বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ , ৭ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

দিল্লিতে ৩৫০ কেজি বিস্ফোরক ও রাইফেল উদ্ধার

নিউজজি ডেস্ক ১০ নভেম্বর , ২০২৫, ১৩:৫৬:২৭

178
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লির নিকটে বিপুল পরিমাণ বিস্ফোরক ও একটি রাইফেল উদ্ধার করে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার (১০ নভেম্বর) এনডিটিভি জানায়, হরিয়ানার ফরিদাবাদ থেকে ৩৫০ কেজি বিস্ফোরক এবং একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীনগরে সশস্ত্র গোষ্ঠী জৈশ-ই-মহম্মদের সমর্থনে পোস্টার লাগানোর অভিযোগে উত্তর প্রদেশের সাহারানপুর থেকে এক কাশ্মীরি ডাক্তারকে গ্রেপ্তার করার কয়েকদিন পর এই বিপজ্জনক সামগ্রী উদ্ধার করা হয়।

সূত্র জানায়, গ্রেপ্তার চিকিৎসক ডা. আদিল আহমেদ রাথারের তথ্যের ভিত্তিতে ফরিদাবাদে অভিযান পরিচালিত হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুজাম্মিল শাকিল নামের আরেক চিকিৎসকের কাছ থেকেও বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। দুই চিকিৎসকই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা এবং ফরিদাবাদের আল-ফালাহ হাসপাতালে কর্মরত।

ফরিদাবাদ পুলিশ কমিশনার সতেন্দ্র কুমার গুপ্তা জানান, উদ্ধার হওয়া ৩৫০ কেজি বিস্ফোরকের সঙ্গে ২০টি টাইমার, একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং একটি ওয়াকি-টকি সেটও পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, বিস্ফোরকগুলো অ্যামোনিয়াম নাইট্রেট।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার সূত্রপাত ঘটে গত ২৭ অক্টোবর। ওইদিন শ্রীনগরে জৈশ-ই-মহম্মদের সমর্থনে পোস্টার দেখা যায়। এর পরপরই স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে করে এবং সিসিটিভি ফুটেজে পোস্টার লাগাতে দেখা যায় চিকিৎসক রাথারকে। ওই ঘটনার প্রেক্ষিতে গত সপ্তাহেই তাকে উত্তর প্রদেশের সাহারানপুর থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

রাথার গত বছরের অক্টোবর পর্যন্ত অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। সেখানে তার লকার তল্লাশি করলে একটি অ্যাসল্ট রাইফেল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের সময় তিনি যে তথ্য দেন তার ভিত্তিতেই পুলিশ ফরিদাবাদ থেকে বিস্ফোরকগুলো জব্দ করেছে।

এর আগে, জম্মু ও কাশ্মীর পুলিশ অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে রাথারের লকার থেকে একটি একে-৪৭ রাইফেল এবং গুলি জব্দ করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা পুলিশের সমন্বিত অভিযানে উদ্ধার হয় বিস্ফোরক এবং অস্ত্র।

রাথারের বিরুদ্ধে আগে অস্ত্র আইন এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে অভিযোগ আনা হয়েছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, চিকিৎসকের এমন কাজে সম্পৃক্ততা ‘সন্ত্রাসী নেটওয়ার্কগুলো’ এখন উচ্চ শিক্ষিত পেশাদারদের নিয়োগ করছে- সেদিকে ইঙ্গিত দিচ্ছে।

পুলিশ সূত্র জানায়, রাজধানীর এত কাছে বিস্ফোরক মজুদ করার পেছনে কী পরিকল্পনা ছিল তা তারা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে পুলিশ। রাজধানীর এত কাছে কোনো বাধা ছাড়ায় কীভাবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ করা হলোও সে বিষয়টিও খুঁতিয়ে দেখা হচ্ছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers