বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা

‘জোড়াতালি দিয়ে আর বিপিএল নয়’

ক্রীড়া ডেস্ক মে ৭, ২০২৬, ২০:৫৪:০১

177
  • ‘জোড়াতালি দিয়ে আর বিপিএল নয়’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রায় প্রতি আসরিই মাঠের চেয়ে মাঠের বাইরের নানা কাণ্ডে আলোচিত হয়। প্রতিবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা নানা প্রতিশ্রুতি দেন এ অবস্থা থেকে বের হতে। কিন্তু এখন পর্যন্ত তেমন দৃশ্যমান কিছু হয়নি। তবে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যোগ্য ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল আয়োজন করা হবে না।

সবশেষ দুই বিপিএল আসর ঘিরে জলঘোলা কম হয়নি। বিশেষ করে গেল ২০২৫ সালে ফিক্সিং ইস্যু এবং পেমেন্ট ইস্যু নিয়ে আলোচনা ছিল বেশি। সর্বশেষ আসরেও ছিল দল নিয়ে সমালোচনাসহ নানা অব্যবস্থাপনা। বর্তমান সভাপতি তামিম ইকবাল জানালেন জোড়াতালি দিয়ে বিপিএল না করার কথা, ‘আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।’

তামিম আরও বলেন, ‘আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম।’

দ্বাদশ বিপিএলে বিসিবির মোট লোকসান ১৪ থেকে ১৬ কোটি টাকা, যার বড় অংশই চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজিকে বিসিবি টেকওভার করার কারণে সৃষ্টি হয়েছে। তামিম মনে করেন এভাবে আর চলতে পারে না, ‘এভাবে কয়দিন? আমরা একটা টুর্নামেন্টে নিজেদের ভুলের কারণে এত টাকা লস করছি, এটা মেনে নেয়া যায় না।’

বিপিএলের মান ফেরাতে তামিম নানামুখী উদ্যোগের কথা বললেন, ‘আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো বড় বড় কর্পোরেটদের কাছে যাওয়া, তাদেরকে কনভিন্স করা যেন তারা এই প্রোডাক্টে ইনভেস্ট করে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আমি কোনো ব্যাংকের কাছে গিয়ে বললেই তারা ফ্র্যাঞ্চাইজি কিনবে। তবে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে তাদের ইনভেস্টমেন্টটা তাদের কাছে ভ্যালুয়েবল মনে হবে। এজন্য যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার, সেটা সবাইকে মিলে নিতে হবে।’

দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশী প্রতিষ্ঠিত বিনিয়োগকারীদের আনার ওপর জোর দেন তামিম, ‘আইপিএল, পিএসএল বা সিপিএলে যারা সফল ফ্র্যাঞ্চাইজি চালাচ্ছে, তাদেরকে বাংলাদেশে আনতে পারলে লিগের মান আপনা-আপনি বাড়বে। বিপিএল ইকোনমিক্যালি অন্য অনেক লিগের চেয়ে সস্তা, এটা একটা বড় সুযোগ। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই নীতিটা আমরা কোনো দিন মেইনটেইনই করতে পারিনি। আইপিএলে চাইলেই যে কেউ টিম কিনতে পারে না। কিন্তু বাংলাদেশে কালকে ঘুম থেকে উঠেও বিপিএল টিম কেনা সম্ভব। এই সংস্কৃতি পাল্টাতে হবে।’

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers