বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

এনসিএল টি-টোয়েন্টির ভেন্যু বগুড়া, রাজশাহী ও সিলেট

ক্রীড়া ডেস্ক ৭ আগস্ট , ২০২৫, ২১:৫৮:১১

309
  • ছবি: ইন্টারনেট

জাতীয় লিগ টি-টোয়েন্টি (এনসিএল) আসর গত বছর হয়েছিল সিলেটে। তবে এবার  টুর্নামেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে আরও। দেশের তিনটি ভেন্যুতে হবে এবারের টুর্নামেন্ট। সিলেট ছাড়াও খেলা হবে বগুড়া ও রাজশাহীতে।

এবারের এনসিএল টি-টোয়েন্টি শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝি।এবার ভেন্যু বাড়াতে হতে পারে বলে একটি আলোচনা চলছিল বেশ কিছু দিন ধরেই। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে নিশ্চিত করলেন সেটি, ‘এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। কারণ এক জয়গায় দুটি করে মাঠ দরকার। অনেক চিন্তা করে আমরা ঠিক করেছি বগুড়া, রাজশাহী ও সিলেটে করব এই টুর্নামেন্ট। এই তিনটা জায়গায় করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

ক্রিকেটকে ঢাকার বাইরের সমর্থকদের কাছে পৌঁছে দিতেই তিন ভেন্যুতে খেলা আয়োজনের এই সিদ্ধান্ত বলে জানান আকরাম, ‘ওদের (বগুড়া) তো আসলে বিপিএলেও অনেক চাহিদা আছে। ওরা সবসময় বলে। আমরা চেষ্টা করছি ক্রিকেটকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে। বগুড়ায় আগে অনেক খেলা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে। সেটা আমাদের মাথায় আছে। রাজশাহীতে অনেক ক্রিকেট ভক্ত আছে। ভালো ভালো ক্রিকেটার উঠে এসেছে ওখান থেকে।’

আকরাম আরও বলেন, ‘সেমি-ফাইনাল ও ফাইনাল হয়তো আমরা দিন-রাতের ম্যাচ করব। সেটার জন্য আমরা সিলেটে পরিকল্পনা করছি। আমরা প্রথমে এমএ আজিজের কথা চিন্তা করেছিলাম, যেহেতু সেখানে লাইট আছে (দিন-রাতের ম্যাচের জন্য)। কিন্তু এমএ আজিজে ভালো উইকেট আমরা পাব না। এজন্য বাতিল করেছি। বগুড়ায় যেটা শুনলাম, মোটামুটি ভালো অবস্থায় আছে সবকিছু। আমাদের হাতে যেহেতু এখনও ৪০ দিনের মতো আছে। গ্রাউন্ডস বিভাগ থেকে কালকে লোকজন যাবে। ওরা দেখে-দেখে বলবে যে কী কী লাগবে।’

এবারের এনসিএলে ভাল উইকেটের আশা আকরামের, ‘আমরা অবশ্যই ভালো উইকেটে খেলতে চাই, টি-টোয়েন্টিতে যেন প্রচুর রান হয়। এই ব্যাপারটা আমাদের মাথায় আছে। উইকেট ও অন্যান্য সুযোগ-সুবিধা আমরা ভালো দিতে চাই। গতবার ম্যাচ ফি ছিল ২৫ হাজার, এবার সেটা বাড়িয়ে ৪০ হাজার করেছি। অন্যান্য সুবিধাও আমরা বাড়ানোর চেষ্টা করছি।’

শুধু উইকেট বা মাঠের সুযোগ-সুবিধা নয়, সব দিক থেকেই এনসিএল টি-টোয়েন্টিকে আন্তর্জাতিক মানের আসরে রূপ দিতে চাওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন আকরাম।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers