মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

বিদেশ

পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

নিউজজি ডেস্ক ১০ এপ্রিল , ২০২৬, ১৬:৩৬:০৭

68
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী ইসলামাবাদে পৌঁছান তারা। সংশ্লিষ্ট সূত্রের বরাতে শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সূত্রটি জানায়, ইরানের প্রতিনিধিদলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যদিও এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, যুদ্ধবিরতির শর্তে দেওয়া ১০ দফার মধ্যে লেবাননকে যুক্ত না করা পর্যন্ত আলোচনায় অংশ নেবে না তেহরান।

গত মঙ্গলবার গভীর রাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পর আগামীকাল শনিবার দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনার আয়োজন করতে চলেছে পাকিস্তান। সেখানে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আরও রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকভ ও ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার।

আলোচনার আয়োজক হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান আসিম মালিক।

কিছু গণমাধ্যম কর্মীর দাবি করেছেন, প্রতিনিধিদলটির ইসলামাবাদে নিরাপদ আগমন নিশ্চিত করতে আকাশপথে নিরাপত্তার জন্য পাকিস্তান সরকার ইরানের আকাশসীমায় যুদ্ধবিমান ও এডব্লিউএসিএস বিমান মোতায়েন করেছে। যদিও এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে, লেবানন প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির একটি প্রধান অংশ ছিল বলে জানিয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান অংশ ছিল লেবানন। এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হলে তার পরিণাম হবে ভয়াবহ।’

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘ইরানের মিত্র হিসেবে লেবানন ও সমগ্র প্রতিরোধ অক্ষ এই যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। যুদ্ধবিরতি লঙ্ঘন করলে এর জন্য সুনির্দিষ্ট মূল্য চুকাতে হবে এবং এর প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর।’

এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম হ্রাস করা হবে না বলে জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা। খবরে জানানো হয়, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, ‘দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমানো হবে না।’

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির (আইএসএনএ) প্রতিবেদনে জানানো হয়েছে, মোহাম্মদ ইসলামি বলেছেন, ‘শত্রুরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমাবদ্ধ করার চেষ্টায় সফল হবে না।’

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘কথার ফুলঝুরি যতই হোক, মূল কথা হলো, ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখা হবে। আমাদের সামরিক বাহিনী প্রস্তুত আছে ও বিশ্রাম নিচ্ছে। প্রকৃতপক্ষে তারা পরবর্তী সাফল্যের জন্য অপেক্ষা করছে।’

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers