মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

খেলা

সাফের হ্যাটট্রিক শিরোপা মিশনে দল ঘোষণা বাংলাদেশের, বাদ স্বপ্না ও মুনকিক

ক্রীড়া ডেস্ক মে ৬, ২০২৬, ২০:৫১:৫৯

110
  • সাফের হ্যাটট্রিক শিরোপা মিশনে দল ঘোষণা বাংলাদেশের, বাদ স্বপ্না ও মুনকিক

সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনের জন্য বুধবার (৬ মে) ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে হতাশাজনক পারফরম্যান্স আর শৃঙ্খলা ভঙ্গের জন্য বাদ পড়েছেন নিয়মিত দুই মুখ স্বপ্না রানী ও মুনকি আক্তার।

আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপ। এ টুর্নামেন্টে টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছে লাল-সবুজের মেয়েরা। সেখানে ১৫ দিন ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ২১ মে দল যাবে গোয়া।

থাইল্যান্ড যাওয়ার আগে বাফুফে ভবনে বুধবার সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার সাফে হ্যাটট্রিক শিরোপা নিয়ে দেশে ফেরার আশাবাদ জানান। তবে কাজটা যে কঠিন, তা তাঁরা জানেন। বারবার সেটা তাঁদের কথায়ও এসেছে।

২০২৪ সালে কাঠমান্ডু সাফের শিরোপা ধরে রাখা বাংলাদেশের ২৩ জনের দল থেকে এবার নেই ১০ জনই। কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের কারণে অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদারা আগে থেকেই আলোচনার বাইরে ছিলেন। তবে স্বপ্না রানী ও মুনকি আক্তারের বাদ পড়াটা নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত দুটি সাফ জয়ী দলের সদস্য স্বপ্না ও জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠা মুনকিকে শুধু বাদই দেননি কোচ, তাঁদের নিয়ে বাটলার রীতিমতো বিস্ফোরক মন্তব্যও করেছেন।

বাটলার বলেন, ‘স্বপ্না আর মুনকির পারফরম্যান্স খুবই খারাপ। ওরা প্রত্যাশিত পর্যায়ে পারফর্ম করতে পারেনি, কথা শোনেনি এবং আশা করি একদিন তাদের বোধোদয় হবে। আশা করি একদিন ওরা বুঝতে পারবে যে আমি ওদের উপকারই করছি। তাই ওদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। ওরা দলের সাথে অনুশীলন করছে না, এমনকি তারা অনুশীলন গ্রুপের সাথেও নেই।’

সাফের ২৩ জনের চূড়ান্ত দলে প্রথমবার সুযোগ পেয়েছেন স্বর্ণা রানী, হালিমা খাতুন, সুরমা জান্নাত, সুরভী আকন্দ প্রীতি, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন ও উমেহ্লা মারমা। এর মধ্যে অর্পিতা ও মোমিতা প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে চোটের কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার নবীরন খাতুন।

দলের প্রস্তুতি নিয়ে কোচ বাটলার বলেন , ‘আমাদের প্রস্তুতি এখনও শেষ হয়নি। আমি বিষয়টাকে এভাবে দেখি যে, ফুটবল হলো একটি নিরন্তর শেখার প্রক্রিয়া। আমি শৃঙ্খলা চাই। আমি চাই সব কাজ সঠিকভাবে হোক। আমি সততার সাথে বিশ্বাস করি যে, গত দুই বছরে মেয়েরা অনেক উন্নতি করেছে। আমরা একটি সুন্দর ধাঁচের ফুটবল খেলি। আমি সবসময়ই বলি যে, আমরা সিনিয়র পুরুষ জাতীয় দলের চেয়েও ভালো ফুটবল খেলি।’

 

২৩ সদস্যের স্কোয়াড:

রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানী সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র।

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers