বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

বিদেশ

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

নিউজজি ডেস্ক ১৮ মে , ২০২৬, ১১:১৩:৫১

78
  • সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) কুরবানির ঈদ উদযাপিত হবে বলে জানানো হয়েছে। এর আগের দিন ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

সৌদি আরবভিত্তিক দুই পবিত্র মসজিদের ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, রোববার দেশটির আকাশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

এদিকে খালি চোখে চাঁদ দেখা ছাড়াই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক। দেশটি মূলত জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্ব-নির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে-কে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত ইসলামি নীতি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।

এরপর বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও জিলহজ মাসের চাঁদ দেখার কথা জানায়। সে হিসেবে তারাও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপন করবে। তবে ব্রুনাই এবং আফগানিস্তানে চাঁদ দেখা না যাওয়ায় তারা ২৮ মে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এই হিসেবে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হতে পারে। আনুষ্ঠানিকভাবে আগামীকাল সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। সূত্র: গালফ নিউজ।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers