সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

বিদেশ

‘জাহাজ না ছাড়লে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে অত্যন্ত বিপজ্জনক’

নিউজজি ডেস্ক ২১ এপ্রিল , ২০২৬, ১৫:২৯:২৮

41
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের হাতে জব্দ জাহাজ ছাড়তে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারা বলছে, যুক্তরাষ্ট্র তাদের পতাকাবাহী জাহাজ না ছাড়লে পরিণতি অত্যন্ত বিপজ্জনক হবে।

আজ মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে বলে বিবিসির লাইভে বলা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘সন্ত্রাসমূলক’ বলে উল্লেখ করা হয়।

ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জব্দ করার ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে ইরান। খবর বিবিসি।

বিবৃতিতে বলা হয়, জাহাজটির নাবিকদের পাশাপাশি তাদের পরিবারগুলোকেও আটক রাখা হয়েছে। তেহরান এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও সাম্প্রতিক যুদ্ধবিরতির লঙ্ঘন বলে উল্লেখ করে জাহাজটি ও এর নাবিকদের তাৎক্ষণিক মুক্তি দাবি করেছে।

ওমান সাগরে ইরানি জাহাজটি জব্দ করার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এর আগে জানায়, নাবিকেরা ছয় ঘণ্টা ধরে একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন।

তারা আরও জানায়, ডেস্ট্রয়ার স্প্রুয়েন্স জাহাজটিকে ইঞ্জিন কক্ষ খালি করার নির্দেশ দেয় এবং পরে একাধিক কামানের গোলা ছুড়ে ‘তুসকা’ জাহাজটির ইঞ্জিন কক্ষ অচল করে দেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপের ‘অত্যন্ত বিপজ্জনক পরিণতি’ হতে পারে বলে সতর্ক করেছে এবং জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।

এর আগেও জাহাজটি জব্দের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তারা এ ধরনের বক্তব্য দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নেবে না।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers