বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিদেশ

নাজাফে খামেনির শোকযাত্রায় লাখো মানুষ

নিউজজি ডেস্ক ৮ জুলাই , ২০২৬, ১২:৪৫:২৬

43
  • সংগৃহীত

ঢাকা: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফে পৌঁছেছে। এ উপলক্ষে শহরজুড়ে একটি বিশাল শোক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে লাখো অনুসারী অংশ নিয়েছেন। বুধবার (৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

ইরাকি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুধু ইরাক নয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকেও বিপুলসংখ্যক অনুসারী নাজাফে এসে শোক র‍্যালিতে যোগ দিয়েছেন। এতে অংশগ্রহণকারীর সংখ্যা লাখ ছাড়িয়েছে।

আল-আহদ টিভির তথ্য অনুযায়ী, ভোর হওয়ার আগেই হাজার হাজার মানুষ নাজাফে জড়ো হন। শোক শোভাযাত্রা শুরুর অপেক্ষায় তারা শহরের বিভিন্ন সড়ক এবং ইমাম আলী (রা.)-এর মাজারসংলগ্ন এলাকায় অবস্থান নেন।

নাজাফে অবস্থিত ইমাম আলীর (রা.) মাজারে মরদেহ পৌঁছানোর পর সেখানে এক জাঁকজমকপূর্ণ শোক র‍্যালির আয়োজন করা হয়। এ সময় লাখো ইরাকি কফিন কাঁধে করে বহন করেন।

সরকারি সময়সূচিতে বলা হয়েছে, বুধবার বিকেলে কফিন পবিত্র নগরী কারবালায় নিয়ে যাওয়া হবে। এর আগ পর্যন্ত এটি নাজাফে অবস্থান করবে।

খামেনির দাফন প্রক্রিয়ার জন্য ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি বুধবার সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করেছেন। তিনি বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন।

গত শুক্রবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির কফিনে বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় ব্যক্তিত্বরা শ্রদ্ধা নিবেদন করেন। এর মধ্য দিয়ে দাফন প্রক্রিয়া শুরু হয়। শনিবার ও রোববার যথাক্রমে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তা উন্মুক্ত রাখা হয়।

সোমবার ইরানের রাজধানী তেহরানে শোক র‍্যালির আয়োজন করা হয়। এ সময় লাখ লাখ মানুষের উপস্থিতিতে শহরের রাজপথ পরিপূর্ণ হয়ে যায়।

মঙ্গলবার শহীদ নেতার জানাজার নামাজ আদায় করতে কোমের পবিত্র জামকারান মসজিদে লাখো অনুসারী সমবেত হন।

শহীদ নেতার ইচ্ছানুযায়ী, বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে অষ্টম শিয়া ইমাম রেজার (রা.) মাজারে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে এবং তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। সূত্র: প্রেস টিভি

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers