রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটি নিলামে উঠতে পারে ১২৩ কোটি টাকা!

ক্রীড়া ডেস্ক আগস্ট ৮, ২০২৬, ১৩:৪২:২১

102
  • সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী সেই বল এবার উঠছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের ম্যাচে ব্যবহৃত বলটির দাম উঠতে পারে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৩ কোটি টাকা।

ম্যারাডোনার জীবনের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ছিল ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছিলেন তিনি। প্রথম গোলটিই ইতিহাসে জায়গা করে নেয় ‘হ্যান্ড অব গড’ নামে। কয়েক মিনিট পর করা দ্বিতীয় গোলটি পরিচিতি পায় ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে।

এবার সেই ম্যাচের স্মৃতিবিজড়িত অ্যাডিডাসের এজটিকা মডেলের বলটি নিলামে তুলছে যুক্তরাষ্ট্রের ‘হেরিটেজ অকশনস’। নিলামে এর প্রারম্ভিক দর ধরা হয়েছে ২.৫ মিলিয়ন ডলার। তবে নিলামকারী প্রতিষ্ঠানটির ধারণা, শেষ পর্যন্ত দাম ১০ মিলিয়ন ডলার বা তারও বেশি হতে পারে।

বলটির বিশেষত্ব আরও বাড়িয়েছে এর ইতিহাস। ম্যাচটির পুরো সময় একই বল ব্যবহৃত হয়েছিল বলে জানিয়েছেন ওই ম্যাচের তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের। এমনকি ম্যারাডোনার দুই ঐতিহাসিক গোলই এই বল দিয়ে করা হয়েছিল বলে প্রমাণ হিসেবে নিলামের সঙ্গে রেফারির স্বাক্ষরিত সত্যায়নপত্র এবং ফটোগ্রাফিক ফরেনসিক বিশ্লেষণও রয়েছে।

এর আগে ২০২২ সালেও একই বল নিলামে উঠেছিল। তখন এটি ২.৩৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়। এবার নতুন নিলামে সেই মূল্য কয়েক গুণ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুধু বলই নয়, ম্যারাডোনার ওই ম্যাচের স্মৃতিবিজড়িত জার্সিও ইতোমধ্যে রেকর্ড গড়েছে। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যবহৃত তার জার্সি বিক্রি হয়েছিল ৯.৩ মিলিয়ন ডলারে। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ‘হ্যান্ড অব গড’-এর বলটির সামনে।

ম্যারাডোনার সেই বিতর্কিত গোল ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। গোলটির পর তিনি বলেছিলেন, গোলটি হয়েছে ‘ম্যারাডোনার মাথা এবং ঈশ্বরের হাতের’ মাধ্যমে। পরবর্তীতে তিনি স্বীকার করেন যে বলটি হাতে লেগেই জালে গিয়েছিল।

ফুটবলপ্রেমীদের কাছে তাই এটি শুধুই একটি পুরোনো বল নয়—এটি বিশ্বকাপ ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্তের প্রত্যক্ষ স্মারক। আর সেই কারণেই নিলামে এর মূল্য ১২৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা।

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers