বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

মেসির পর আর্জেন্টিনার ‘১০’ কার হাতে?

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:১২:৩১

177
  • সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ের সঙ্গে শুধু একটি যুগেরই অবসান হয়নি, আর্জেন্টিনা জাতীয় দলের সামনে তৈরি হয়েছে নতুন এক প্রশ্ন—নীল-সাদা জার্সির ঐতিহাসিক ১০ নম্বরটি এবার উঠবে কার গায়ে? প্রায় দুই দশক ধরে যে নম্বরটি মেসির সঙ্গে সমার্থক হয়ে উঠেছিল, তাঁর আন্তর্জাতিক অবসরের পর সেটিই এখন হয়ে উঠেছে আর্জেন্টিনার ফুটবলে সবচেয়ে আলোচিত শূন্যস্থান।

মেসি ২০০৯ সালের ২৮ মার্চ প্রথমবার আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরেছিলেন। সেদিন ভেনেজুয়েলার বিপক্ষে গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছিলেন তিনি। এরপর থেকে জাতীয় দলের ১০ নম্বর যেন স্থায়ীভাবেই হয়ে যায় মেসির পরিচয়। এখন সেই জার্সির উত্তরাধিকারী কে হবেন, সেটিই বড় প্রশ্ন।

মেসির জায়গা পূরণ করার আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর একটি নিকো পাজ। তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডারকে ভবিষ্যতের আর্জেন্টিনা দলের অন্যতম সৃজনশীল মুখ হিসেবে দেখা হচ্ছে। পাজের খেলার ধরনে বল ধরে আক্রমণ তৈরি করা, শেষ পাস দেওয়া এবং প্রতিপক্ষের রক্ষণে ফাঁক তৈরি করার ক্ষমতা রয়েছে। ফলে মেসির বিদায়ের পর সৃষ্ট সৃজনশীল শূন্যতা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিশ্লেষণেও তাঁকে সম্ভাব্য ১০ নম্বর হিসেবে সামনে রাখা হয়েছে।

মেসির জায়গা আরেকজন নিতে পারেন। তিনি হলেন থিয়াগো আলমাদা। মেসির অনুপস্থিতিতে জাতীয় দলের হয়ে একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড কিংবা উইং—বিভিন্ন জায়গায় খেলতে পারেন আলমাদা। সবচেয়ে বড় বিষয়, ১০ নম্বর জার্সির সঙ্গে তার পরিচয়ও নতুন নয়। বয়সভিত্তিক আর্জেন্টিনা দলের হয়ে তিনি এই নম্বর পরেছেন। ফলে মেসির পর ১০ নম্বরের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আলমাদা বেশ বাস্তবসম্মত প্রার্থী।

এদিকে আলোচনায় আছেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও। মেসি না থাকলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি সর্বশেষ তিনিই পরেছিলেন—২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। তবে তার ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। ২০২৬ বিশ্বকাপের মূল দলে তিনি ছিলেন না। তাই এখনই মেসির উত্তরসূরি হিসেবে তাঁকে এগিয়ে রাখার চেয়ে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

অভিজ্ঞতার জোরে এগিয়ে আছেন লাউতারো মার্তিনেজ। স্কালোনির যুগে তিনি আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন এবং দলের অন্যতম প্রধান গোলস্কোরার। ক্লাব ফুটবলে তিনি ১০ নম্বর জার্সি ব্যবহার করেন। ফলে মেসির পর জাতীয় দলের ১০ নম্বর পাওয়ার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও মর্যাদাও বড় বিষয় হতে পারে। তবে তাঁর স্বাভাবিক ভূমিকা স্ট্রাইকার হওয়ায় মেসির মতো সৃজনশীল ‘প্লেমেকার’ হিসেবে তাঁকে ব্যবহার করা হবে কি না, সেটি বড় প্রশ্ন।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এখন আর্জেন্টিনার মধ্যমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের খেলার ধরন মেসির মতো নয়, কিন্তু তার পাসিং, ম্যাচ নিয়ন্ত্রণ ও আক্রমণে যোগ দেওয়ার ক্ষমতা তাঁকে দলের অন্যতম কেন্দ্রীয় খেলোয়াড় করে তুলেছে। তবে ১০ নম্বর জার্সির ক্ষেত্রে তিনি অন্যদের তুলনায় কিছুটা ভিন্ন ধরনের প্রার্থী। মেসির সরাসরি উত্তরসূরি হিসেবে নয়, বরং নতুন আর্জেন্টিনা দলের নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে তাঁর গুরুত্ব বেশি।

মেসির ১০ নম্বর জার্সি পাওয়া আর মেসির জায়গা পাওয়া—দুটি এক বিষয় নয়। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন মেসি। বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফাইনালিসিমা জেতার পাশাপাশি তিনি জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।

তাই নতুন ১০ নম্বরের ওপর শুরু থেকেই থাকবে বিশাল চাপ। মেসির উত্তরসূরি যেই হোন, তাঁকে তুলনা করা হবে মেসির সঙ্গে। গোল করলেই বলা হবে ‘মেসির মতো’, ব্যর্থ হলেই উঠবে ‘মেসির শূন্যতা’র প্রসঙ্গ। ফলে নতুন ১০ নম্বরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের পরিচয় তৈরি করা।

আর্জেন্টিনা চাইলে আবেগের জায়গা থেকে মেসির ১০ নম্বর জার্সি তুলে রাখতে পারে—এমন আলোচনা থাকলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় জার্সি নম্বর ব্যবহারের নিয়মের কারণে বিষয়টি এত সহজ নয়। ফলে ভবিষ্যতের অফিসিয়াল ম্যাচগুলোতে ১০ নম্বরের নতুন একজন উত্তরসূরি দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। এমনকি মেসির অনুপস্থিতিতে অতীতেও একাধিক খেলোয়াড় ১০ নম্বর পরেছেন। তাঁদের মধ্যে ছিলেন অ্যাঞ্জেল কোরেয়া, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, এভার বানেগা, অ্যাঞ্জেল ডি মারিয়া ও হাভিয়ের পাস্তোরে।

মেসি চলে যাওয়ায় আর্জেন্টিনার সামনে এখন সবচেয়ে বড় কাজ শুধু নতুন একজন ১০ নম্বর খুঁজে বের করা নয়; বরং এমন একটি দল তৈরি করা, যেখানে কোনো একজন খেলোয়াড়কে ঘিরে পুরো পরিকল্পনা আবর্তিত হবে না। নিকো পাজের সৃজনশীলতা, আলমাদার বহুমুখী সামর্থ্য, মাস্তানতুয়োনোর সম্ভাবনা, লাউতারোর অভিজ্ঞতা কিংবা ম্যাক অ্যালিস্টারের নেতৃত্ব—সব মিলিয়ে আর্জেন্টিনার হাতে বিকল্পের অভাব নেই। তবে মেসির ১০ নম্বর জার্সি যে শুধু একটি সংখ্যা নয়, সেটিই এখন সবচেয়ে বড় সত্য।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers