সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

নির্বাচকদের বার্তায় ক্ষুব্ধ রোহিত, একসময় ভেবেছিলেন অবসর!

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৩:২৩:৪০

108
  • সংগৃহীত

ইংরেজি সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে দলীয় নির্বাচক ও বিসিসিআইয়ের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। এমনকি ইংল্যান্ড সফরের সময় নির্বাচকদের পক্ষ থেকে ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁকে না রাখার বার্তা পাওয়ার পর রোহিত ক্ষুব্ধ হয়ে অবসরের কথাও ভেবেছিলেন বলে দাবি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। প্রথম দুই ম্যাচে ১১ ও ২৬ রান করার পর গুঞ্জন ছড়ায়, লর্ডসে সিরিজের তৃতীয় ম্যাচটিই হতে পারে রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যেই নির্বাচক কমিটির একজন সদস্য নাকি তাঁকে জানিয়ে দেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে রাখা হচ্ছে না। এমনকি লর্ডস ওয়ানডের পরই অবসর ঘোষণার বিষয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া প্রকাশ্যে রোহিতের পাশে দাঁড়ানোর পর। তিনি জানান, রোহিত দলের পরিকল্পনায় থাকলে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন। এই অবস্থান নির্বাচকদের সঙ্গে বোর্ডের শীর্ষ কর্তাদের মধ্যে দূরত্ব আরও স্পষ্ট করে তোলে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর অবশ্য লর্ডসে ব্যাট হাতে জবাব দেন রোহিত। সিরিজের শেষ ম্যাচে মাত্র ১১০ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তিন ম্যাচের সিরিজ শেষ করেন ১৭৫ রান নিয়ে, গড় ৫৮.৩৩ এবং স্ট্রাইক রেট ৯৮.৩১। সেই ইনিংস তাঁর অবসর-জল্পনায় সাময়িক বিরতি আনলেও ২০২৭ বিশ্বকাপের দলে তাঁর জায়গা এখনও নিশ্চিত নয়।

রোহিতের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তা এখন শুধু একজন ক্রিকেটারের ক্যারিয়ার প্রশ্নে সীমাবদ্ধ নেই। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিসিসিআইয়ের বৈঠকে রোহিতের পাশাপাশি নির্বাচক কমিটির সঙ্গে বোর্ডের সম্পর্ক এবং ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনাও গুরুত্ব পেতে পারে।

এদিকে সাবেক ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তাঁর মতে, রোহিতকে নিয়ে বারবার প্রশ্ন তোলা বন্ধ করে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তাঁর জায়গা নিশ্চিত করা উচিত।

সব মিলিয়ে রোহিত শর্মার ভবিষ্যৎ এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় আলোচনার বিষয়। একদিকে নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনা, অন্যদিকে বিসিসিআইয়ের ভিন্ন অবস্থান—এই টানাপোড়েনের মাঝেই আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে নির্ধারিত হতে পারে ভারতের অন্যতম সফল অধিনায়কের পরবর্তী অধ্যায়ের দিক।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers