শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

বছরে তৃতীয় প্রান্তিকে ট্যাবলেট বিক্রি ৫% বেড়েছে

নিউজজি ডেস্ক ১১ নভেম্বর , ২০২৫, ১৪:৪৬:১৩

141
  • ছবি : সংগৃহীত

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী, এই সময়ে মোট ৪ কোটি ইউনিট ট্যাবলেট বিক্রি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। এই বৃদ্ধিতে টানা সপ্তম প্রান্তিক ধরে বিশ্বব্যাপী ট্যাবলেটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

বৃদ্ধির মূল কারণ হিসেবে চীনের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও মধ্য ইউরোপের শক্তিশালী ভোক্তা চাহিদা কাজ করেছে। তাছাড়া জাপানে সরকারের ‘গিগা ২.০’ শিক্ষা প্রকল্পের কারণে ক্রোম ট্যাবলেট সরবরাহও উল্লেখযোগ্য হারে বেড়েছে। শিক্ষামূলক ব্যবহারের জন্য বিশ্বব্যাপী ক্রোমবুক সরবরাহও ৪২ লাখ ইউনিটে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি।

ওমডিয়ার গবেষণা ব্যবস্থাপক হিমানি মুক্কা বলেন, ‘ট্যাবলেট বাজার মূলত ভোক্তানির্ভর এবং ২০২৫ সালে অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও এটি স্থিতিশীলতা দেখিয়েছে। গত দুই বছরে এ বাজারের ধারাবাহিক প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। নিয়মিত নতুন পণ্যের উন্মোচন, সরকারি ভর্তুকি ও গেমিং ট্যাবলেটের বাড়তি চাহিদা, প্রতিযোগিতামূলক দাম এবং প্রচারণামূলক ক্যাম্পেইন এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

তিনি আরো বলেন, ‘পশ্চিমা দেশগুলোয় ছুটির আগে বিক্রি বাড়ার পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও চীনে ১১.১১ (১১ নভেম্বর উপলক্ষে ছাড়) এবং ছুটির সময় বিক্রি তৃতীয় প্রান্তিকে বাজারের প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।’

তার ভাষ্যমতে, চতুর্থ প্রান্তিকে বিক্রি অনেকটা স্থির থাকবে এবং ২০২৬-এও বাজারে খুব বেশি পরিবর্তন হবে না, কারণ ট্যাবলেট পাল্টানোর চাহিদা ধীরে ধীরে কমতে পারে।

বৃহৎ সরবরাহকারীদের মধ্যে অ্যাপল ১ কোটি ৪৩ লাখ ইউনিট বিক্রি করে স্থিতিশীল বৃদ্ধি দেখিয়েছে। স্যামসাংও ৬৯ লাখ ইউনিট বিক্রি করে আগের অবস্থান ধরে রেখেছে। বাজারে সর্বোচ্চ ২৩ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে লেনোভো, যা ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে বিক্রির বৃদ্ধি থেকে এসেছে এবং কোম্পানির মোট ট্যাবলেট সরবরাহ ৩৭ লাখ ইউনিটে পৌঁছেছে। হুয়াওয়ে ৩২ লাখ ইউনিট বিক্রি করে ১১.৫ শতাংশ বৃদ্ধি দেখিয়েছে এবং শাওমি ২৬ লাখ ইউনিট বিক্রি করে ২.৩ শতাংশ বৃদ্ধি নিয়ে শীর্ষ পাঁচে রয়েছে।

ওমডিয়ার গবেষণা ব্যবস্থাপক কিয়েরেন জেসপ জানান, জাপানের ‘গিগা ২.০’ প্রকল্পের পাশাপাশি ক্রোমবুকের শিক্ষামূলক ব্যবহার অন্যান্য দেশে, বিশেষ করে মধ্য ও পূর্ব ইউরোপ এবং উত্তর আমেরিকায় সম্প্রসারণ পাচ্ছে। স্কুলগুলোতে কিছু প্রতিষ্ঠান ক্রোমবুক ব্যবহার করছে, আবার কিছু আইপ্যাডের ওপর নির্ভর করছে। স্থানীয় ও রাজ্য সরকারের অর্থায়ন ক্রোমবুক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি উল্লেখ করেন, নিউইয়র্ক সিটিতে ডেল ও টি মোবাইলের সহযোগিতায় প্রায় সাড়ে তিন লাখ ক্রোমবুক সরবরাহ করা হয়েছে, যেগুলোয় ৫জি ইন্টারনেট ব্যবহার করা যায়।

তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক ক্রোমবুকের বাজার ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। লেনোভো ১৪ লাখ ইউনিট বিক্রি ও ৫৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এসার দশমিক ৮ লাখ ইউনিট বিক্রি করে ১৮ শতাংশ বাজার হিস্যা অর্জন করেছে। তবে এইচপির বিক্রি ১৫ দশমিক ৩ শতাংশ কমে ৭ লাখ ইউনিটে নেমেছে। আসুস ও ডেল শীর্ষ পাঁচে রয়েছে। যেখানে আসুস ৫৯ শতাংশ প্রবৃদ্ধির কারণে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে এবং জাপানের গিগা ২.০ প্রকল্পের সুবিধা পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অর্থনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভোক্তা চাহিদা, শিক্ষামূলক প্রকল্প এবং সরকারি প্রোগ্রামের কারণে ট্যাবলেট ও ক্রোমবুক বাজারের সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন