শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা

চ্যাম্পিয়নস লিগে গোলের অবিশ্বাস্য রেকর্ড গড়ছেন হলান্ড

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৫, ২০২৬, ১১:২৭:৫০

104
  • চ্যাম্পিয়নস লিগে গোলের অবিশ্বাস্য রেকর্ড গড়ছেন হলান্ড

বয়স মাত্র ২৬। অথচ ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়নস লিগে গোলের পর গোল করে চলেছেন আর্লিং হলান্ড। এবার আরবি লাইপজিগের বিপক্ষে জয়সূচক গোল করে নতুন উচ্চতায় পৌঁছেছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগে মাত্র ৬১ ম্যাচ খেলেই তাঁর গোলসংখ্যা ৬২!

গোল করাটাই যেন অভ্যাসে পরিণত করেছেন আর্লিং হলান্ড। বুধবার (৪ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৭৮ মিনিটে ইলিয়ট অ্যান্ডারসনের ক্রস থেকে বল জালে পাঠিয়ে সিটির জয় নিশ্চিত করেন হলান্ড।

এই গোলটি ছিল চ্যাম্পিয়নস লিগে তার ৬২তম। অবিশ্বাস্য বিষয় হলো, এই মাইলফলকে পৌঁছাতে নরওয়েজিয়ান তারকার লেগেছে মাত্র ৬১ ম্যাচ। অর্থাৎ ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ক্লাব প্রতিযোগিতায় প্রতি ম্যাচে গড়ে একটিরও বেশি গোল করছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগে অভিষেকের পর থেকেই গোলের বন্যা বইয়ে দিচ্ছেন হলান্ড। রেড বুল সালজবুর্গের হয়ে শুরু, এরপর বরুসিয়া ডর্টমুন্ড পেরিয়ে ম্যানচেস্টার সিটি—প্রতিটি ক্লাবেই নিজের গোল করার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। সালজবুর্গের হয়ে ৬ ম্যাচে ৮ গোল, ডর্টমুন্ডের হয়ে ১৩ ম্যাচে ১৫ গোল এবং ম্যানচেস্টার সিটির হয়ে ৪২ ম্যাচে ৩৯ গোল করেছেন এই স্ট্রাইকার। সব মিলিয়ে তাঁর গোল ৬২টি।

শুধু গোলসংখ্যাই নয়, দ্রুততম সময়ে মাইলফলক স্পর্শ করার ক্ষেত্রেও রেকর্ড গড়েছেন হলান্ড। চ্যাম্পিয়নস লিগে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ গোলের মাইলফলকে দ্রুততম পৌঁছানোর কীর্তি তাঁর দখলে। ৬০ গোল করতে তাঁর লেগেছে মাত্র ৬০ ম্যাচ। এই কীর্তিতে পেছনে ফেলেছেন লিওনেল মেসির আগের রেকর্ডকেও।

ম্যানচেস্টার সিটির জার্সিতে চ্যাম্পিয়নস লিগে গোল করার ক্ষেত্রেও নতুন ইতিহাস লিখেছেন হলান্ড। পিএসজির বিপক্ষে জোড়া গোল করে সিটির হয়ে ইউরোপের এই প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি। ছাড়িয়ে যান ক্লাবটির সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে। সিটির হয়ে মাত্র ৪২ ম্যাচে ৩৯ গোল করেছেন হলান্ড। অন্যদিকে আগুয়েরোর গোল ছিল ৩৬টি, যা করতে তার খেলতে হয়েছিল ৬৪ ম্যাচ।

২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন হলান্ড। ওই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১১ ম্যাচে ১২ গোল করে জিতেছিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

সব মিলিয়ে হলান্ডের পরিসংখ্যান বলছে, ইউরোপীয় ফুটবলে গোল করার নতুন এক মানদণ্ড তৈরি করছেন তিনি। বয়স, অভিজ্ঞতা কিংবা প্রতিপক্ষ—কোনো কিছুই যেন তাঁকে থামাতে পারছে না। সামনে আরও কত রেকর্ড অপেক্ষা করছে এই গোলমেশিনের জন্য, সেটিই এখন দেখার বিষয়।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers