রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

দুই প্রতিদ্বন্দ্বি লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই

নিউজজি ডেস্ক ৪ অক্টোবর , ২০২৬, ১৪:৫৭:০৭

100
  • ছবি : সংগৃহীত

ঢাকা: লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলে আজ রোববার (৪ অক্টোবর) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর মধ্যে।

নির্বাচনের আগে প্রকাশিত কয়েকটি জনমত জরিপে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন লুলা। তবে তার প্রতিদ্বন্দ্বী বলসোনারোও খুব বেশি পিছিয়ে নেই। ফলে প্রথম দফার ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন কেউ, নাকি নির্বাচন গড়াবে দ্বিতীয় দফায়—এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

রাজনৈতিক আদর্শে দুই প্রার্থীর অবস্থান একেবারেই বিপরীত হলেও প্রথম দফায় উভয়েরই জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী আগামী ২৫ অক্টোবরের দ্বিতীয় দফার নির্বাচনে মুখোমুখি হবেন। খবর ইন্ডিয়া টুডে।

এবারের নির্বাচনে প্রায় ১৫ কোটি ৯০ লাখ ব্রাজিলীয় ভোটার ভোট দেবেন। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সিনেটর ফ্লাভিও বলসোনারো ছাড়া নির্বাচনে আরও ১০ জন প্রার্থী থাকলেও তারা তুলনামূলকভাবে অনেক কম ভোট পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একই দিনে ২৭টি প্রদেশের গভর্নর, প্রাদেশিক আইনসভার সদস্য, ফেডারেল কংগ্রেসের ৫১৩ সদস্য এবং দেশটির ৮১টি সিনেট আসনের মধ্যে ৫৪টির সদস্য নির্বাচন করা হবে।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, রোববার ব্রাজিলে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি না পেলে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটে যাবেন। বৈধ ভোটের হিসাব থেকে ফাঁকা ও বাতিল ভোট বাদ দেয়া হবে। দ্বিতীয় দফার ভোট হবে আগামী ২৫ অক্টোবর।

৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। অন্যদিকে ৮০ বছর বয়সী লুলা সপ্তমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি চীনের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক আরও জোরদার করেছেন।

বলসোনারো ট্রাম্পের সঙ্গে তার আদর্শগত ঘনিষ্ঠতাকে গুরুত্ব দিয়ে প্রচারণা চালালেও লুলা যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। ব্রাজিলের নির্বাচনে মার্কিন হস্তক্ষেপের ঝুঁকি নিয়েও তিনি প্রায়ই কথা বলেছেন। ট্রাম্প প্রশাসন ব্রাজিলের পণ্যে উচ্চ শুল্ক আরোপ, ওয়াশিংটনে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল এবং জাইর বলসোনারোকে সাজা দেয়ার তদন্তের নেতৃত্ব দেয়া দেশটির সুপ্রিম কোর্টের এক বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর লুলার এসব সমালোচনা আরও জোরালো হয়েছে।

অন্যদিকে ফ্লাভিও বলসোনারো হোয়াইট হাউসের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, বিরল খনিজ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ব্রাজিলের আরও ভালো চুক্তি প্রয়োজন। ব্রাজিলের হিসাবে, দেশটিতে সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ টন বিরল খনিজের মজুত রয়েছে। মজুতের দিক থেকে চীনের পরই ব্রাজিলের অবস্থান।

এছাড়া নির্বাচিত হলে জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড থেকে মুক্ত করে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন ফ্লাভিও। অভ্যুত্থানের চেষ্টা করার অভিযোগে জাইর বলসোনারোকে এই কারাদণ্ড দেয়া হয়। তবে ফ্লাভিও বলসোনারো মার্কিন সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাওয়ার কথা অস্বীকার করেছেন।

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের আগে শনিবার (৩ অক্টোবর) প্রকাশিত কয়েকটি জনমত জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামান্য ব্যবধানে সিনেটর ফ্লাভিও বলসোনারোর চেয়ে এগিয়ে রয়েছেন বলে দেখা গেছে। তবে দ্বিতীয় দফার ভোট হলে সেখানে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে জরিপগুলোতে ইঙ্গিত পাওয়া গেছে।

এর মধ্যে সিএনটি/এমডিএ জরিপে প্রথম দফায় বৈধ ভোটের হিসাবে লুলা ৪৭ দশমিক ৮ শতাংশ, বলসোনারো ৪২ দশমিক ১ শতাংশ ভোট পেতে পারেন বলে বলা হয়েছে। আর দ্বিতীয় দফায় লুলা ৪৭ দশমিক ৩ শতাংশ এবং বলসোনারো ৪৩ দশমিক ১ শতাংশ ভোট পেতে পারেন। ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৭ জনের ওপর জরিপটি চালানো হয়। এতে ভুলের সম্ভাব্য সীমা ২ দশমিক ২ শতাংশ।

অন্যদিরক ডেটাফোলহা জরিপে প্রথম দফায় লুলা ৪৫ শতাংশ, বলসোনারো ৪২ শতাংশ ভোট পেতে পারেন বলে জানানো হয়েছে। দ্বিতীয় দফায় লুলা ৪৭ শতাংশ এবং বলসোনারো ৪৬ শতাংশ ভোট পেতে পারেন। ২ থেকে ৩ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৬ জনের ওপর জরিপটি চালানো হয়। এতে ভুলের সম্ভাব্য সীমা ২ শতাংশ।

আর কোয়েস্ট জরিপে দেখা গেছে, প্রথম দফায় লুলা ৪৬ শতাংশ এবং বলসোনারো ৪৫ শতাংশ ভোট পেতে পারেন। তবে দ্বিতীয় দফায় বলসোনারো ৪৪ শতাংশ এবং লুলা ৪২ শতাংশ ভোট পেতে পারেন বলে জরিপে উঠে এসেছে। ২ থেকে ৩ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৭০২ জনের ওপর জরিপটি চালানো হয়। এতে ভুলের সম্ভাব্য সীমা ২ শতাংশ।

এছাড়া অ্যাটলাসইন্টেল/ব্লুমবার্গ জরিপে বলা হয়েছে, প্রথম দফায় লুলা ৪৭ শতাংশ, বলসোনারো ৪৪ দশমিক ১ শতাংশ ভোট পেতে পারেন। দ্বিতীয় দফায় লুলা ৪৭ দশমিক ৬ শতাংশ এবং বলসোনারো ৪৭ দশমিক ৪ শতাংশ ভোট পেতে পারেন। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৯৪৫ জনের ওপর জরিপটি চালানো হয়। এতে ভুলের সম্ভাব্য সীমা ১ শতাংশ।

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers