বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে চোটের হানা

ক্রীড়া ডেস্ক আগস্ট ৫, ২০২৬, ১৫:১২:২৮

158
  • বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে চোটের হানা

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই অস্বস্তিতে পড়েছে অস্ট্রেলিয়া। দলের উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস চোটের কারণে প্রথম টেস্ট খেলা অনিশ্চয়তার পর এবার অনুশীলনের সময় ডান পায়ের কাফে চোট পেয়েছেন অভিজ্ঞ পেসার মাইকেল নেসার।

যদিও নেসারকে বাংলাদেশ সিরিজের ১৩ সদস্যের দলে রাখা হয়নি। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড চোট কাটিয়ে ফেরায় দলে জায়গা হারান তিনি। তবুও চার মূল পেসারের কেউ চোটে পড়লে বিকল্প হিসেবে প্রস্তুত থাকতে পূর্ণোদ্যমে অনুশীলন করছিলেন।

তবে চলতি সপ্তাহে দৌড়ের অনুশীলনের সময় ডান কাফে টান লাগে নেসারের। অস্ট্রেলিয়ার মেডিক্যাল দলের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, তাকে অন্তত এক মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এরপর ধীরে ধীরে বোলিংয়ের চাপ বাড়ানো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে তার।

গত অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার অন্যতম নায়ক ছিলেন নেসার। কামিন্স ও হ্যাজলউডের অনুপস্থিতিতে পাঁচ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন তিনি। ব্রিসবেনে নিজের ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়ার পাশাপাশি মেলবোর্ন ও সিডনিতে দুটি চার উইকেটের ইনিংস খেলেন। তার বোলিং গড় ছিল ১৯.৯৩, যা সিরিজে অস্ট্রেলিয়ার ৪-১ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০২৪ সালের নভেম্বরে হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোট কাটিয়ে দারুণভাবে ফিরে আসেন নেসার। অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিও পান। সামনে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচির কথা মাথায় রেখে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও খেলতে যাননি, যাতে নিজেকে সতেজ রাখা যায়।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers