বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা

টেস্ট শ্রেষ্ঠত্বের আসরে মাঝামাঝি অবস্থানে উঠতে চান শান্ত

ক্রীড়া ডেস্ক মে ৭, ২০২৬, ১৯:৪৭:৩৭

163
  • টেস্ট শ্রেষ্ঠত্বের আসরে মাঝামাঝি অবস্থানে উঠতে চান শান্ত

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পথচলা ২৫ বছরেরও বেশি সময় পার হয়েছে। তবে এখনও দলটি এ ফরম্যাটে নিজেদের ঠিক মানিয়ে নিতে পারেনি। যদিও গত কয়েকবছর পারফরম্যান্সে কিছুটা হলেও টাইগারদের হয়েছে উন্নতি। যে স্বাক্ষ্য দিচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলও। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চাইছেন টেস্ট শ্রেষ্ঠত্বের আসরের বর্তমান চক্রে পয়েন্ট তালিকায় মাঝামাঝি অবস্থানে উঠে আসতে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে কোনো টেস্টই জিততে পারেনি বাংলাদেশ। অবস্থান ছিল সেবার ৯ দলের মধ্যে নবম। পরেরবারও অবস্থান বদলায়নি, তবে একটি টেস্টে জয়ের স্বাদ মিলেছিল। পয়েন্ট টেবিলে উন্নতি হয় গত চক্রে। সেবার চার টেস্ট জিতে সাত নম্বরে থেকে শেষ করেছিলেন শান্তরা। বর্তমান চক্রে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ ড্র করেছে একটি, হেরেছে বাকিটিতে। প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে তারা পাকিস্তানের বিপক্ষে। দুই ম্যাচের সিরিজটি শুরু শুক্রবার।

মিরপুরে ম্যাচ শুরুর আগের দিন শান্ত বলেন, ‘গত দুই বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি। আগেরবার আমরা সাত নম্বারে শেষ করেছি। আমার মনে হয় এটা ভালো একটা অর্জন। আস্তে আস্তে এই জায়গাটাতে উন্নতি হচ্ছে, যেটা এর আগের চক্রগুলোতে হয়নি। এ বছর লক্ষ্য থাকবে, আর একটু যদি ভালো পারফর্ম করতে পারি, চার-পাঁচ এরকমই যদি শেষ করতে পারি, খুবই ভালো লাগবে।’

শান্ত লক্ষ্য পূরণ করতে হলে দিতে হবে কঠিন পরীক্ষা। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার তাদের রয়েছে কয়েকটি বিদেশ সফর। এই বছরই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় সফর আছে বাংলাদেশের। সামনের সেই চ্যালেঞ্জের কথা জানেন অধিনায়ক। তবে সেই চ্যালেঞ্জের জবাব দিতে নিজ দলকে এখন আগের চেয়ে উপযোগী মনে করেন তিনি, ‘চ্যালেঞ্জ আছে। বেশ কিছু সফর আছে যেটা আমাদের জন্য একদমই নতুন হবে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা (সফর) আছে। তবে আমার মনে হয়, যে সিরিজগুলো আমাদের ঘরের মাঠে খেলব এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা ওই ধরনের কন্ডিশন তৈরি করার চেষ্টা করব, বিশেষ করে উইকেটের ক্ষেত্রে।’

শান্ত আরও বলেন, ‘এখন যেটা বললাম যে, দলটা খুব ব্যাল্যান্সড আছে, পেস বোলিং স্পিন বোলিং এবং ব্যাটসম্যান, সব মিলিয়ে। এই জায়গাটা থেকে আমাদের জন্য খুবই সহজ আমরা আসলে কী ধরনের উইকেট বা কি ধরণের কন্ডিশনে খেললে ভালো।’

পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ২০২৪ সালে তাদের মাঠেই ২-০ ব্যবধানে জিতে এসেছিল বাংলাদেশ। সেই সাফল্যকে এবার কিছুটা প্রেরণা মানছেন শান্ত। তবে নতুন সিরিজে নতুনভাবেই মাঠে নামতে হবে, মনে করিয়ে দিলেন তিনি, ‘গত সিরিজটায় আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। তবে সেটা অতীত হয়ে গেছে। ওই সিরিজটা অবশ্যই আমাদেরকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এই সিরিজে আমাদেরকে আবার ভালো ক্রিকেট খেলতে হবে। প্রত্যেকটা দিন আগের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে। তাহলেই হয়তো ফল আমাদের পক্ষে আসবে। রেকর্ড নিয়ে আমরা খুব বেশি চিন্তা করছি না। আমার মনে হয় যে প্রত্যেকটা দিন ভালো ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ।’

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers