রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা

প্রতিপক্ষই ছিল ভালো’, বিশ্বকাপ ফাইনালের হার নিয়ে মুখ খুললেন লাউতারো

‎‎ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৭, ২০২৬, ১৫:১০:১৪

228
  • প্রতিপক্ষই ছিল ভালো’, বিশ্বকাপ ফাইনালের হার নিয়ে মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের ফাইনালে হার, শিরোপা ধরে রাখতে না পারার আক্ষেপ—সবকিছুই এখনো পোড়াচ্ছে আর্জেন্টিনাকে। তবে সেই হারের পেছনে কোনো ষড়যন্ত্র বা বাইরের কারণ খুঁজতে রাজি নন লাউতারো মার্তিনেজ। তাঁর সোজাসাপটা স্বীকারোক্তি, ফাইনালে প্রতিপক্ষ স্পেনই ছিল ভালো দল। নিজেদের সর্বোচ্চটা দিয়েও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা।

‎‎আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ের ১৬ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ স্টুডিওকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ ফাইনাল ঘিরে ওঠা নানা ষড়যন্ত্রতত্ত্বের সমালোচনা করেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। তাঁর মতে, দল যা করার ছিল, সবই করেছে; কিন্তু ফুটবলে সব সময় জেতা সম্ভব নয়।

‎‘আমরা সবটুকু দিয়েছি, তবু জিততে পারিনি’

‎লাউতারোর বক্তব্যে উঠে এসেছে হারের কষ্ট, সতীর্থদের প্রতি গর্ব এবং বাস্তবতাকে মেনে নেওয়ার মানসিকতা। তাঁর মতে, আর্জেন্টিনা মাঠে নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছিল। কিন্তু প্রতিপক্ষ যখন ভালো খেলে, তখন হার মেনে নেওয়াও প্রতিযোগিতার অংশ।

‎বিশ্বকাপ ফাইনাল ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে বিরক্তি প্রকাশ করে লাউতারো বলেন, প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো ছিল। এমনটা একসময় না একসময় ঘটবেই। তাঁর এই বক্তব্যে স্পষ্ট, হারের ব্যাখ্যা খুঁজতে গিয়ে অজুহাত দাঁড় করানোর পক্ষপাতী নন তিনি।

‎‎২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ের গোলে ১-০ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। ফেররান তোরেসের গোলেই শিরোপা নিশ্চিত করে স্প্যানিশরা। ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার সামনে এবার ছিল টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ। কিন্তু শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় লিওনেল স্কালোনির দলকে।‎

‎ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও ছিল বাড়তি চাপ

‎ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালকে আর্জেন্টিনার জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন লাউতারো। সেই ম্যাচে ২-১ গোলে জিতে ফাইনালে উঠেছিল আলবিসেলেস্তেরা। শেষ মুহূর্তে লাউতারোর গোলই নিশ্চিত করেছিল জয়। কিন্তু ওই লড়াইয়ে শারীরিক ও মানসিকভাবে প্রচুর শক্তি ব্যয় করতে হয়েছিল দলকে।

‎ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুধু ফাইনালে ওঠার লড়াই ছিল না, দুই দেশের ইতিহাস ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ঘিরে দীর্ঘদিনের আবেগও ম্যাচটিকে বিশেষ মাত্রা দিয়েছিল। লাউতারোর ভাষ্য অনুযায়ী, দলের ভেতরে ম্যাচটি নিয়ে আলাদা আবহ ছিল। সতীর্থদের বার্তা ছিল লড়াই চালিয়ে যাওয়া, প্রতিটি দ্বৈরথে জেতার চেষ্টা করা এবং ফাইনালে পৌঁছানোর সুযোগ কাজে লাগানো।‎

‎নিউজজি/সিআর/ এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers