বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

বিদেশ

ইসরায়েল-ইইউ বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব ইউরোপীয় কমিশনের

নিউজজি ডেস্ক ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ১৮:০৪:১১

136
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, ইসরায়েলি পণ্যের ওপর ভিত্তি করে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) এই প্রস্তাবটি ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে তোলা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজার চলমান সংঘাত ও ইসরায়েলের সামরিক কার্যক্রমের প্রেক্ষাপটে ইউরোপীয় কমিশন ইসরায়েলের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা বন্ধ করার উদ্যোগ নিচ্ছে।

তবে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে এই প্রস্তাব পর্যাপ্ত সমর্থন পাচ্ছে না। এছাড়া, ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং হামাস সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি প্যাকেজও প্রস্তাব করেছেন।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সাথে সমস্ত দ্বিপাক্ষিক সহযোগিতা স্থগিত থাকবে, যার মধ্যে রয়েছে ২০২৫ থেকে ২০২৭ সালের ভবিষ্যৎ বার্ষিক বরাদ্দ এবং চলমান ইইউ-ইসরায়েল আঞ্চলিক সহযোগিতা প্রকল্প। তবে, ইসরায়েলি সিভিল সোসাইটি ও ইয়াদ ভাশেমের মতো সংস্থাগুলোর সাথে  ইউরোপীয় কমিশনের সহায়তা অব্যাহত থাকবে।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে, ইসরায়েল ও ইউরোপের সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েল ইউরো-ভূমধ্যসাগরীয় চুক্তির ২ নম্বর অনুচ্ছেদের শর্ত লঙ্ঘন করায় ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ও দ্বিপাক্ষিক সহযোগিতা স্থগিতের এই প্রস্তাব এসেছে বলে জানিয়েছে কমিশন। পর্যালোচনায় দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের সরকারের নেয়া বিভিন্ন ধরনের পদক্ষেপ মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বপূর্ণ শর্ত লঙ্ঘন করেছে। শর্ত লঙ্ঘন করায় ইইউ একতরফাভাবে চুক্তি স্থগিত করার অধিকার রাখে বলে জানিয়েছে সংস্থাটি।

চুক্তির শর্ত লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ, মানবিক সহায়তার ওপর অবরোধ, সামরিক অভিযান জোরদার এবং পশ্চিম তীরের তথাকথিত ই-ওয়ান এলাকায় বসতি স্থাপন পরিকল্পনা এগিয়ে নেয়ার ইসরায়েলি কর্তৃপক্ষের সিদ্ধান্তের জেরে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কমিশন। ইসরায়েলের এসব পদক্ষেপের কারণে গাজায় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে এবং ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কটে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে আরও দুর্বল করে তুলছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ‘‘গাজায় প্রতিদিন যে ভয়াবহ পরিস্থিতি চলছে, তা অবশ্যই থামাতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং হামাসের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তি দিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন মানবিক সহায়তার সবচেয়ে বড় দাতা এবং দ্বিরাষ্ট্র সমাধানের দৃঢ় সমর্থক।

‘‘সাম্প্রতিক গুরুতর পরিস্থিতি বিবেচনা করে আমরা ইসরায়েলের সাথে বাণিজ্য সুবিধা স্থগিত, চরমপন্থী মন্ত্রী ও সহিংস বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা স্থগিত করার প্রস্তাব দিচ্ছি। তবে ইসরায়েলের সিভিল সোসাইটি ও ইয়াদ ভাশেমের কাজে এর প্রভাব পড়বে না।’’

চুক্তির বাণিজ্য সম্পর্কিত মূল অংশ স্থগিত করা হলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রাপ্ত বিশেষ সুবিধা হারাবে ইসরায়েলি পণ্য। ফলে ইসরায়েলি পণ্যগুলোকে একই হারের শুল্ক দিতে হবে; যা অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য এবং যাদের সাথে ইইউর কোনও মুক্ত বাণিজ্য চুক্তি নেই।

সূত্র: ইউরোপা

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers