শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

খেলা

বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প-মামদানি

ক্রীড়া ডেস্ক জুলাই ১৮, ২০২৬, ১৭:৩৯:৪৯

129
  • বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প-মামদানি

ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে বসে দেখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে তাদের দু’জনের মধ্যে কোন সাক্ষাতের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আমরা সবাই রোববারের ফাইনাল ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রেসিডেন্ট ট্রাম্পও এই দ্বৈরথটি সরাসরি মাঠে বসে দেখতে মুখিয়ে আছেন। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারের বিশ্বকাপটিই ‘সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল’ হিসেবে রূপ নিয়েছে। ফাইনাল ম্যাচে প্রেসিডেন্টের উপস্থিতি এই সফল আয়োজনের এক জাঁকজমকপূর্ণ সমাপ্তি টানবে বলে তিনি মন্তব্য করেন।

গত মাসেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো নিশ্চিত করেছিলেন, এবার বিশ্বচ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প নিজেই। ইনফান্তিনো বলেছিলেন, ‘আমরা প্রেসিডেন্টের সঙ্গেই থাকব, ফাইনাল উপভোগ করব এবং যৌথভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব। আমরা সবসময় একসঙ্গেই আছি।’

প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্পেনের প্রধানমন্ত্রীর মতো বিশ্বনেতাদের উপস্থিতির কারণে ফাইনাল ম্যাচটিকে ফেডারেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘লেভেল ওয়ান স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। 

এখনও ট্রাম্পকে বিশ্বকাপ খেলা দেখতে মাঠে দেখা যায়নি। তবে নিউ জার্সিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচেই মাঠে ছিলেন মামদানি। নিজেকে আর্সেনালের কট্টর সমর্থক ও ‘ফুটবল পাগল’ দাবি করা এই রাজনীতিক মেয়র নির্বাচনের আগেও ব্রুকলিনে নিয়মিত ফুটবল খেলতেন।

ফাইনালে ট্রাম্প কিংবা মামদানি—কে কোন পক্ষ নিচ্ছেন, তা এখনো রহস্যই বটে। সম্প্রতি স্পেনের সমালোচনা করায় ট্রাম্প এবার আর্জেন্টিনাকে সমর্থন করছেন কিনা—জানতে চাইলে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি লেভিট মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই।

স্পেন বনাম আর্জেন্টিনার মধ্যকার ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করা থেকে বিরত থেকেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সিটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মজা করে বলেন, আমি যাদের সমর্থন করি তারা সবাই হেরে যায়।

কোনো দলের পক্ষ না নিলেও লিওনেল মেসি এবং স্পেনের লামিন ইয়ামালের মধ্যকার চমকপ্রদ গল্পের কথা তুলে ধরেন তিনি। এ সময় মেসি কর্তৃক শিশু ইয়ামালকে গোসল করানোর সেই বহুল আলোচিত ছবিটির কথাও স্মরণ করেন মেয়র। চলমান এই আসরকে একটি অবিশ্বাস্য বিশ্বকাপ আখ্যা দিয়ে তিনি জানান, রোববার নিউইয়র্ক-নিউজার্সি এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া দুই দলের মধ্যকার একটি চমৎকার লড়াই দেখার অপেক্ষাতেই আছেন তিনি।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers