রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

বিদেশ

দোহা সম্মেলনে ইসরায়েলকে শুধু সতর্কবার্তা

নিউজজি ডেস্ক ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ১৮:৪৬:১৭

141
  • ছবি: সংগৃহীত

ঢাকা: গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল শক্তিশালী হামলা চালায়। হামলার পর কাতার আরব ও ইসলামিক নেতাদের নিয়ে জরুরি সম্মেলনের আয়োজন করে।

ধারণা করা হয়েছিল, ওই সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ—যেমন তেল ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এবং কূটনৈতিক সম্পর্ক অবনমনের ঘোষণা আসবে। কিন্তু সাধারণ মুসলিম বিশ্বকে অবাক করে দিয়ে, এসব কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

তবে সম্মেলনে অংশ নেয়া আরব-মুসলিম নেতারা ইসরায়েলের বিরুদ্ধে বড় বড় হুঁশিয়ারি ও কড়া ভাষা ব্যবহার করেছেন। বলা যায়, দোহা থেকে ইসরায়েলকে উদ্দেশ্য করে ‘কথার মিসাইল’ ছোড়া হয়েছে।

গত সোমবার এ সম্মেলনের যোগ দিতে কাতারে যান প্রায় সব মুসলিম দেশের নেতা ও প্রতিনিধিরা। এ সম্মেলনে ফিলিস্তিনিদের পক্ষে আরব নেতাদের শক্তিশালী অবস্থান নিতে দেখা যাবে—  এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে তারা ঘোষণা দেন “ফিলিস্তিনিদের বিরুদ্ধে যেন ইসরায়েল আর আগ্রাসন না চালাতে পারে সেজন্য প্রয়োজনীয় সব আইনি এবং কার্যকর ব্যবস্থা নেয়া হবে।”

ইসরায়েলের সাথে সম্পর্ক থাকা আরব দেশগুলো ছিল চুপ

২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় দখলদার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো। এ দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কোনো শক্তশালী বিবৃতিও দেয়নি। সবচেয়ে বড় বিষয় হলো গত সোমবার ছিল আব্রাহাম চুক্তির পাঁচ বছর।

সম্মেলনে বক্তব্যও দেননি সৌদির ক্রাউন প্রিন্স

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাতারে এ সম্মেলনে উপস্থিত ছিলেন। কিন্তু সম্মেলনে তিনি বক্তব্য দেননি। যা অনেককে অবাক করেছে। কারণ ওই অঞ্চলে সৌদির একটি প্রভাব রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটির পূর্বসতর্কতার অংশ হিসেবে ‘ইসরায়েলের বিরুদ্ধে’ বক্তব্য দেওয়া থেকে বিরত ছিলেন মোহাম্মদ বিন সালমান।

সেই একই দৃশ্য

আরব-মুসলিম নেতাদের সম্মেলনের শেষে সেই পুরোনো চিত্রই দেখা গেছে— শক্তিশালী সতর্কবার্তা, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী কোনো পদক্ষেপ নয়। অনেক পর্যবেক্ষক প্রশ্ন তুলছেন আরবদের মধ্যে যে ঐক্য প্রদর্শন করা সেটি এখন লোক দেখানো বিষয়ে পরিণত হলো কি না। বিশেষ করে যখন ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা চলছে তখন তাদের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সূত্র: এনডিটিভি

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers