বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

মামদানির নাগরিকত্ব বাতিলের দাবি তুলছে রিপাবলিকানরা

নিউজজি ডেস্ক ১০ নভেম্বর , ২০২৫, ১৪:০৯:২৪

166
  • ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল, রিপাবলিকান পার্টি। অর্থ এবং বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে তারা এই প্রচেষ্টা চালিয়েও সফল হতে পারেনি।

মামদানী ইতিহাসে নিউইয়র্কের প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। এরপরও ট্রাম্পের দল তাকে দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখতে নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছে এবং এখনও তাদের প্রচেষ্টা চালু আছে।

উগান্ডায় জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী মামদানীকে রিপাবলিকানরা কমিউনিস্ট হিসেবে চিহ্নিত করে, তাকে সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ার অভিযোগে আনা হয়েছে। এ অভিযোগের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পও সমন্বয় করছেন।

এরমধ্যে রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি ওগলস এবং ফ্লোরিডার প্রতিনিধি র‍্যান্ডি ফাইন সরাসরি দাবি করেছেন, মামদানি তার নাগরিকত্ব আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছেন বা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কথা গোপন করেছেন।

ওগলস যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব প্রক্রিয়া তদন্ত করার এবং তাকে দেশ থেকে বের করে দিয়ে উগান্ডায় ফেরত পাঠানোর অনুরোধ করেছেন।

ওগলস বলেন, “যদি প্রমাণিত হয় মামদানি তার নাগরিকত্বের নথিতে মিথ্যা বলেছেন, তাহলে তিনি নাগরিক থাকার যোগ্য নন এবং নিউ ইয়র্কের মেয়র হওয়ার তো প্রশ্নই ওঠে না।”

তিনি আরও বলেন, “মার্কিন নাগরিকত্ব পেতে হলে কমিউনিস্ট বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি অবশ্যই জানাতে হয়, যা তিনি জানাননি বলেই সন্দেহ।”

যদিও রিপাবলিকান নেতারা এই ধরনের দাবি করছেন, কিন্তু অলাভজনক ফ্যাক্ট চেকিং সংস্থা পলিটিফ্যাক্ট জানিয়েছে, মামদানি তথ্য লুকিয়ে নাগরিকত্ব নিয়েছেন তারা এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পায়নি।

মামদানি ১৯৯৮ সালে সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০১৮ সালে তিনি মার্কিন নাগরিকত্ব পান।

অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্ব বাতিল করা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল পদক্ষেপ। কারও নাগরিকত্ব বাাতিলে সরকারকে অকাট্য প্রমাণ দিতে হবে যে আবেদনকারী জেনেশুনে গুরুত্বপূর্ণ মিথ্যা তথ্য দিয়েছেন, যা তার নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করত।

অভিবাসন বিষয়ক আইনজীবী জেরেমি ম্যাককিনি বলেছেন, “মামদানির অযোগ্যতার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আমি দেখিনি।”

রিপাবলিকানরা আরও অভিযোগ এনেছে, মামদানির নাগরিকত্বের ফর্মে তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অফ আমেরিকা (ডিএসএ)-এর সদস্যপদ উল্লেখ করেননি, যাকে তারা কমিউনিস্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করছে।

তবে বিশেষজ্ঞরা বলেন, ডিএসএ কমিউনিস্ট দল নয়; এটি কমিউনিজমের বিকল্প হিসেবে গঠিত গণতান্ত্রিক সমাজতন্ত্রের একটি ধারা। তাই ডিএসএ-র সদস্যপদ নাগরিকত্ব প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি করে না।

এছাড়া, মামদানির লেখা একটি র‍্যাপ গানের কথা তুলে ধরে তাকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সমর্থনকারী বলে অভিযোগ করা হয়েছে। তবে আইনজীবীরা বলছেন, এই ধরনের কথা সংরক্ষিত বাক-স্বাধীনতার অংশ, যতক্ষণ না তিনি আসলে কোনো বিদেশী সন্ত্রাসী গোষ্ঠীকে সরাসরি সাহায্য করছেন।

সূত্র: আলজাজিরা

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers