বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ , ৭ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

‘আমি নিঃশ্বাস নিতে চাই’: দূষণে দিল্লির বিষাক্ত বাতাস

নিউজজি ডেস্ক ১০ নভেম্বর , ২০২৫, ১৪:২১:২৮

228
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লি বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে, যা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে। রোববার (৯ নভেম্বর) রাতে সাধারণ মানুষ বায়ুদূষণের বিরুদ্ধে রাস্তায় নেমে সরকারের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অনেক বিক্ষুব্ধ মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন, যার মধ্যে লেখা ছিল—“আমি নিঃশ্বাস নিতে চাই।” খবর এএফপি

বার্তাসংস্থা জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লি বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে। শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতির প্রতিবাদে রোববার সাধারণ মানুষ রাস্তায় নেমে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিক্ষোভকারীরা হাতে এমন প্ল্যাকার্ড তুলে ধরেছিলেন—‘আমরা নিঃশ্বাস নিতে চাই’, ‘আমরা বাঁচতে চাই’, ‘আমি শুধু নিঃশ্বাস নিতে চাই’।

নয়াদিল্লিতে প্রায় তিন কোটি মানুষ বসবাস করেন। এই মহানগরী বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর তালিকায় নিয়মিতভাবেই শীর্ষে থাকে। প্রতিবছরই শীতের সময় ঘন ধোঁয়াশায় ঢেকে যায় পুরো শহর। ঠান্ডা বাতাসের কারণে কারখানার ধোঁয়া, যানবাহনের ধুলা ও কৃষিজমির ফসল পোড়ানোর ধোঁয়া মিশে এক মৃত্যুফাঁদে পরিণত হয় দিল্লির বাতাস।

প্রতিবাদে অংশ নেওয়া নামরতা যাদব নামে এক নারী বলেন, “আমি আজ এখানে এসেছি একজন মা হিসেবে। আমি চাই না আমার সন্তান একদিন জলবায়ু উদ্বাস্তু হয়ে যাক”। তিনি ছেলেকে সঙ্গে নিয়েই বিক্ষোভে যোগ দেন।

সংবাদমাধ্যম বলছে, রোববার রাজধানীর ঐতিহাসিক ইন্ডিয়া গেটের কাছে বিক্ষোভ হয়। সেখানে বাতাসে পিএম ২.৫ মাত্রা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে ১৩ গুণ বেশি। এ ধরনের ক্ষুদ্র কণা রক্তে প্রবেশ করে ক্যানসারসহ মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে।

তনভি কুসুম নামে অন্য এক বিক্ষোভকারী বলেন, “প্রতি বছর একই গল্প— দূষণ বাড়ে, মানুষ কষ্ট পায়, কিন্তু কোনো সমাধান হয় না। এখন সরকারকে চাপ দিতে হবে।”

অবশ্য দূষণ কমাতে কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ দিয়েছে। এরমধ্যে ডিজেল ও পেট্রলচালিত গাড়ির আংশিক নিয়ন্ত্রণ বা পানি ছিটিয়ে ধুলো কমানোর প্রচেষ্টাও রয়েছে। তবে সরকারি এসব উদ্যোগের কোনোটিতেই উল্লেখযোগ্য ফল আসেনি।

এক তরুণী বলেন, “দূষণ আমাদের জীবন কেড়ে নিচ্ছে।”

২০১৯ সালে প্রকাশিত দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ-এর এক গবেষণা অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে বায়ুদূষণের কারণে মৃত্যু হয়েছে প্রায় ৩৮ লাখ মানুষের।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে জানিয়েছে, দূষিত বাতাস শিশুদের শ্বাসতন্ত্রের তীব্র সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers