রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

ভারতের রাজধানীতে ভবন ধস, হতাহতের শঙ্কা বহু

নিউজজি ডেস্ক ৬ সেপ্টেম্বর , ২০২৬, ১৭:০০:৫০

77
  • সংগৃহীত

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় ছয়তলা একটি বহুতল ভবন ধসে পড়েছে। রোববার স্থানীয় সময় দুপুরে আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। এতে ভবনটির ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ঘটনাস্থলে জোরালো অভিযান শুরু করেছেন দেশটির উদ্ধারকর্মীরা। কর্মকর্তারা জানিয়েছেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অতিথিদের আবাসন হিসেবে ব্যবহৃত ওই ভবনটি হঠাৎ ধসে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের জীবিত উদ্ধারে ভবনের ধ্বংসস্তূপের নিচে তিল্লাশি চলছে।

তবে ভবনের ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি সেবা সংস্থা দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেছেন, ভবনটি ধসে পড়ার সময় সেটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেছেন, আজ রোববার হওয়ায় তাদের অধিকাংশই বাসায় ছিলেন।

দুর্ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে অনেকের বাঁচার আকুতি শুনতে পেয়েছেন।

প্রাথমিকভাবে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধসে যাওয়া ভবনের আশপাশে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপের মাঝে জীবিতদের খুঁজছেন। উদ্ধারকর্মী ও ভারী যন্ত্রপাতি পৌঁছানোর অপেক্ষা না করেই স্থানীয় বাসিন্দারা খালি হাতেই ধ্বংসস্তূপ সরাতে শুরু করেছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কংক্রিটের স্ল্যাবের নিচে আটকা পড়েছেন এবং বহু মানুষ সেটি তুলে ধরার চেষ্টা করছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ভবন ধসের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন।

‘‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করে দেওয়া হয়েছে। আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দিতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। সার্বিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। প্রতিটি নাগরিকের সুরক্ষা ও সুস্বাস্থ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’

ভবনধসের পর ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা সেখান থেকে প্রথম দু’জনকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এমনকি ভেতর থেকে কিছু শিক্ষার্থী ফোনও করছে। মনে হচ্ছে আরও অনেকেই ভেতরে আটকা রয়েছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।

সত্য নিকেতন এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত এবং ব্যাপক ঘনবসতিপূর্ণ ছাত্রাবাস এলাকা। বহু শিক্ষার্থী সংগঠনও দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকর্মীদের সহায়তা করছেন। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers