বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিদেশ

ভূমিধসে চীনের এক প্রদেশে মাটিচাপা ৩৩, উদ্ধার ২১ মরদেহ

নিউজজি ডেস্ক ৮ জুলাই , ২০২৬, ১৩:৩৮:৫২

56
  • সংগৃহীত

ঢাকা: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভয়াবহ ভূমিধসে ৩৩ জন মাটির নিচে চাপা পড়েছেন। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৫৬ মিনিটে প্রদেশের দ্যাংচ্যাং জেলার রেনসাং গ্রামে এ দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি ওই এলাকায় বৃষ্টিপাতের কারণে ভূমিক্ষয় ঠেকাতে প্রাদেশিক সরকারের উদ্যোগে বনায়ন প্রকল্পের কাজ চলছিল।

ভূমিধসের সময় যারা মাটিচাপা পড়েন, তারা সবাই ওই প্রকল্পের শ্রমিক ছিলেন। তাদের কেউই রেনসাং গ্রামের স্থানীয় বাসিন্দা ছিলেন না বলে জানা গেছে।

ভূমিধসের অল্প সময়ের মধ্যেই দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে তৎপরতা শুরু করেন। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে সিনহুয়া।

গ্রীষ্মকালে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ব্যাপকমাত্রায় ভারী বর্ষণ এবং ঘূর্ণিঝড় হয়। এ কারণে প্রায় প্রতিবছরই দেশটিতে এক বা একাধিক ভূমিধসের ঘটনা ঘটে।

মঙ্গলবার গানসুতে যে ভূমিধস হয়েছে, তারও প্রধান কারণ ভারী বর্ষণ এবং সম্প্রতি দক্ষিণ ও মধ্যচীনে ব্যাপক ঝড়বৃষ্টির প্রভাবেই বর্ষণ শুরু হয়েছিল গানসুতে। গত কয়েক দিনে ঝড়-বৃষ্টি এবং এবং তার ফলে বাড়ির দেওয়াল, ছাদ ধস এবং আকস্মিক বন্যায় দক্ষিণ এবং মধ্যচীনের প্রদেশগুলোতে ১৭ জনের প্রাণহানি হয়েছে।

চীনের উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশে সোমবার থেকে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। এতে দুর্ভোগের শিকার হয়েছেন কমপক্ষে ১৬ হাজার ৬০০ জন মানুষ। এক প্রতিবেদনে সিনহুয়া জানিয়েছে, ঝড়-বৃষ্টি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দুর্যোগে হুবেই প্রদেশে আহত হয়েছেন ৩৩০ জনেরও বেশি মানুষ এবং একজন নিখোঁজ অবস্থায় আছেন। এছাড়া আকস্মিক বন্যার কারণে প্রদেশের অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ৪ হাজার ৮০০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্যোগ কবলিত এলাকাগুলোতে সর্বোচ্চ মাত্রায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনার নির্দেশ দিয়েছেন। সূত্র : রয়টার্স, সিএনএ।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers