শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দ. কোরিয়া

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর , ২০২৬, ১২:৪৪:৩৮

76
  • ছবি : সংগৃহীত

ঢাকা: হরমুজ প্রণালির আশপাশে নিজেদের নৌবাহিনীর জলদস্যুবিরোধী ইউনিটের কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে ওই অঞ্চলে অতিরিক্ত সামরিক সরঞ্জাম ও জনবল মোতায়েনের পরিকল্পনাও করছে দেশটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেবিএস।

পরিকল্পনা অনুযায়ী, চেওংহে নামের জলদস্যুবিরোধী ইউনিটে নতুন করে আরও ৭৫ জন সদস্য যুক্ত করা হবে। এতে ইউনিটটির মোট জনবল বেড়ে ৩৯৫ জনে দাঁড়াবে। খবর ইয়োনহাপ নিউজ এজেন্সির

গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালিতে সামরিক সদস্য মোতায়েনের সম্ভাবনা পর্যালোচনা করে আসছিল সিউল। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আগেই স্পষ্ট করেছেন, সেখানে যুদ্ধের জন্য সেনা পাঠানো হবে না। এমন কোনো সামরিক পদক্ষেপও নেওয়া হবে না, যাতে দক্ষিণ কোরিয়া অন্য কোনো দেশের সংঘাতে জড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পরিকল্পনা বাস্তবায়নের আগে মন্ত্রিসভার পর্যালোচনা ও প্রেসিডেন্টের অনুমোদন নেওয়া হবে। এরপর এ-সংক্রান্ত প্রস্তাব জাতীয় পরিষদে পাঠানো হবে।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সামরিক অভিযান শুরু করার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালি।

২০০৯ সাল থেকে চেওংহে ইউনিটটি মোতায়েন রয়েছে। প্রতি বছর দেশটির পার্লামেন্টের অনুমোদনের ভিত্তিতে এ ইউনিটের কার্যক্রম পরিচালিত হয়।

কেবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিটটি মূলত সোমালিয়ার উপকূলবর্তী এডেন উপসাগরে জলদস্যু দমনের দায়িত্ব পালন করে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত জরুরি পরিস্থিতির এলাকাগুলোতেও তাদের মোতায়েন করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পিত সংশোধিত প্রস্তাব অনুযায়ী, ইউনিটটির কার্যক্রমের এলাকা ওমানের দুকম বন্দরের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বাড়ানো হবে। হরমুজ প্রণালি থেকে এই বন্দরের দূরত্ব প্রায় ৬৫০ কিলোমিটার বা ৪০৩ দশমিক ৮ মাইল।

কেবিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চেওংহে ইউনিটের সক্ষমতা বাড়াতে অতিরিক্ত সামরিক সরঞ্জাম ও বিশেষজ্ঞ দল মোতায়েনের পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পরিকল্পনার আওতায় পি-৮এ পোসেইডন সামুদ্রিক টহল বিমান, সমুদ্রের মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার জন্য বিভিন্ন ধরনের চালকবিহীন সরঞ্জাম এবং বিস্ফোরক নিষ্ক্রিয়করণে প্রশিক্ষিত একটি বিশেষ দল পাঠানো হবে।

এসব উদ্যোগের মাধ্যমে হরমুজ প্রণালির আশপাশে দক্ষিণ কোরিয়ার জলদস্যুবিরোধী ইউনিটের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা ও অভিযান পরিচালনার সক্ষমতা আরও জোরদার করতে চায় দেশটি।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers