বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

বিদেশ

ট্রাম্পের শুল্কে বিপর্যস্ত ভারত, পাল্টা কি ব্যবস্থা নেবে দিল্লি?

নিউজজি ডেস্ক ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১৩:৫৭:৪০

158
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০% শুল্ক। এই শুল্কের প্রভাবে ভারতের জিডিপি থেকে প্রায় ০.৮% কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি আয়ে এ বছর প্রায় ৩৫ বিলিয়ন ডলার কমতে পারে। এতে টেক্সটাইল, রত্ন ও অলংকার এবং চামড়াজাত পণ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে কয়েক লক্ষ চাকরি ঝুঁকিতে পড়বে। এখন পর্যন্ত ভারত কোনো পাল্টা শুল্ক আরোপ করেনি, বরং কূটনৈতিকভাবে বিষয়টি সামাল দেয়ার চেষ্টা করছে।

শুল্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করতে ভারত সম্প্রতি চীনের সাথে সম্পর্কোন্নয়নের ইঙ্গিত দিয়েছে। তিয়ানজিনে এক নিরাপত্তা সম্মেলনের আড়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লিমুজিনে যাত্রার ছবি বিশ্বমাধ্যমে প্রকাশ পায়। এছাড়া জাপান, রাশিয়া ও চীনের সাথে নতুন মাত্রায় সম্পৃক্ততা ভারতের প্রতীকী জবাব হিসেবে দেখা হচ্ছে।

দেশের ভেতরে রপ্তানিকারকদের জন্য কিছু সহায়তা ঘোষণা করা হয়েছে এবং শিগগিরই কর ছাড় দেয়ারও ইঙ্গিত দিয়েছেন মোদি।

২০১৯ সালে ভারত ২৮টি মার্কিন পণ্যে পাল্টা শুল্ক দিয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বিশেষজ্ঞদের মতে, এবার সরাসরি প্রতিশোধমূলক শুল্ক দেয়া ভারতের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের কাছে ভারতের রপ্তানি (৮৬ বিলিয়ন ডলার) প্রায় তিনগুণ বেশি, যা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে ভারত।

কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের অধ্যাপক অ্যাশলি টেলিস বলেন, “ভারতের নির্ভরতা যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি। তাই প্রতিশোধমূলক পদক্ষেপ হবে ব্যয়সাপেক্ষ এবং অপ্রয়োজনীয়।”

এছাড়া শুল্কের পাশাপাশি যুক্তরাষ্ট্র ভিসা, সেবা ও ডিজিটাল বাণিজ্যের মতো খাতেও সীমাবদ্ধতা আনতে পারে। মার্কিন বাণিজ্যমন্ত্রী ইতোমধ্যে এইচ-১বি ভিসার নিয়ম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, যা ৭০% ভারতীয়দের জন্য ব্যবহৃত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জন্য সবচেয়ে ভালো বিকল্প হলো নতুন বাজার খোঁজা। কানাডা, মেক্সিকো, ইউরোপ, লাতিন আমেরিকা ও চীনের সাথে বাণিজ্য বাড়ানো উচিত। সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু বলেছেন, “এখন সময় নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার।”

ভারত ইতোমধ্যে যুক্তরাজ্যের সাথে বাণিজ্যচুক্তি করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে নতুন বাজারে প্রবেশ এত সহজ নয়—কারণ খরচ বেশি এবং নতুন যন্ত্রপাতি বা পণ্য লাইন তৈরির ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞ অজয় শ্রীবাস্তবের মতে, ভারতকে দ্রুত বাজার বহুমুখীকরণ করতে হবে এবং বিকল্প বাজারে রপ্তানি কেন্দ্র স্থাপন করতে হবে। পাশাপাশি প্রযুক্তি ও গুণগত মান উন্নয়নের মাধ্যমে অভ্যন্তরীণ প্রতিযোগিতা বাড়ানো এখন জরুরি।

সূত্র: বিবিসি

 

নিউজজি/এসআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers