রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

বিশ্বের সর্বোচ্চ বেতনধারী প্রধানমন্ত্রী

নিউজজি ডেস্ক ৯ সেপ্টেম্বর , ২০২৬, ১৫:৫৯:১৪

86
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন বেতন কাঠামো চালু হলে প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের বার্ষিক পারিশ্রমিক প্যাকেজ ৬০ শতাংশেরও বেশি বাড়বে। এতে তাঁর বার্ষিক আয় দাঁড়াবে প্রায় ৩৬ লাখ সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকার সমান। খবর বিবিসির।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুর সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও শীর্ষ সরকারি পদধারীদের বার্ষিক বেতন বাড়ানো হবে। নতুন কাঠামো অনুযায়ী, ওংয়ের বার্ষিক পারিশ্রমিক প্যাকেজে ১৪ লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় ১১ লাখ মার্কিন ডলার যোগ হবে।

তবে বর্ধিত অর্থ নিজের জন্য রাখবেন না ওং। আগামী পাঁচ বছর বেতন বৃদ্ধির পুরো অর্থ দাতব্য কাজে দান করার ঘোষণা দিয়েছেন তিনি।

বেতন বৃদ্ধির পক্ষে যুক্তি দিতে গিয়ে ওং বলেছেন, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করতে মন্ত্রীদের বেতন বাড়ানো প্রয়োজন। সিঙ্গাপুর সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, উচ্চ বেতন মন্ত্রীদের ঘুষ ও দুর্নীতিতে জড়ানোর প্রবণতা কমাতে সহায়তা করে।

তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং চাকরির নিরাপত্তা নিয়ে নাগরিকদের উদ্বেগের মধ্যে মন্ত্রীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে।

বেতন বাড়ানোর আগেও লরেন্স ওং বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া রাজনৈতিক নেতা। বর্তমানে তিনি বছরে প্রায় ২২ লাখ সিঙ্গাপুর ডলার পান। নতুন কাঠামো কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ৩৬ লাখ সিঙ্গাপুর ডলারে।

তালিকায় ওংয়ের পরেই রয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। তিনি বছরে প্রায় ৭ লাখ ১৯ হাজার মার্কিন ডলার বেতন পান। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের বার্ষিক বেতন প্রায় ৬ লাখ ৬ হাজার ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরে ৪ লাখ ডলার এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম প্রায় ২ লাখ ৩০ হাজার ডলার বেতন পান।

বেতন বাড়ানোর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে ওং স্বীকার করেছেন, সিঙ্গাপুরের অধিকাংশ নাগরিকের আয়ের তুলনায় মন্ত্রীদের বেতন অনেক বেশি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা রয়েছে। দেশটিতে বর্তমানে মধ্যম মাসিক আয় ৫ হাজার ৭৭৫ সিঙ্গাপুর ডলার।

ওং বলেন, ব্যবসায়ী নেতা ও শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের রাজনীতিতে আসতে রাজি করাতে তিনি সমস্যার মুখোমুখি হয়েছেন। এসব ব্যক্তির কেউ কেউ রাজনীতিতে যোগ দিলে বর্তমান পেশা থেকে বড় অঙ্কের আয় হারাবেন।

তিনি বলেন, আমরা তাদের উপার্জনের সঙ্গে আর্থিকভাবে প্রতিযোগিতা করতে পারি না। তবে তাদের ক্যারিয়ার ছেড়ে রাজনীতিতে আসার ক্ষেত্রে আর্থিক বাধাকে আমরা অপ্রয়োজনীয়ভাবে কঠিন করে তুলছি না।

ওং আরও বলেন, সামগ্রিকভাবে আমি বিশ্বাস করি, এর ফলে আমি এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রীরা আরও যোগ্য সিঙ্গাপুরীয়দের সামনে এগিয়ে আসতে এবং দেশের জন্য সবচেয়ে শক্তিশালী দল গড়ে তুলতে রাজি করানোর ক্ষেত্রে আরও ভালো সুযোগ পাব।

বর্তমানে সিঙ্গাপুরের মন্ত্রীদের মূল বেতন প্যাকেজ প্রায় ১১ লাখ সিঙ্গাপুর ডলার। নতুন কাঠামোতে তা বেড়ে প্রায় ১২ লাখ ডলার হবে। তবে মেয়াদের শেষ নাগাদ অধিকাংশ মন্ত্রী প্রায় ১৩ লাখ ৫০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত পেতে পারেন বলে জানিয়েছেন ওং। কর্মদক্ষতার ভিত্তিতে তাদের বেতন বাড়বে।

মন্ত্রীদের বেতন প্যাকেজের একটি অংশ নির্ধারিত হয় দেশটি নির্দিষ্ট কিছু অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে কি না, তার ওপর। এর মধ্যে বেকারত্বের হার, মানুষের আয় বৃদ্ধি এবং জিডিপি প্রবৃদ্ধির মতো সূচক রয়েছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers