বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

শান্তর পর মুশফিকের সেঞ্চুরি, স্বস্তিতে দিন শেষে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ১৭ জুন , ২০২৫, ১৮:৫৪:২৯

204
  • ছবি: ক্রিকইনফো

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে নিজেদের প্রথম ম্যাচের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। গলে শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে জুটিতে তারা ২৪৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন। 

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে ২৯২ রান করেছে বাংলাদেশ। শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত রয়েছেন। সকালের সেশনে ৪৫ রানে ৩ উইকেট পতনের পর দলকে টেনে নেন এই দুজন। শেষ পর্যন্ত তারা দলকে নিরাপদে রেখে দিন শেষ করেছেন। 

২০২৩ সালের পর মঙ্গলবারেই প্রথম সেঞ্চুরির দেখা পান  নাজমুল হোসেন শান্ত। এদিকে ১৪ ইনিংসের মধ‍্যে প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করেন মুশফিকুর রহিম। 

১৭তম ওভারে ৪৫ রানে তৃতীয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন দলের সাবেক ও বর্তমান অধিনায়ক। লঙ্কান বোলারদের হতাশায় ডুবিয়ে দলকে নিয়ে গেছেন তিনশ রানের কাছে।

দ্বিতীয় নতুন বলের ১০ ওভারও কাটিয়ে দিয়েছেন শান্ত ও মুশফিক। দ্বিতীয় দিন তারা নামবেন ইনিংস যতটা সম্ভব বড় করার লক্ষ‍্য নিয়ে।

২ উইকেট নিলেও টেস্ট ক্রিকেটে নিজের প্রথম দিনেই রান দেওয়ার সেঞ্চুরি হয়ে গেছে থারিন্দু রাত্নায়াকের। আরেক স্পিনার প্রবাথ জয়াসুরিয়া আঁটসাঁট বোলিং করলেও কোনো উইকেট পাননি।

এরআগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা বাংলাদেশের ভাল ছিল না। দলীয় মাত্র ৪৬ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। শুরুতেই (দলীয় ৫ রানে) আউট হয়েছেন এনামুল হক বিজয়। ১০ বলে শূন্য রান করে তিনি আসিথা ফার্নান্দোর বলে কুশল মেন্ডিসের হাতে স্লিপে ক্যাচ দেন। এরপর মুমিনুল হক এবং সাদমান ইসলাম মিলে যোগ করেন ৩৪ রান। দুজনকেই ফিরিয়ে দেন অভিষিক্ত লঙ্কান স্পিনার থারিন্দু রত্ননায়েকে। মুমিনুল ২৯ এবং সাদমান ১৪ রান করেছেন।

এমতাবস্থায় বাংলাদেশকে বিপদ থেকে টেনে তুলতে কার্যকর জুটি প্রয়োজন ছিল। সেই চাহিদাই পূরণ করেছেন শান্ত-মুশফিক। দিনের শেষ পর্যন্ত তারা লঙ্কানদের আর কোনো আনন্দের উপলক্ষ্য পেতে দেননি। প্রায় সাড়ে তিন গড়ে শান্ত-মুশফিক রান তুলেছেন। ৭৩.৫ ওভারে দলীয় খাতায় তোলেন ২৪৭ রান। শান্ত যেখানে প্রয়োজন অনুসারে বোলারদেরও পর চড়াও হয়েছেন, মুশফিক ছিলেন হিসাবী ব্যাটার। বাউন্ডারির চেয়ে সিঙ্গেল রানকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন। বিলাসী শট খেলার ঝুঁকি নেননি তেমন। ফলে ১৭৬ বলে শতক পূর্ণ করার পথে কেবল ৫টি চার মারেন অভিজ্ঞ এই তারকা। শেষ পর্যন্ত দারুণ খেলেই শান্তর সঙ্গে দিন শেষ করেন তিনি। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩ (সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, শান্ত ১৩৬*, মুশফিক ১০৫*; আসিথা ১৪-২-৫১-১, মিলান রত্নায়াকে ১২-৩-১৯-০, থারিন্দু রাত্নায়াকে ৩২-৩-১২৪-২, জয়াসুরিয়া ২৯-০-৮৬-০, ডি সিলভা ৩-০-৭-০)

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers