রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

ইতালির বক্স অফিসে শীর্ষে গাজাভিত্তিক তথ্যচিত্র ‘নাজা’

নিউজজি ডেস্ক ৩ অক্টোবর , ২০২৬, ১৮:৪৮:৪৩

87
  • ছবি : সংগৃহীত

ঢাকা: গাজা যুদ্ধ নিয়ে নির্মিত আলোচিত তথ্যচিত্র ‘নাজা’ ইতালির প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দুই দিনেই বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে। ইতালীয় বক্স অফিস ট্র্যাকার সিলাইনেটেল-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ছবিটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ১১ লাখ ইউরো বা ১২ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের বেশি।

মুক্তির প্রথম দিন সোমবার ৪ লাখ ৫১ হাজার ৮৭২ ইউরো আয় করে ৬০ হাজার ৪৬৭ দর্শক নিয়ে বক্স অফিসের শীর্ষে উঠে আসে ‘নাজা’। একই দিনে পুনরায় মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ আয় করেছিল ১ লাখ ৭৯ হাজার ৬১২ ইউরো। অর্থাৎ প্রথম দিনেই আয়ের দিক থেকে সিনেমাটি ‘এন্ডগেম’-কে দুই গুণের বেশি ব্যবধানে পেছনে ফেলে।

দ্বিতীয় দিন মঙ্গলবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে ‘নাজা’। এদিন ছবিটি আয় করে আরও ৬ লাখ ২৩ হাজার ১৬৪ ইউরো এবং দর্শকসংখ্যা ছিল ৮৩ হাজারের বেশি।

দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০ লাখ ৯৬ হাজার ৮১৬ ইউরো। এ সময়ে ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে গেছেন মোট ১ লাখ ৪৬ হাজার ৭২০ জন দর্শক।

প্রাথমিকভাবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের বিশেষ প্রদর্শনী হিসেবে ইতালিজুড়ে ৫১৫টি সিনেমা হলে ‘নাজা’ মুক্তি দেওয়া হয়েছিল, যার মধ্যে বেশিরভাগ হলের টিকিটই পুরোপুরি বিক্রি হয়ে যায় (হাউসফুল)। দর্শকদের অভূতপূর্ব চাহিদার কারণে নির্ধারিত সময়ের পরও সিনেমাটির প্রদর্শনী অব্যাহত রয়েছে।

অস্কারজয়ী ইসরায়েলি নির্মাতা উভাল আব্রাহাম এবং রেচেল জোর পরিচালিত এই প্রামাণ্যচিত্রে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা সদস্যদের প্রত্যক্ষ সাক্ষ্যের ভিত্তিতে গাজায় ফিলিস্তিনি সাধারণ নাগরিকদের হত্যার নির্মম চিত্র তুলে ধরা হয়েছে।

তেল আবিবের বিভিন্ন ভবনের ছাদে তিন বছর ধরে অত্যন্ত গোপনে ধারণ করা এই প্রামাণ্যচিত্রে ২৪ জন ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাদের নিরাপত্তার স্বার্থে ডিজিটালি চেহারা ও কণ্ঠস্বর পরিবর্তন করা হয়েছে।

ছবিতে উপস্থিত ইসরায়েলি সামরিক সদস্যরা বর্ণনা করেছেন যে, কীভাবে সম্ভাব্য সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি জানা সত্ত্বেও লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ, ট্র্যাকিং ও বিমান হামলা চালানোর পদ্ধতি ব্যবহার করা হতো। কেউ কেউ জানান, সাধারণ মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত আবাসিক এলাকাগুলোতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা এবং গাজায় ত্রাণ বিতরণের সময় ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণের মতো মর্মান্তিক ঘটনার তারা প্রত্যক্ষদর্শী ছিলেন।

চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘নাজা’ শব্দটি থেকে—যা ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা 'আমান'-এর ব্যবহৃত একটি সংক্ষিপ্ত রূপ। কোনো বিমান হামলায় কতজন সাধারণ বেসামরিক নাগরিক নিহত হতে পারেন, তা বোঝাতে তারা এই কোড শব্দটি ব্যবহার করত।

সম্প্রতি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর টানা ২৫ মিনিট দাঁড়িয়ে সম্মান জানান দর্শকরা। পরবর্তীতে চলচ্চিত্রটি ঐতিহাসিক 'স্পেশাল জুরি প্রাইজ' লাভ করে।

তবে এই প্রামাণ্যচিত্রটি ইসরায়েলি কর্মকর্তাদের চরম ক্ষোভের মুখে পড়েছে। চলচিত্রটি প্রদর্শনের পর চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরায়েলি সৈন্যদের "মানহানি"কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেবেন।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers