বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি

একই দিনে ২ সূর্যাস্ত ও উল্কাবৃষ্টির মহাজাগতিক দৃশ্য

নিউজজি ডেস্ক ৪ আগস্ট , ২০২৬, ১৩:৩৭:২৮

113
  • সংগৃহীত

ঢাকা: স্পেনের ছোট্ট গ্রাম আভেয়ানোসা দে মুনিও আগামী ১২ আগস্ট পরিণত হতে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে বিশেষ আকর্ষণের স্থানে। কারণ ওই দিন একই আকাশে দেখা মিলবে দুটি বিরল মহাজাগতিক ঘটনার—পূর্ণ সূর্যগ্রহণ ও পার্সিড উল্কাবৃষ্টি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পূর্ণ সূর্যগ্রহণের কারণে সূর্যাস্তের আগেই কয়েক মিনিটের জন্য দিনের আলো মিলিয়ে গিয়ে রাতের মতো অন্ধকার নেমে আসবে। এরপর রাতের আকাশে দেখা যাবে পার্সিড উল্কাবৃষ্টির মনোমুগ্ধকর দৃশ্য।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ আগস্টের এই পূর্ণ সূর্যগ্রহণ ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ড থেকে দেখা প্রথম পূর্ণ সূর্যগ্রহণ হতে যাচ্ছে। আর স্পেনের মূল ভূখণ্ডে ১৯১২ সালের পর এটি হবে প্রথম পূর্ণ সূর্যগ্রহণ।

বুরগোস প্রদেশের আভেয়ানোসা দে মুনিও গ্রামটি গ্রহণপথের (পাথ অব টোটালিটি) ঠিক মাঝামাঝি এলাকায় অবস্থিত। খোলা প্রান্তর, পাহাড়ি পরিবেশ এবং কম আলোকদূষণের কারণে স্থানটিকে গ্রহণ পর্যবেক্ষণের জন্য অন্যতম সেরা জায়গা হিসেবে বিবেচনা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

স্পেনের জ্যোতির্বিজ্ঞানী মারিয়া তেরেসা লোপেজ সানচেজ বলেন, গ্রহণটি সূর্যাস্তের ঠিক আগে ঘটবে। ফলে কয়েক মিনিটের জন্য এমন অন্ধকার নেমে আসবে, যা অনেকটা সূর্যাস্তের অনুভূতি তৈরি করবে। এরপর আবার সূর্যের আলো ফিরে আসবে এবং কিছু সময় পর স্বাভাবিক সূর্যাস্ত হবে। তিনি এই অভিজ্ঞতাকে ‘একদিনে দুই সূর্যাস্তের মতো অনুভূতি’ বলে বর্ণনা করেছেন।

গ্রামের প্রবীণ বাসিন্দা সারা আলভারেজ রদ্রিগেজ জানান, একসময় প্রায় ২০০ মানুষের বসবাস ছিল গ্রামটিতে। কৃষিকাজে যান্ত্রিকীকরণ এবং কর্মসংস্থানের অভাবে অধিকাংশ মানুষ শহরে চলে যান। তবে বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার কারণে বহু পুরোনো বাসিন্দা ও পর্যটক আবার গ্রামে ফিরছেন।

স্থানীয় বাসিন্দা রাউল গ্রান্দে রেভিয়া পরিবার ও বন্ধুদের নিয়ে প্রায় ২০ সদস্যের একটি দল নিয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন। স্পেনের বিভিন্ন অঞ্চল ছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স ও ভেনেজুয়েলা থেকে পর্যটকরা ইতোমধ্যে সফরের প্রস্তুতি নিয়েছেন। আশপাশের অনেক হোটেল কয়েক বছর আগেই পুরোপুরি বুকিং হয়ে গেছে।

পূর্ণ সূর্যগ্রহণের কয়েক ঘণ্টা পরই রাতের আকাশে দেখা যাবে পার্সিড উল্কাবৃষ্টি, যা বছরের অন্যতম জনপ্রিয় উল্কাবৃষ্টি হিসেবে পরিচিত। চাঁদের আলো তুলনামূলক কম থাকায় এ বছর উল্কাবৃষ্টি পর্যবেক্ষণের পরিবেশও অনুকূল থাকবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

বিশেষজ্ঞদের মতে, একই দিনে পূর্ণ সূর্যগ্রহণ এবং পার্সিড উল্কাবৃষ্টির মতো দুটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা একসঙ্গে উপভোগের সুযোগ খুবই বিরল। এ কারণেই আগামী ১২ আগস্ট আভেয়ানোসা দে মুনিও বিশ্বের জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের অন্যতম গন্তব্যে পরিণত হতে যাচ্ছে। সূত্র: বিবিসি

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers