বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিদেশ

বুধবার একই সময়ে সূর্যের আলোয় থাকবে ৯৯ শতাংশ মানুষ

নিউজজি ডেস্ক ৮ জুলাই , ২০২৬, ১৪:২১:০৭

43
  • সংগৃহীত

ঢাকা: পৃথিবীর কক্ষপথে ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে থাকা এবং উত্তর গোলার্ধে চলমান গ্রীষ্ম ঋতুর প্রভাবে বুধবার এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এদিন একই সময়ে পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ মানুষ দিনের আলো দেখতে পাবেন। সাধারণত পৃথিবীর ঘূর্ণন গতির কারণে একদিকে যখন সূর্যের আলো থাকে, তখন অন্যদিকে নেমে আসে রাতের অন্ধকার। তবে বুধবারের পরিস্থিতি হবে এর ব্যতিক্রম।

বিশ্বের প্রায় ৮২০ কোটি (৯৯ শতাংশ) মানুষ একই সঙ্গে দিনের বা গোধূলির আলোর সাক্ষী হবেন গ্রিনিচ মান সময় বেলা আনুমানিক ১১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিট)। এই মুহূর্তটা মাত্র ১ মিনিট স্থায়ী হতে পারে।

পৃথিবীর এই ৯৯ শতাংশ মানুষের বসবাস উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার অধিকাংশ অঞ্চলজুড়ে। বাকি ১ শতাংশ মানুষ যারা অন্ধকারে থাকবে তাদের বসবাস অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ ও অ্যান্টার্কটিকায়।

অনেকের ধারণা, বছরে কেবল একদিনই এমন মুহূর্ত আসে। তবে বিষয়টা তেমন নয়। প্রতি বছর ১৮ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত অন্তত ৬০ দিন এমন সংক্ষিপ্ত মুহূর্ত আসে। ৮ জুলাই ঘিরে বেশি মাতামাতি হওয়ার কারণ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট।

২০২২ সালের ওই পোস্টে দাবি করা হয়েছিল, বছরে কেবল একদিনই এমন ঘটনা ঘটে। পরে টাইম অ্যান্ড ডেট-এর একটি ফ্যাক্ট-চেকে দেখা যায়, ৮ জুলাই দিনের ও গোধূলির আলো পাওয়ার পরিমাণ সবচেয়ে বেশি থাকলেও উত্তর গোলার্ধের গ্রীষ্মকালে প্রায় দুই মাস ধরে প্রতিদিন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়।

কত মানুষ দিন, গোধূলি ও রাত উপভোগ করবেন?

যে মুহূর্তে সূর্যের পূর্ণ আলো পৃথিবীর প্রায় সব মানুষের কাছে পৌঁছাবে, তখন এর সাক্ষী হতে পারেন ৬৯০ কোটি মানুষ (৮৩ শতাংশ)। আর ৫৮ কোটি ১০ লাখ মানুষ (৭ শতাংশ) প্রথম স্তরের গোধূলির আলো পাবেন। এই ধাপে সাধারণত কৃত্রিম আলো ছাড়াই পরিবেশ দৃশ্যমান থাকে।

এর বাইরে আরও প্রায় ৪৯ কোটি ৮০ লাখ মানুষ (৬ শতাংশ) দ্বিতীয় স্তরের গোধূলির আলোতে থাকবেন। তখন দিগন্তরেখা স্পষ্ট দেখা গেলেও আকাশ বেশ অন্ধকার হয়ে আসে। অন্যদিকে, ২৪ কোটি ৯০ লাখ মানুষ (৩ শতাংশ) শেষ স্তরের গোধূলির আলো পাবেন। এ সময় সম্পূর্ণ অন্ধকার নামার আগে আকাশে কেবল মৃদু আলোর আভা দেখা যায়।

ওই মুহূর্তে মাত্র ৮ কোটি ৩০ লাখ মানুষ (১ শতাংশ) পূর্ণ রাত উপভোগ করবেন। এ সময় সূর্য দিগন্তরেখার ১৮ ডিগ্রিরও বেশি নিচে নেমে যায় এবং আকাশ পুরোপুরি অন্ধকার থাকে। সূত্র: আল জাজিরা।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers