রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

তুরস্কে পারফিউমের গুদামে আগুনে নিহত ৬

নিউজজি ডেস্ক ৮ নভেম্বর , ২০২৫, ১৬:৩৯:১৬

155
  • ছবি : সংগৃহীত

ঢাকা: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের দিলোভাসি শিল্পাঞ্চলের একটি পারফিউমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত এবং একজন আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নরের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনা শনিবার (৮ নভেম্বর) ভোরে ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম টিআরটি হাবারের প্রতিবেদনে বলা হয়েছে, কোকায়েলি প্রদেশের এই শিল্পাঞ্চলের গুদামে অগ্নিকাণ্ডের কারণে হতাহতের ঘটনা ঘটেছে।

আঞ্চলিক গভর্নর ইলহামী আক্তাশ বলেছেন, দমকলকর্মী, উদ্ধারকারী দল ও পৌরসভার কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, এই ঘটনায় আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। একজনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। যদিও এর আগে পারফিউমের গুদামে অগ্নিকাণ্ডে দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। 

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভির প্রচারিত ভিডিওতে দেখা যায়, গুদাম হিসেবে ব্যবহৃত ভবনটির দুই তলা আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের উৎস এখনও পরিষ্কার নয়। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।

দেশটির ইস্তাম্বুল শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত দিলোভাসি তুরস্কের অন্যতম বৃহৎ শিল্পনগরী। ওই এলাকায় বহু গুদাম ও কারখানা রয়েছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers