রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ , ৩ সফর ১৪৪৮

বিদেশ

মামদানি জিতলে তহবিল কমাবেন ট্রাম্প

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর , ২০২৫, ১৪:০৬:০৮

152
  • ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি মামদানি জয়ী হন, তবে শহরটির ফেডারেল তহবিল সীমিত করা হবে।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটের এক দিন আগে ট্রাম্প তার সামাজিক মাধ্যমে এই সতর্কতা দেন। মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ড। 

সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিতে যান, তাহলে আমি কেবল আইন অনুযায়ী ন্যূনতম ফেডারেল তহবিল দেব। কারণ একজন কমিউনিস্টের নেতৃত্বে এই শহরের সফলতা বা টিকে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না।”

নিউইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান মামদানি বাসস্থান সংস্কার, গণপরিবহন সম্প্রসারণ ও সামাজিক কল্যাণ কর্মসূচির পক্ষে দীর্ঘদিন ধরেই সোচ্চার। তিনি নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন, তবে ট্রাম্পসহ রক্ষণশীলদের দেওয়া “কমিউনিস্ট” তকমা তিনি বরাবরই প্রত্যাখ্যান করেন।

এদিকে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করেছে। প্রাথমিক ভোটগ্রহণ শেষ হয়েছে এবং শহরের ৫০ লাখের বেশি ভোটার মঙ্গলবার ভোট দেবেন।

সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার চেয়ে মামদানি এগিয়ে আছেন। কুওমো ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে গভর্নরের পদ ছাড়েন এবং গত জুনে মামদানির কাছে প্রাইমারিতে পরাজিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানেই মামদানিকে সহায়তা করা। আপনি কুওমোকে পছন্দ করুন বা না করুন, তার পক্ষেই ভোট দিন এবং আশা করুন তিনি ভালো কাজ করবেন।”

এর আগে গত জুনে প্রাইমারিতে জয়ের পর মামদানির প্রার্থিতা মার্কিন রাজনীতিতে আলোচনার জন্ম দেয়। এরপর তিনি সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের সমর্থন পেয়েছেন। ছোট দাতাদের কাছ থেকেও নিয়মিত আর্থিক সহায়তা পাচ্ছেন তিনি।

তার প্রস্তাবিত নীতির মধ্যে রয়েছে ধনীদের ওপর কর বৃদ্ধি, করপোরেট ট্যাক্স বাড়ানো, স্থিতিশীল ভাড়া ফ্ল্যাটে ভাড়াবৃদ্ধি স্থগিত রাখা এবং সরকারিভাবে ভর্তুকি দেওয়া আবাসন বাড়ানো— যা নিয়ে নিউইয়র্কের ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের গাজায় আগ্রাসন নিয়ে মামদানির সরব অবস্থান ও তার সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাট দলকে তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় করলেও রিপাবলিকানদের আক্রমণের সুযোগ করে দিচ্ছে বলে মত দিচ্ছেন পর্যবেক্ষকরা।

এর আগে গত শনিবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ জার্সিতে ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিলের প্রচারে অংশ নিয়ে মামদানির সমর্থনে বক্তব্য রাখেন। মামদানির মুখপাত্র ডোরা পেকেক বলেন, “ওবামার সমর্থনের জন্য মামদানি কৃতজ্ঞ। তারা একসঙ্গে নিউইয়র্কে নতুন ধরনের রাজনীতি গড়ার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন।”

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers