রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

জার্মানির গণতন্ত্র ফের চ্যালেঞ্জের মুখে: স্টাইনমায়ার

নিউজজি ডেস্ক ৪ অক্টোবর , ২০২৬, ১৩:৪৫:৪৩

79
  • ছবি : সংগৃহীত

ঢাকা: জার্মানির গণতন্ত্র আবারও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার। শনিবার (৩ অক্টোবর) ৭০ বছর বয়সী এই প্রেসিডেন্ট জার্মানি একত্রীকরণ দিবস উপলক্ষে দেওয়া ভাষণে গত ৩০ বছরেরও বেশি সময়ের রাজনৈতিক পরিবর্তনের চিত্র তুলে ধরেন।

প্রেসিডেন্ট হিসেবে এটিই ছিল স্টাইনমায়ারের শেষ জার্মানি একত্রীকরণ দিবসের ভাষণ। এ সময় তিনি দেশটির রাজনৈতিক অগ্রযাত্রা পর্যালোচনার পাশাপাশি গণতন্ত্রের বর্তমান চ্যালেঞ্জগুলোর বিষয়েও সতর্ক করেন।

ব্রেমেনে আয়োজিত অনুষ্ঠানে স্টাইনমায়ার বলেন, "আমি ভেবেছিলাম সবাই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে৷ কিন্তু এখন দেখছি, ডানপন্থি উগ্রবাদের সমর্থকরা হলোকাস্টের শিকার ব্যক্তিদের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করছে।"

তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করতাম আমাদের গণতন্ত্র সুরক্ষিত, কিন্তু এখন দেখছি তা নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে।"

স্টাইনমায়ারের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় ও শেষ মেয়াদ ২০২৭ সালের মার্চ মাসে শেষ হবে। তিনি উল্লেখ করেন যে, ১৯৮৯ সালে শুরু হওয়া পরিবর্তনের পর তার প্রত্যাশা যতটা ছিল, বাস্তবে তার চেয়ে কম অর্জন হয়েছে।

তিনি বলেন, সেই প্রত্যাশার মধ্যে ছিল উদারনৈতিক গণতন্ত্রের আরও অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার অপরিহার্য প্রয়োজনীয়তার বিষয়টি৷ তবে তিনি স্বীকার করেন যে, এই পথে "কঠিন বা তিক্ত সব বাধার" সম্মুখীন হতে হয়েছে।

নিজের উত্তরসূরিকে স্টাইনমায়ার সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্টের পদটি "হালকাভাবে নেওয়ার মতো কোনো বিষয় নয়।" তিনি বলেন, আগামী বছরগুলোতে সামাজিক সংহতি বজায় রাখা এবং দেশের ঐক্য রক্ষা করা আরও কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

শনিবার দিনের শুরুতে ব্রেমেনের সেন্ট পিটার্স ক্যাথিড্রালে একটি যৌথ ধর্মীয় প্রার্থনাসভার মধ্য দিয়ে জার্মানি একত্রীকরণ দিবসের আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়। এতে প্রেসিডেন্ট স্টাইনমায়ার, চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

জার্মানির পুনরেকত্রীকরণের ৩৬তম বার্ষিকী উপলক্ষে রবিবার পর্যন্ত ব্রেমেনে ৫৫০টিরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উদযাপনের আয়োজন জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে পর্যায়ক্রমে হয়ে থাকে৷ পার্লামেন্টের উচ্চকক্ষ 'বুন্ডেসরাট'-এর সভাপতিত্ব যে বছর যে রাজ্য থাকে, তারাই এর আয়োজক হয়। বর্তমানে ব্রেমেন এই দায়িত্বে রয়েছে। সূত্র: ডয়েচে ভেলে

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers