বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

এজবাস্টনে দাপুটে জয়ে সমতায় ফিরল ভারত

ক্রীড়া ডেস্ক ৭ জুলাই , ২০২৫, ১০:২৭:১৫

198
  • ছবি: ইন্টারনেট

সিরিজের প্রথম টেস্টে হেরে সমালোচনার মুখে পড়েছিল ভারত। তবে তাদের জবাব দিতে খুব একটা সময় নেয়নি শুভমান গিলের দল। রবিবার সিরিজের দ্বিতীয় টেস্টে এজবাস্টনে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে দেয় সফরকারীরা। রানের হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়ও এটি। এছাড়া দেশের বাইরে রানের হিসেবে তাদের সবচেয়ে বড় জয় এটি। টেস্টে সব মিলিয়ে তাদের এর চেয়ে বড় জয় আছে আর মাত্র তিনটি। এরফলে ৫ ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে ভারত। 

এজবাস্টনে রোববার ম্যাচের শেষ দিন ৬০৮ রানের ২৭১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এই মাঠে স্বাগতিকদের বিপক্ষে নবম দেখায় এটিই ভারতের প্রথম।
 
প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয়বারে ১৬১ রান করেন ভারত অধিনায়ক শুভমান গিল। এদিকে প্রথম ইনিংসে ৪টির পর দ্বিতীয়বার ৬ উইকেট নেন আকাশ দ্বীপ। তবে ম্যাচসেরা হয়েছেন গিল।
 
প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং গুঁড়িয়ে দেন মোহাম্মদ সিরাজ। দ্বিতীয়বারে তিনি পান শুধু ১ উইকেট। তবে এবার জ্বলে ওঠেন আকাশ। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ার দিন তার শিকার ৯৯ রানে ৬ উইকেট। সব মিলিয়ে ম্যাচে ১৮৭ রানে ১০ উইকেট তার।
 
জয়ের চিত্রনাট্য আগের দিনই সাজিয়ে ফেলেছিল ভারত। ছয়শর বেশি রানের লক্ষ্যে ৭২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। শেষ দিনে ভারতের জয়ের মাঝে বাধা হয়ে দাঁড়ানোর শঙ্কা জাগিয়েছিল বৃষ্টি। যে কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪০ মিনিট পর শুরু হয় শেষ দিনের খেলা। জয়ের পথে এগিয়ে যেতে দেরি করেননি আকাশ। প্রথম সাত ওভারেই আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অলি পোপ ও হ্যারি ব্রুককে ফেরান ২৮ বছর বয়সী পেসার।
 
মাত্র ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে তখন বড় পরাজয়ের শঙ্কায় ইংল্যান্ড। তবে জেমি স্মিথকে নিয়ে কিছুক্ষণ দলকে এগিয়ে নেন বেন স্টোকস। চমৎকার বোলিংয়ে বারবার ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলছিলেন আকাশ। প্রথম ঘণ্টার পর আক্রমণে আসেন সিরাজ। আরও বাড়ে ইংল্যান্ডের চ্যালেঞ্জ। সব কিছু সামলেই উইকেট বাঁচিয়ে রেখে খেলছিলেন স্টোকস ও স্মিথ। কিন্তু লাঞ্চ বিরতির ঠিক আগের ওভারে ঘটে বিপদ। ওয়াশিংটন সুন্দারের ফুল লেংথ ডেলিভারি সামনের পায়ে ডিফেন্ড করার চেষ্টায় ব্যাটের আগে ছুঁয়ে যায় স্টোকসের প্যাড।
 
জোরাল আবেদনে আঙুল সাড়া দেন আম্পায়ার। রিভিউ নষ্ট করে ড্রেসিং রুমের পথ ধরেন ৬ চারে ৭৩ বলে ৩৩ রান করা ইংল্যান্ড অধিনায়ক। তার বিদায়ে ভাঙে ৭০ রানের ষষ্ঠ উইকেট জুটি। বাকি সময়টা স্মিথের একার লড়াই। ক্রিস ওকসের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ৪৬ রান যোগ করেন কিপার-ব্যাটসম্যান। প্রথম ইনিংসে অপরাজিত ১৮৪ রান করা স্মিথ এবার ৭৩ বলে করেন ফিফটি।
 
পঞ্চাশ ছুঁয়ে দ্রুত রান তোলার চেষ্টা করেন স্মিথ। সুন্দারের এক ওভারে দুই ছক্কার সঙ্গে মারেন চার। তবে অন্য প্রান্ত থেকে তেমন সমর্থন পাননি ছন্দে থাকা কিপার-ব্যাটসম্যান। প্রাসিধ কৃষ্ণার বলে আলগা শটে উইকেট দিয়ে আসেন ওকস।
 
দুই ওভার পর আকাশের বলে ফেরেন স্মিথ। আগেই ব্যাট চালিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন তিনি। ৫ উইকেট পূর্ণ হয় আকাশের। প্রথম ইনিংসে ১৮৪ রানে অপরাজিত থাকা স্মিথ এবার করেন ৯ চার ও ৪ ছক্কায় ৯৯ বলে ৮৮ রান। ম্যাচে তার সংগ্রহ ২৭২ রান।
 
বাকি সময়টুকু ছিল ভারতের জয়ের আনুষ্ঠানিকতার অপেক্ষা। জশ টংকে ফেরান রাভিন্দ্রা জাদেজা। স্লিপে কার্সের ক্যাচ ছাড়েন লোকেশ রাহুল। মিড অনে ক্যাচ নিতে পারেননি সিরাজ। এলোমেলো কিছু শটে পরাজয়ের ব্যবধান কমান কার্স। শেষ পর্যন্ত ম্যাচে ভারতের সেরা দুই ক্রিকেটারের যুগলবন্দীতেই সমাপ্তি ঘটে ইংল্যান্ডের ইনিংসের। আর নিশ্চিত হয় ভারতের ঐতিহাসিক জয়। চার দিন বিরতি দিয়ে লর্ডসে আগামী বৃহস্পতিবার শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
ভারত ১ম ইনিংস: ৫৮৭
 
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪০৭
 
ভারত ২য় ইনিংস: ৪২৭/৬ ডিক্লে.
 
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৬০৮) (আগের দিন ৭২/৩) ৬৮.১ ওভারে ২৭১ (পোপ ২৪, ব্রুক ২৩, স্টোকস ৩৩, স্মিথ ৮৮, ওকস ৭, কার্স ৩৮, টং ২, বাশির ১২*; আকাশ ২১.১-২-৯৯-৬, সিরাজ ১২-৩-৫৭-১, কৃষ্ণা ১৪-২-৩৯-১, জাদেজা ১৫-৪-৪০-১, সুন্দার ৬-২-২৮-১)
 
ফল: ভারত ৩৩৬ রানে জয়ী
 
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা
 
ম্যাচ সেরা: শুবমান গিল
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers