বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

খেলা

আমাদের সঙ্গে অন্যায় হয়েছে: মিসর কোচ

ক্রীড়া ডেস্ক জুলাই ৮, ২০২৬, ১১:৪৩:১৭

111
  • সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে শেষ ১১ মিনিটে দুই গোল হজম করে  নাটকীয়ভাবে হেরে বিদায় নিতে হয়েছে মিসরকে। তবে এমন হার কোনভাবেই মানতে পারছেন না দলটির কোচ হোসাম হাসান। তার অভিযোগ, রেফারিংয়ের একাধিক সিদ্ধান্তে অন্যায়ের শিকার হয়েছে মিশর, এমনকি ম্যাচের আগেই আর্জেন্টিনার পক্ষে পরিবেশ তৈরি করা হয়েছিল।

আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার  ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। ম্যাচের ৭৯ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে ব্যবধান কমানোর পর ৮৩ মিনিটে সমতা ফেরান লিওনেল মেসি। পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে গোল পেয়েছিল মিসর। তবে তাদের পাল্টা আক্রমণ সাজানোর শুরুতেই ফাউল হওয়ায় ভিএআর দেখে সেটি বাতিল করে দেন রেফারি। এছাড়া ম্যাচের ২০ মিনিটে ডি বক্সে ফাউল করায় আর্জেন্টিনাকে দেওয়া হয় পেনাল্টি। এসব সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছেন না হোসাম হাসান, ‘এই ফল আমি মেনে নিতে পারছি না। ম্যাচ যেভাবে এগিয়েছে, সেটাও মেনে নিতে পারছি না। সুন্দর সুন্দর কথা বলে 'হার্ড লাক' বলতে চাই না। আজ আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আমরা অবিচারের শিকার হয়েছি।’

এদিকে যোগ করা সময়ের শেষ দিকে আর্জেন্টিনার পেনাল্টি বক্সে মোহামেদ সালাহ পড়ে গেলেও সেটি ভিএআরে দেখা হয়নি। আর এর আগে ভিএআর দেখে বাতিল হয় তাদের গোল। এই দুটি সিদ্ধান্ত নিয়েই সবচেয়ে বেশি আপত্তি মিসর শিবিরের।

হোসাম হাসান জানান, ম্যাচের আগেই ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিল মিসর। যদিও ঠিক কী কারণে সেই আপত্তি, তা স্পষ্ট করেননি তিনি। অতিরিক্ত সময়ের নবম মিনিটে ভিএআর না দেখার প্রতিবাদ করায় হলুদ কার্ডও দেখেন মিসর কোচ। রেফারির সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে ওই মুহূর্তের বর্ণনা দেন হোসাম হাসান, ‘আমি শুধু বলেছিলাম, এটা অন্যায়। হয়তো তার ভেতরে কোনো ক্ষত আছে। হয়তো এমন কিছু আছে, যা তিনি লুকাতে চাইছেন। কিন্তু অনেক সময় মানুষ যা লুকাতে চায়, সেটাই সবচেয়ে বেশি প্রকাশ পেয়ে যায়।’

তার দাবি, ম্যাচে রেফারির ওপর আর্জেন্টিনার প্রভাবও ছিল, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা সব দিক থেকেই ভালো খেলেছি। শুধু ফলটা আমাদের পক্ষে আসেনি। মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং ম্যাচের আগের কিছু বিষয় এই ফল নির্ধারণ করেছে। মনে হয়েছে, আর্জেন্টিনার পক্ষ থেকে রেফারির ওপর চাপ ছিল।’

হারের হতাশা থেকে ২০২৬ বিশ্বকাপের আর কোনো ম্যাচই দেখবেন না বলেও জানান মিসর কোচ, ‘স্বাভাবিক জীবন অন্যায্য হতে পারে। কিন্তু খেলাধুলায়ও কেন ন্যায্যতা থাকবে না?’

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers