বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

ভবিষ্যৎ নিয়ে নেইমারের নতুন বার্তা

ক্রীড়া ডেস্ক আগস্ট ৫, ২০২৬, ১১:৩০:৪২

181
  • সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। সান্তোসে থাকা, নতুন কোনো ক্লাবে যোগ দেওয়া কিংবা অবসর—কোন পথে যাবেন, তা ঠিক করতে তিনি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন।

সোমবার সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি ডিসেম্বর পর্যন্ত রয়েছে এবং তিনি সেই চুক্তির প্রতি সম্মান দেখাতে চান।

নেইমার বলেন, তিনি এখনো জানেন না আর কতদিন ফুটবল চালিয়ে যেতে পারবেন। অবসরের বিষয়টি মাথায় না থাকলেও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নিতে চান তিনি। সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই ঠিক করবেন—ক্লাবে থাকবেন, নতুন কোথাও যাবেন, নাকি ফুটবলকে বিদায় জানাবেন।

তিনি আরও জানান, আপাতত ভবিষ্যতের চেয়ে বর্তমানেই মনোযোগ দিতে চান। তার ভাষায়, ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি। তাই আমি এক ম্যাচ করে এগোতে চাই। সবচেয়ে বড় বিষয় হলো, এখন আমি শারীরিকভাবে ভালো অনুভব করছি।

এদিকে আজ বেলেমে গিয়ে সান্তোস দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের। কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই দলটির। ম্যাচটির জন্য নিজেকে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

মজার ছলে সংবাদমাধ্যমকে নিয়েও মন্তব্য করেন নেইমার। তিনি বলেন, সান্তোসে কী হবে, সেটা খেলোয়াড় জানার আগেই সংবাদমাধ্যমে বেরিয়ে যায়। সাংবাদিকেরা তো আগেই লিখে ফেলেছেন আমি বেঞ্চে থাকব। তবে আমি কোচের জন্য শতভাগ প্রস্তুত। সুযোগ পেলে মাঠে নেমে দলকে সাহায্য করতে চাই।

এর আগে গত ২৯ জুলাই কোপা সুদামেরিকানার নকআউট প্লে-অফ শেষে বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। তখন তিনি বলেছিলেন, জাতীয় দলে আমার সময় শেষ হয়েছে। ইতিহাস গড়েছি, সুখী ছিলাম। নিজের জীবন, রক্ত সবই দিয়েছি। হলুদ জার্সিতে সব সময় লড়াই করেছি। কিন্তু এখন আর এসব চাই না।

তবে নেইমারের বাবা জানিয়েছেন, ছেলের ওই মন্তব্যকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক হবে না। তার মতে, এটি ছিল একটি কঠিন সময়ের আবেগের বহিঃপ্রকাশ। আগামী বিশ্বকাপ হতে এখনো চার বছর বাকি থাকায় এখনই ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers