বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

বিদেশ

ভেনেজুয়েলা থেকে ১৩ কেজি ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে

নিউজজি ডেস্ক ৯ মে , ২০২৬, ১৬:০৮:২১

96
  • সংগৃহীত

ঢাকা: দীর্ঘদিন ধরে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত তাতে সফল হয়নি যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত ইরানের বদলে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে সক্ষম হয়েছে ওয়াশিংটন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানায়, ভেনেজুয়েলার একটি পুরোনো গবেষণা চুল্লি থেকে ১৩ দশমিক ৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার যৌথ অভিযানের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হয়। খবর দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের অধীন জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের প্রধান ব্র্যান্ডন উইলিয়ামস বলেন, ‘ভেনেজুয়েলা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে অপসারণ বিশ্বকে নতুন বার্তা দিয়েছে—দেশটি আবারও আন্তর্জাতিক ব্যবস্থায় ফিরে আসছে।’

ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, অত্যন্ত সংবেদনশীল এই অভিযানে ইউরেনিয়াম স্থল ও সমুদ্রপথে নিরাপদে উত্তর আমেরিকায় আনা হয়। পরে তা যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জ্বালানি বিভাগের একটি স্থাপনায় নেওয়া হয়।

এদিকে চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পর দুই দেশের সম্পর্কে বড় পরিবর্তন আসে। পরে ওয়াশিংটন কারাকাসের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন শুরু করে।

এরই মধ্যে কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তা ভেনেজুয়েলা সফর করেছেন। সাত বছরের বেশি সময় পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটও চালু হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসও পুনরায় খুলেছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers