শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

স্যাটেলাইট থেকে মোবাইল সংযোগে স্টারলিংক-ভিওনের চুক্তি

নিউজজি ডেস্ক ৯ নভেম্বর , ২০২৫, ১৩:০৮:০৮

133
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ইলোন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক টেলিকম গ্রুপ ‘ভিওন’-এর সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি স্যাটেলাইট থেকে সরাসরি ফোনে যোগাযোগ প্রযুক্তির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় হিসেবে বিবেচিত হচ্ছে।

চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান প্রথমবারের মতো সরাসরি স্যাটেলাইট–টু–ফোন সেবা বাণিজ্যিকভাবে চালু করতে যাচ্ছে। এই অংশীদারিত্বের ফলে স্টারলিংক এক লাফে প্রায় ১৫ কোটি সম্ভাব্য গ্রাহকের বাজারে প্রবেশ করছে। খবর রয়টার্স।

ভিওনের কার্যক্রম বর্তমানে কাজাখস্তান, ইউক্রেন, পাকিস্তান, বাংলাদেশ ও উজবেকিস্তানে বিস্তৃত। শিগগিরই ইউক্রেন ও কাজাখস্তানে স্যাটেলাইট টু ফোন সেবা চালু হওয়ার কথা। ভবিষ্যতে পাকিস্তান, বাংলাদেশ ও উজবেকিস্তানে সরাসরি স্যাটেলাইট সংযোগ সেবা চালুর সম্ভাবনাও রয়েছে।

স্যাটেলাইট–টু–সেল প্রযুক্তি এমন একটি ব্যবস্থা, যেখানে প্রচলিত মোবাইল টাওয়ার ছাড়াই ফোন সরাসরি মহাকাশে কক্ষপথে থাকা স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হতে পারে। ফলে দুর্গম পাহাড়ি এলাকা, মরুভূমি বা সমুদ্র উপকূলের মতো স্থানে, যেখানে টাওয়ার বসানো অসম্ভব বা ব্যয়সাপেক্ষ, সেখানে মানুষ সহজেই কল, বার্তা ও ডাটা ব্যবহার করতে পারবে।

এই প্রযুক্তি ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে পারে, বিশেষত জরুরি উদ্ধার বা প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী সময়ে যোগাযোগে।

চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে ভিওনের দুই অপারেটর—কাজাখস্তানের বিউলাইন ও ইউক্রেনের কিয়েভস্টার—স্টারলিংকের এ সেবা চালু করবে। ইউক্রেনে ২০২৫ সালের শেষ প্রান্তিকে সেবা শুরু হবে, কাজাখস্তানে শুরু হবে ২০২৬ সালে। কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের ওয়াশিংটন সফরের সময় এ ঘোষণা দেয়া হয়। ভিওনের নতুন ব্যবসা পরিচালক ইলিয়া পলশাকভ জানিয়েছেন, ‘গ্রাহক সংখ্যার বিচারে এটাই বিশ্বের সবচেয়ে বড় পার্টনারশিপ।’

চুক্তিটি একচেটিয়া নয়। অর্থাৎ ভিওন চাইলে ভবিষ্যতে অন্য স্যাটেলাইট কোম্পানির সঙ্গেও কাজ করতে পারবে। তারা এরই মধ্যে অ্যামাজনের প্রজেক্ট কুইপার, এএসটি স্পেসমোবাইল ও ইউটেলস্যাট ওয়ানওয়েবের সঙ্গেও আলোচনা করছে। যদিও এসব প্রকল্প বাস্তবায়ন হতে ২০২৭-২৮ সাল পর্যন্ত সময় লাগবে, স্টারলিংক-ভিওনের চুক্তি কার্যকর হচ্ছে এখনই।

স্যাটেলাইট–টু–ফোন প্রতিযোগিতা গত এক বছরে আরো তীব্র হয়েছে। এএসটি স্পেসমোবাইল ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি ও ভেরাইজনের সঙ্গে চুক্তি করেছে; ইউরোপে ভোডাফোন একই প্রযুক্তি নিয়ে কাজ করছে। অন্যদিকে ইকোস্টার সম্প্রতি স্পেসএক্সের সঙ্গে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের নতুন চুক্তি করেছে, যা স্টারলিংককে যুক্তরাষ্ট্রে আরো গ্রাহক বাড়ানোর সুযোগ দেবে।

বর্তমানে স্টারলিংকের আট হাজারের বেশি স্যাটেলাইট কক্ষপথে সক্রিয়, যার মধ্যে ৬৫০টি সরাসরি মোবাইল সংযোগের জন্য নিবেদিত। প্রতিষ্ঠানটি এরই মধ্যে ১১টি দেশের টেলিকম অপারেটরের সঙ্গে পার্টনারশিপে কাজ করছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের টি–মোবাইল ও কানাডার রজার্স অন্যতম।

বিশেষজ্ঞদের মতে, এ চুক্তি শুধু একটি ব্যবসায়িক পদক্ষেপ নয়, বরং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে ভিওনের ব্র্যান্ড বাংলালিংক কার্যকর, ভবিষ্যতে সরাসরি স্যাটেলাইট সংযোগ চালু হলে তা যোগাযোগ খাতে এক বড় পরিবর্তন আনবে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন