রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

খেলা

মেসির বিদায়, ভালোবাসার শেষ স্মারক দিচ্ছেন সতীর্থরা

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩, ২০২৬, ১৩:২৩:২১

202
  • ছবি : সংগৃহীত

সময় যত গড়াচ্ছে, ততই কাছে চলে আসছে সেই মুহূর্ত—যে মুহূর্তটি দেখতে চান না আর্জেন্টিনার কোটি কোটি সমর্থক। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বিদায়ের সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে বিশেষ প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁর সতীর্থ ও কোচিং স্টাফ।

আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ উপস্থিতি। আর সেই বিদায়কে ঘিরে সতীর্থরা তাঁকে দিতে যাচ্ছেন এমন এক উপহার, যার মূল্য কোনো ট্রফি কিংবা অর্থ দিয়ে মাপা সম্ভব নয়।

মেসির জন্য বিশেষ একটি জার্সি তৈরি করেছেন আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা। সেই জার্সিতে থাকবে দলের প্রত্যেক সদস্যের স্বাক্ষর। শুধু স্বাক্ষরেই শেষ নয়, প্রত্যেকে লিখবেন মেসির জন্য নিজেদের ব্যক্তিগত বার্তাও। অর্থাৎ গত কয়েক বছরে জাতীয় দলের হয়ে মেসির সঙ্গে পথচলা সতীর্থদের ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও স্মৃতির ছাপ থাকবে সেই বিশেষ জার্সিতে।

এই আবেগঘন আয়োজনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা মেসির জন্য তৈরি জার্সিটিতে নিজেদের বার্তা লিখছেন। কেউ লিখেছেন ভালোবাসার কথা, কেউ জানিয়েছেন কৃতজ্ঞতা, আবার কেউ তুলে ধরেছেন মেসির সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের অনুভূতি।

মেসির সঙ্গে আর্জেন্টিনার সাফল্যের অন্যতম কারিগর কোচ লিওনেল স্কালোনিও নিজের অনুভূতি জানিয়েছেন। বিশেষ জার্সিতে তিনি লিখেছেন, ‘জাতীয় দলের জার্সিতে তাঁর অসাধারণ ইতিহাসের অংশ হতে পেরেছি। এ জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।’

স্কালোনির অধীনে মেসি ও আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ। সেই দীর্ঘ সাফল্যের যাত্রার শেষ প্রান্তে এসে কোচের বার্তাতেও তাই ফুটে উঠেছে গভীর কৃতজ্ঞতা।

মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ পাওয়া জুলিয়ান আলভারেজের কাছে ছিল ছোটবেলার স্বপ্নপূরণের মতো। মেসিকে তিনি শুধু সতীর্থ হিসেবে নয়, ছোটবেলা থেকেই আদর্শ হিসেবে দেখে এসেছেন।

বিশেষ জার্সিতে আলভারেজ লিখেছেন, ‘ছোটবেলা থেকেই তাঁকে আমি প্রতিমা ও আদর্শ হিসেবে দেখে এসেছি।’

লিসান্দ্রো মার্তিনেজের বার্তাতেও ছিল আবেগের ছোঁয়া। মেসির প্রতি তাঁদের ভালোবাসা যে শুধু বর্তমানের নয়, আজীবনের—সেটিই জানিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘তাঁর প্রতি আমাদের অবিশ্বাস্য ভালোবাসা আছে। আর সারা জীবনই তা থাকবে।’

আর্জেন্টিনা দলে মেসির পরের প্রজন্মের প্রতিনিধিরাও এখন রয়েছেন। তাঁদের চোখেও আর্জেন্টাইন কিংবদন্তি একইভাবে অনুপ্রেরণার নাম।

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর কাছে মেসির সঙ্গে একই জার্সিতে খেলার অভিজ্ঞতা ছিল স্বপ্ন পূরণের মতো। তিনি বলেছেন, ‘তার সঙ্গে খেলতে পারা আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে।’

নিকো পাজও মেসির কাছ থেকে শেখার সুযোগকে নিজের জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন। তাঁর বার্তা, ‘আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। এ জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

মেসির সঙ্গে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করার কথা জানিয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও। তাঁর ভাষায়, ‘এটা অনন্য কিছু। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

আর ক্রিস্তিয়ান রোমেরোর বার্তায় ছিল আরও ব্যক্তিগত আবেগ। মেসিকে অসাধারণ একজন মানুষ উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি তাঁকে সত্যিই ভালোবাসি।’

মেসিকে ঘিরে যখন দলের সবাই আবেগে ভাসছেন, তখনও নিজের স্বভাবসুলভ রসিকতা করতে ছাড়েননি গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।সতীর্থদের বিশেষ জার্সিতে একের পর এক বার্তা লিখতে দেখে মজা করে তিনি বলেন, ‘এই! তুমি কি বই লিখছ? আমরা সবাই তো লেখার সুযোগ পাইনি!’ তার এই রসিকতাও যেন আবেগঘন পরিবেশে এনে দিয়েছে খানিকটা হাসির মুহূর্ত।

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে শুধু বিশেষ জার্সিই নয়, আর্জেন্টিনা দলের পক্ষ থেকে আরও নানা আয়োজনের প্রস্তুতি চলছে। জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের শেষ অধ্যায়টি স্মরণীয় করে রাখতে চায় পুরো দল।

এর আগে আগামী ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে মেসি সেই ম্যাচে খেলবেন না। তাঁর জন্য নির্ধারিত হয়েছে শুধু ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি।

অর্থাৎ মনুমেন্তালের সেই রাতেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে দেখা যাবে মেসিকে। যে জার্সি পরে তিনি বহু বছর দেশের হয়ে লড়েছেন, কেঁদেছেন, হেরেছেন এবং শেষ পর্যন্ত বিশ্বকাপসহ একের পর এক শিরোপা জিতেছেন—সেই জার্সিতেই এবার আসবে বিদায়ের মুহূর্ত।

আর সতীর্থদের স্বাক্ষর ও ভালোবাসার বার্তায় ভরা বিশেষ জার্সিটি হয়ে থাকবে সেই বিদায়ের এক অমূল্য স্মারক—মেসির জন্য, তাঁর সতীর্থদের জন্য এবং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের জন্য।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers