ্ডিত করা যায় সেটা শার্ল ভাবতেন। তার কবিতায় শৈল্পিকতা পাওয়া যায়, তিনি প্যারিস নগরীকে তার কবিতায় অনেকবার স্থান দিয়েছেন, ফরাসী কবিতা পাঠকেরা তার কবিতা পড়ে এক অন্য জগতে চলে যেত।

শার্ল বোদলেয়ার (পুরো নাম Charles-Pierre Baudelaire; জন্ম ৯ এপ্রিল, ১৮২১, মৃত্যু ৩১ আগস্ট, ১৮৬৭)। ব্যক্তিগত জীবন ছিল নানা ঘাত প্রতিঘাতে আকীর্ণ। ৬০ বছরে তার পিতা ফ্রাঁসোয়া বোদলেয়ার একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী এবং আনাড়ি চিত্রশিল্পীর ২৫ বছর বয়সী দ্বিতীয় পত্নী ক্যারোলিন তার মা। কবি মাকে খুব ভালোবাসতেন। বিয়ের দু’বছর পর শার্লের জন্ম ও তার বয়স যখন ৬ তখন ফ্রাঁসোয়া মারা যান ১৮২৭ সালে। ঐ বছর ক্যারোলিন জ্যাক অপিক নামের ফরাসি সেনাবাহিনীর এক কর্নেলকে বিয়ে করেন। তার আরেকটি ভাই জন্ম হলে মা তার প্রতি উদাসীন হয়ে পড়েন। বোদলেয়ার একা হয়ে পড়েন যদিও জ্যাক অপিক বোদলেয়ারকে ভালোবাসতেন। তাকে হোস্টেলে থেকে লেখাপড়া করান।

বোদলেয়ারের লেখালেখির হাতেখড়ি লাতিন কবিতা দিয়ে। হোস্টেলেই কিশোর বয়সে কবিতা লেখা শুরু করেন। পরে আইন নিয়ে পড়া শুরু করেন। ১৮৩৯ সালে তিনি পাস করে বের হন। যদিও আইন নয় তার পেশা কবিতা লেখা এটা মনে মনে স্থির করেন। বিষাদ ও বেদনার ভেতর থেকে তুলে আনেন কবিতার ফুল।

নগর জীবনের দক্ষ দ্রষ্টা কবি জীবনের কঠিনতম অভিজ্ঞতার ভেতর দিয়ে কবিতাকে করেছেন বিশ্ব বিস্তৃত ও আধুনিক কবিদের জন্য নতুনতর বৈশিষ্ট্যে উজ্জ্বল ও তিনি রিয়েলিজম অন্যতম রূপকার। তিনি প্যারিস নগরীকে তার কবিতায় অনেকবার স্থান দিয়েছেন, ফরাসি কবিতার পাঠকরা তার কবিতা পড়ে এক অন্য জগতে চলে যেত।

 শার্ল বোদলেয়ার, স্টেপেন মালার্মে এবং পল ভারলেইন এই তিনজন কবি প্রতীকবাদী সাহিত্যের অন্যতম রূপকার। আধুনিক কবিতা বলতে যা বোঝায়, তা কোনও না কোনোভাবে বোদলেয়ারের কবিতার চিত্তনির্যাস ও তার কবিতার অনুরণন, তেমনি পশ্চিমি কবিতার প্রায় প্রতিটি স্তরেই বোদলেয়ারের কবিতার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব দেখতে পাওয়া যায়।

নিজেকে ডুবিয়ে দেন সমাজের ক্লেদ, ঘৃণা ও নষ্টের ভেতর। পতিতালয়ে গমন শুরু করেন। মা ও দ্বিতীয় বাবা তাকে কাজের উদ্দেশ্যে ভারতে প্রেরণ করেন ১৮৪১ সালে। তিনি দুঃখ পান মায়ের বিরহে ও দেশ ছেড়ে। দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত তার জাহাজ দুর্ঘটনায় পড়ে ও তিনি প্যারিসগামী অন্য একটি জাহাজে ফেরত আসেন ফ্রান্সে। পৈতৃক সূত্রে অনেক টাকা পান ও বিলাসী ও বিনাশি জীবনের ভেতর কাটান।

 এ সময় প্রথম গ্রন্থ শিল্পের নন্দনতত্ত্ববিষয়ক Salon de (১৯৪৫-৪৬) প্রকাশিত হয়। তারপর উপন্যাস La Fanfario (১৮৪৭)। পরে লেখেন তার বিখ্যাত কবিতাগ্রন্থ Les Fleurs du mal (১৮৫৭)।

পরবর্তীকালে আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়লে অনুবাদে হাত দেন ও লিখে টাকা আয় করতে চান। ফরাসি সাহিত্যের অন্যতম কবি, অনুবাদক, প্রাবন্ধিক ও শিল্প-সমালোচক হিসেবে তার কাজও উল্লেখের দাবি রাখে। ফরাসিতে এডগার অ্যালান পো’র অন্যতম প্রথম অনুবাদক ছিলেন তিনি। ‘যমজ আত্মা’ নামে দুই খণ্ডে এডগার অ্যালান পো’র গল্প ও প্রবন্ধের অনুবাদ প্রকাশ করেন। এরপর আরও তিন খণ্ড বের হয় ১৮৫৮, ১৮৬৩ ও ৬৫ সালে। এই পাঁচ খণ্ড অনুবাদই বোদলেয়ারের সাহিত্যিক জীবনের একটি বড় প্রাপ্তি বলে মনে করা হয়।

তিনি সমকামী ও পতিতাদের নিয়ে কবিতা লেখেন। প্রেমের প্রতি ঘৃণা ও অবক্ষয়ের কবিতাসহ ঈশ্বর নিন্দা ও স্যাটানিক প্রকৃতির বেশ কিছু কবিতা লেখেন। যার ফলে তার বই ‘ক্লেদাক্ত কুসুম’ বা শয়তানের ফুল Les Fleurs du Mal (১৮৫৭) নিষিদ্ধ হয় আদালতে। তার প্রকাশক দেউলিয়া হয়ে ব্রাসেলসে পাড়ি জমান। ফরাসি বিপ্লবের সে সময়ে তিনিও ব্রাসেলসে চলে যান।

সেখানে পুরোদমে সাহিত্যচর্চা শুরু করেন। দুর্ভাগ্যবশত তখন ব্রেন স্ট্রোক করেন ও পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান। মা তাকে প্যারিসে ফিরিয়ে আনেন। তিনি আর সুস্থ হননি। মায়ের কোলেই মাত্র ৪৬ বছর বয়সে মারা যান।

মৃত্যুর পর তার সব কবিতা বিধি নিষেধের পার ভেঙে ছাপা হয়। জীবিতকালে কবিতার কোনও মূল্যায়ন পাননি। তার সমকালের কবিদের দ্বারাও নিগৃহীত হন। জীবিতকালে নিন্দিত ও মৃত্যুর পরে নন্দিত এ মহান কবি আধুনিক কবিতার প্রধানরূপে চিত্রিত হয়ে আছেন বর্তমান সময় পর্যন্ত।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers