রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা

তাইজুলের উইকেট খরায় উদ্বিগ্ন বাংলাদেশ, একাদশে জায়গা নিয়েও অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৪, ২০২৬, ১৩:৫৩:০০

140
  • ছবি : সংগৃহীত

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের স্পিন আক্রমণের অন্যতম ভরসা তাইজুল ইসলাম। অথচ সেই অভিজ্ঞ বাঁহাতি স্পিনারই এখন রয়েছেন ছন্দহীনতায়। শেষ চার টেস্টে তাঁর শিকার মাত্র ৫ উইকেট। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তাইজুলের এমন পারফরম্যান্স নিয়ে গভীর উদ্বেগে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় টেস্টের একাদশে তাঁকে না রাখার ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না প্রধান কোচ ফিল সিমন্স।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে তাইজুলের সাম্প্রতিক ফর্ম নিয়ে কথা বলেন সিমন্স। দলের অন্যতম প্রধান স্পিনারের উইকেট খরা যে তাঁকে ভাবাচ্ছে, সেটি অকপটেই স্বীকার করেছেন বাংলাদেশ কোচ।

সিমন্স বলেন, ‘এটা ভীষণ উদ্বেগের। কারণ সে আমাদের দলের প্রধান স্পিনারদের একজন। তাই এটা ভাবনার বিষয় তো বটেই। আমি নিশ্চিত, এটা তার নিজের জন্যও ততটাই উদ্বেগের। তার সঙ্গে যখন কথা বলবেন, বুঝবেন সে নিজেও এটা নিয়ে ভাবছে। কারণ সে আমাদের এই দলের একটা বড় অস্ত্র।’

মিরপুর টেস্টে বাংলাদেশের স্পিনারদের পারফরম্যান্সের চিত্রটাও ছিল হতাশাজনক। দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান ও অফ স্পিনার রোস্টন চেজ তুলে নেন বাংলাদেশের ১৪ উইকেট। বিপরীতে দুই ইনিংসে মাত্র ২ উইকেট পান তাইজুল। বাংলাদেশের অন্য স্পিনাররাও সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি।

ঘরের মাঠে স্পিনারদের এমন নিষ্প্রভ পারফরম্যান্সকে অস্বাভাবিক বলেই মনে করছেন সিমন্স। তাঁর মতে, নিজেদের চেনা কন্ডিশনে প্রতিপক্ষের স্পিনারদের কাছে এভাবে পিছিয়ে পড়ার ঘটনা বাংলাদেশের জন্য নিয়মিত নয়।

বাংলাদেশ কোচ বলেন, ‘খুব বেশি দলকে আমাদের স্পিনারদের ছাপিয়ে বোলিং করতে দেখিনি। আমরা ভালো বল করতে পারিনি, এটা সত্যি এবং আমরা তা জানি। দলগত আলোচনাতেও বিষয়টি এসেছে যে আমরা ভালো বোলিং করিনি। তবে এমনটা সবসময় ঘটে না।’

তবে একটি টেস্টের ব্যর্থতায় স্পিনারদের ওপর থেকে আস্থা হারাতে রাজি নন সিমন্স। তাঁর বিশ্বাস, বাংলাদেশের শক্তির জায়গা হিসেবে স্পিন বোলিং এখনো গুরুত্বপূর্ণ। সিলেটের কন্ডিশনেও স্পিনারদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।

সিমন্সের ভাষায়, ‘স্পিনাররা এখনও আমাদের শক্তির বড় জায়গা। অনেক পেসার এখন উঠে আসছে ঠিক, তবে স্পিনাররাও সমান গুরুত্বপূর্ণ। এখানে শেষ টেস্টেও আমাদের স্পিনাররাই শেষ দিনে ম্যাচ জিতিয়েছিল। কাজেই স্পিনারদের ওপর আমাদের এখনও পূর্ণ আস্থা আছে।’

এদিকে তাইজুলের ফর্মের পাশাপাশি তাঁর কাঁধের চোট নিয়েও আলোচনা চলছে। সংযুক্ত আরব আমিরাত সফরের পর থেকে কাঁধের টেন্ডনে সমস্যায় ভুগছেন বলে খবর রয়েছে। তবে আপাতত এই চোটকে তাঁর বোলিংয়ের জন্য বড় বাধা মনে করছেন না কোচ।

এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘চোটের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে মেডিকেল স্টাফদের সঙ্গে কথা বলতে হবে। তবে আমি জানি, সংযুক্ত আরব আমিরাতে ওর কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু এরপর থেকে ও ভালোভাবে থ্রো করছে, পুরো গতিতেই বল করছে। গতকালও নেটে পুরোপুরি বোলিং করেছে। দেখে মনে হচ্ছে না এটা ওর বোলিংয়ে প্রভাব ফেলছে।’

তাইজুলের বিকল্প হিসেবে স্কোয়াডে আর কোনো বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনার নেই। ফলে তাঁকে বিশ্রাম দিলে বোলিং আক্রমণের ভারসাম্য রক্ষায় মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের মতো দুই অফ স্পিনারকে নিয়ে একাদশ সাজানোর সম্ভাবনাও সামনে এসেছে।

এমন পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কিছু না বললেও বিষয়টি বিবেচনায় রাখার ইঙ্গিত দিয়েছেন সিমন্স। তিনি বলেন, ‘এটা এমন একটা বিষয়, যা আপনাকে অবশ্যই ভাবাবে। একটু পরেই আমরা যখন (নির্বাচন নিয়ে) বসব, তখন নিশ্চিতভাবেই এই বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে।’

সব মিলিয়ে সিলেট টেস্টের আগে বাংলাদেশের বড় ভাবনার নাম তাইজুলের ফর্ম। দীর্ঘদিনের নির্ভরযোগ্য এই স্পিনারকে আরেকটি সুযোগ দেওয়া হবে, নাকি বোলিং আক্রমণের সমন্বয়ে পরিবর্তন আনবে টিম ম্যানেজমেন্ট—সেই সিদ্ধান্তের অপেক্ষায় এখন সমর্থকেরা। বৃহস্পতিবার টসের আগেই মিলবে তার উত্তর।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers