রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নির্দিষ্ট কোনও দেশকে লক্ষ্য করে করা হয়নি’

নিউজজি ডেস্ক ৮ আগস্ট , ২০২৬, ১৩:৫৩:৩৬

94
  • সংগৃহীত

ঢাকা: তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তিনি বলেন, এই চুক্তির উদ্দেশ্য আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এসব লক্ষ্যকে সমর্থন করে এমন অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশও ভবিষ্যতে চুক্তিটিতে যুক্ত হতে পারবে বলে জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যাল-এ দেয়া এক পোস্টে এরদোগান বলেন, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রতিরক্ষা শিল্প প্রকল্প এবং সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে এই চুক্তি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এই চুক্তি কোনও দেশকে উদ্দেশ করে করা হয়নি। আমাদের এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনাকারী সব বন্ধুপ্রতিম দেশের অংশগ্রহণের জন্য এটি (চুক্তি) উন্মুক্ত রয়েছে।’

এরদোয়ান জানান, শুক্রবার সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তিনি মক্কা সফর করেন। সেখানেসৌদি ক্রাউন প্রিন্স এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন।

তিনি বলেন, ‘এই বিশেষ উপলক্ষে তিন দেশ মিলে আমরা একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছি।’ এই সফর, পরামর্শ ও চুক্তি সমগ্র অঞ্চলের উপকারে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট।

তুর্কি কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, এই চুক্তিটি মূলত প্রতিরক্ষা-ভিত্তিক একটি সহযোগিতা চুক্তি, যা কোনও দেশকে লক্ষ্য করে প্রণীত হয়নি। বরং যৌথ নিরাপত্তার মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতি সুদৃঢ় করতে এটি ডিজাইন করা হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, যেকোনও ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাই এই চুক্তির মূল লক্ষ্য। চুক্তির শর্তানুযায়ী, এই তিন দেশের যেকোনও একটির ওপর সশস্ত্র হামলা হলে তা অন্য দুটি দেশের ওপরও হামলা হিসেবে গণ্য হবে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers