রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

খেলা

নওয়াজ ঝড় থামিয়ে আবারও সোনার মুকুট ভারতের

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩, ২০২৬, ১৪:৩২:৩৭

215
  • ছবি : সংগৃহীত

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে আবারও সোনার মুকুট পেল ভারত। পাকিস্তানের সামনে জয়ের জন্য ২১২ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দেওয়ার পর হাসান নওয়াজের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচে দারুণ উত্তেজনা তৈরি করেছিল। একসময় মনে হচ্ছিল, অসম্ভবকে সম্ভব করার পথে এগোচ্ছে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত বোলারদের নৈপুণ্যে নওয়াজের লড়াই থামিয়ে সোনা নিজেদের করে নেয় আকাশি জার্সিধারীরা।

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে শনিবার ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে  ভারত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান করে। জবাবে হাসান নওয়াজের ঝোড়ো ৯৬ রানের ইনিংসের পরও পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানের বেশি যেতে পারেনি।

শনিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ৯ বলে ১৫ রান করে ফেরেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। এরপর অভিষেক শর্মা পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন দলটি। মাত্র ২৮ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এ ওপেনার। তাঁর ব্যাট থেকে আসে ৩টি চার ও ৭টি ছক্কা। ২১ বলে ফিফটি পূর্ণ করে পাকিস্তানি বোলিংকে চাপে ফেলে দেন এই বাঁহাতি ব্যাটার। তাঁর ঝড় থামার পরও রান তোলার গতি কমতে দেননি ভারতের ব্যাটাররা।

অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২১ ও ইশান কিষান ২০ রান করেন। শেষদিকে তিলক ভার্মা ও শিবম দুবে মিলে ম্যাচের চেহারা বদলে দেন। মাত্র ২২ বলে অপরাজিত ৫১ রান করেন তিলক। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। দুবে ১৫ বলে ২৭ রান করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান তোলে ভারত।

২১২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। অধিনায়ক সাহিবজাদা ফারহান ১১ বলে ১০ রান করে ফেরেন। এরপর উসমান খানও ৬ বলে ৩ রান করে আউট হন। ৫.২ ওভারে পাকিস্তানের স্কোর দাড়ায় ৩৭/২। ঠিক সে সময় হাসান নওয়াজ ক্রিজে এসে দাপট দেখানভ। তাকে দারুণ সঙ্গ দেন সাইম আইয়ুব। তারা মিলে পাকিস্তানের ইনিংসের গতি ফেরান।

এক পর্যায়ে হাসান নওয়াজ যেন একাই ম্যাচের চিত্র বদলে দেন। মাত্র ৫১ বলে ৯৬ রান করেন তিনি। ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছক্কা। প্রায় ১৮৯ স্ট্রাইক রেটে ব্যাট করে ভারতীয় বোলারদের ওপর একের পর এক আঘাত হানেন এই তরুণ ব্যাটার।

সাইম আইয়ুবও গুরুত্বপূর্ণ ২২ বলে ২৯ রান করেন। দুজন মিলে চতুর্থ উইকেটে ৮৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনেন। একসময় পাকিস্তানের প্রয়োজনীয় রান ওভারপ্রতি কমতে শুরু করায় ভারতের ওপরও চাপ তৈরি হয়।

নওয়াজ ২৮ বলে ফিফটি পূর্ণ করেন। এরপরও তার ব্যাটে ঝড় চলতে থাকে। ভারতের স্পিনারদের বিপক্ষে বিশেষভাবে আগ্রাসী ছিলেন তিনি। কিন্তু সাইম আইয়ুব ২৯ রানে ফিরতেই পাকিস্তানের জয়ের সম্ভাবনায় বড় ধাক্কা লাগে।

সাইমের বিদায়ের পর নওয়াজকে সঙ্গ দেওয়ার মতো ব্যাটার থাকলেও প্রয়োজনীয় রানরেট তখন অনেক বেড়ে যায়। শেষদিকে পাকিস্তানের সামনে সমীকরণ দাঁড়ায় অত্যন্ত কঠিন। ভারতের বোলাররা গুরুত্বপূর্ণ সময়ে চাপ ধরে রাখেন এবং বাউন্ডারির সুযোগ কমিয়ে দেন।

নওয়াজের দুর্দান্ত লড়াইও শেষ পর্যন্ত পাকিস্তানকে সোনার পদক এনে দিতে পারেনি। ভারতের বোলিং আক্রমণ ম্যাচের শেষ ভাগে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলে পাকিস্তানের প্রথম পুরুষ এশিয়ান গেমস ক্রিকেট সোনা জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে যায়। অন্যদিকে ভারত টানা দ্বিতীয়বার পুরুষদের ক্রিকেটে এশিয়ান গেমসের সোনা জয়ের কৃতিত্ব অর্জন করে।

ভারতে হয়ে দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবে।

ভারতের সোনাজয়ের পেছনে সবচেয়ে বড় অবদান  অভিষেক শর্মা ও তিলক ভার্মার ব্যাটিংয়ের। অভিষেকের ঝড়ো ৬১ এবং তিলকের শেষ মুহূর্তের অপরাজিত ৫১ ভারতকে ২০০ পেরোনো সংগ্রহ এনে দেয়। আর পাকিস্তানের হয়ে পুরো ম্যাচে আলো ছড়ান হাসান নওয়াজ।

তবে তার ৯৬ রানের দুর্দান্ত লড়াই শেষ পর্যন্ত কেবল ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনতেই পেরেছে, ফল বদলাতে পারেনি। নওয়াজের ঝড় থামিয়ে শেষ হাসি হাসল ভারতই—আর কোরোগি স্পোর্টস পার্কে উঠল ভারতের এশিয়ান গেমসের আরেকটি সোনার পতাকা।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers