রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ , ১৯ রমজান ১৪৪৭

খেলা

আইসিসির কাছে ভারতকে নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দাবি

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ৯, ২০২৬, ২১:৩১:২৮

150
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত এবং সেখান থেকে সরে এসে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে এবার আইসিসির সঙ্গে বিসিবি ও পিসিবির বৈঠকের পর সেই বিরোধের সমাধানের পথ খুলতে যাচ্ছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না খেলার যে প্রকাশ্য অবস্থান নিয়েছিল, সেখান থেকে তারা পিছু হটতে পারে—এমন সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। গত রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি ও বিসিবির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আইসিসি প্রতিনিধিদের দীর্ঘ এক ত্রিপক্ষীয় বৈঠক হয়। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছেছে এবং তিনি এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবেন বলে ধারণা করা হচ্ছে।

ইঙ্গিত মিলছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে একটি বৈঠক হতে পারে। এরপর দিনশেষের আগেই আইসিসি অথবা পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার আর এক সপ্তাহও বাকি নেই। ফলে ঘোষণা দিতে দেরি হলে উভয়পক্ষের জন্য তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ ভক্ত ও সংশ্লিষ্ট সবাইকে কলম্বো যাওয়ার প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। ম্যাচটি সেখানে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা।

জানা গেছে, আইসিসি এই অবস্থানে অনড় যে পাকিস্তানের কোনো দাবিই করার মতো ভিত্তি নেই। বরং সদস্য অংশগ্রহণ চুক্তি (এমপিএ) এবং ডিসেম্বর ২০২৪-এ স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তানের খেলা উচিত। ওই চুক্তিতে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের জন্য হাইব্রিড মডেলের প্রস্তাব ছিল।

গণমাধ্যমে যে দাবিগুলো নিয়ে জল্পনা চলছে, তার কিছু সত্য হতে পারে। এর মধ্যে রয়েছে—পিসিবি শুধু নিজেদের জন্য নয়, বাংলাদেশের ক্ষেত্রেও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ পুনর্বহালের দাবি তুলেছিল। আরও এক ধাপ এগিয়ে পিসিবি ও বিসিবি নাকি ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাবও দিয়েছে।

পিসিবি ও বিসিবির কতগুলো দাবি মানা হচ্ছে, তা স্পষ্ট নয়। তবে আইসিসি ভারতের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজের নিশ্চয়তা দিতে পারে না। এটি পুরোপুরি নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তের ওপর। সংস্থাটি ভারতের সরকারের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশের সঙ্গে ভারতের একটি দ্বিপক্ষীয় সিরিজ আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের কারণে সেই সিরিজ নিয়েও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

ক্রিকবাজ জানিয়েছে, পিসিবি এবং বিসিবির বেশকিছু দাবি অবশ্যই পূরণের প্রতিশ্রুতি দেয়া হবে। শেষ পর্যন্ত যদি এই জটিল সমস্যার সমাধান হয়, তা হলে সেটি হবে বিশ্ব সংস্থাটির সদিচ্ছা ও সব পক্ষের সঙ্গে, বিশেষ করে বিসিবির সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার ফল।

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা গতকাল লাহোরে উপস্থিত হয়েছিলেন এবং ইঙ্গিত পাওয়া গেছে যে সংযুক্ত আরব আমিরাতের বোর্ড পরিচালক মুবাশির উসমানিও (অনলাইনে) আলোচনায় যুক্ত ছিলেন। তবে বেশিরভাগ কাজই হয়েছে দুবাই ও মুম্বাইয়ে পর্দার আড়ালে, যেখানে আইসিসি কর্মকর্তারা এই ইস্যু এবং চলমান বিশ্বকাপ নিয়ে নিরলসভাবে কাজ করছেন বলে জানা গেছে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন