শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

খেলা

পারেদেসের ‘লালকার্ড’ বাতিল করল ফিফা

ক্রীড়া ডেস্ক জুলাই ২২, ২০২৬, ১৪:২৩:২৭

136
  • সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে মেজাজ হারিয়ে ফেলেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে মাঠেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন আলবিসেলেস্তেরা। এই মারামারির ঘটনার প্রেক্ষিতে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে রেফারি লাল কার্ড দিয়েছেন বলে ছড়িয়ে পড়ে। তবে জানা গেছে, ফিফা সেই লাল কার্ড বাতিল করেছে। এখন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ব   ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

ফাইনাল শেষে কী ঘটেছিল?

নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের শিরোপা জয়ের উদযাপনের সময় দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছড়ায়। ঘটনাটির সূত্রপাত হয় যখন স্পেনের মিডফিল্ডার রদ্রি বেঞ্চ থেকে উঠে সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ দিতে যান। সেই সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। পরে স্পেনের এরিক গার্সিয়া সতীর্থকে সমর্থন করতে এগিয়ে এলে পারেদেসও সেখানে জড়িয়ে পড়েন। সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় দেখা যায়, পারেদেস যেন গার্সিয়ার গলায় আঘাত করার চেষ্টা করছেন। এর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্পেনের গাভি পরিস্থিতি সামলাতে এগিয়ে এলে তাঁকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। পরে পারেদেসকে গাভির মুখে ধাক্কা দিতেও দেখা যায়। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও ঘটনাস্থলে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।

লালকার্ডের খবর ভুল ছিল

ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকারেরা জানান, পারেদেসকে লালকার্ড দেখানো হয়েছে। কিন্তু পরে বিবিসি-র এক প্রতিবেদনে জানানো হয়, ফিফার সরকারি ম্যাচ-রেকর্ডে ভুলবশত সেই তথ্য যোগ করা হয়েছিল। FIFA-ও পরে নিশ্চিত করে যে, সেই সময় পারেদেসের বিরুদ্ধে কোনও লালকার্ড বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ ম্যাচের পর তাঁকে লালকার্ড দেখানোর খবরটি ভুল ছিল।

তবে এখানেই বিষয়টি শেষ হচ্ছে না। পুরো ঘটনার তদন্তের জন্য ফিফা একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে। পাশাপাশি একজন তদন্তকারীও নিয়োগ করা হয়েছে।

বিশ্বকাপে লাল কার্ড বাতিলের অতীত বিতর্ক

তথ্যগত ভুলের কারণে এবার পারেদেসের ক্ষেত্রে ঝামেলা না হলেও, টুর্নামেন্টের শুরুতে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিলের ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধের পর ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো শাস্তিটি পুনর্বিবেচনা ও স্থগিত করেছিলেন, যার ফলে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে পেরেছিলেন বালোগান।

শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা?

ফিফা র শৃঙ্খলাবিধি অনুযায়ী, মাঠে খারাপ আচরণ, ক্রীড়াসুলভ আচরণবিরোধী কাজ বা ফুটবলের ভাবমূর্তি নষ্ট করে এমন ঘটনার জন্য শাস্তি দেওয়া যেতে পারে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে ফুটবলার বা কোচদের নির্বাসনের মুখে পড়তে হতে পারে। শুধু তা-ই নয়, আর্জেন্টিনা ফুটবল সংস্থাকেও জরিমানা করা হতে পারে। এ ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার ফুটবলাররা ফকল্যান্ড নিয়ে একটি ব্যানার প্রদর্শন করেছিলেন, যা ফিফার নজরে এসেছে। সেই ব্যানারে রাজনৈতিক বার্তা ছিল। অতীতেও একই ধরনের ঘটনার জেরে আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে জরিমানা করা হয়েছিল। তাই এ বারও বিষয়টি খতিয়ে দেখতে পারে ফিফা।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers